অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়...

কবিতার ধ্বনিতে সাম্প্রদায়িকতার পিঠে চাবুকাঘাত। তরুণ কণ্ঠে অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়। ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর উদ্যোগে ২ জানুয়ারি নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হলো আবৃত্তি সন্ধ্যা।
‘বাংলার মাটি দুর্জয় ঘাঁটি’ শিরোনামের এ আয়োজনের শুরুতে ছিল আলোচনা পর্ব। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম রহমান। অতিথি ছিলেন সাংবাদিক রাশেদ রউফ ও আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। সভা শেষে শুরু হয় আবৃত্তি। শুরুতেই লুৎফর রহমান রচিত ‘খিদে’ শিরোনামের বৃন্দ আবৃত্তির পরিবেশনা নিয়ে মঞ্চে আসে ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠীর শিল্পীরা। এরপর চলে একক আবৃত্তি। একে একে আবৃত্তি পরিবেশন করেন ফাল্গুনী ঘোষ, উর্মি দেব, কংকন দাশ, প্রণব চৌধুরী, মশরুর হোসেন, মিশফাক রাসেল, দিলরুবা খানম, তাসকিয়াতুন নূর, বাপ্পি হায়দার, ইউসুফ হাসান, মুজাহিদুল ইসলাম, এহতেশামুল হক, ফরিদ উদ্দিন মোহাম্মদ, ওমর ফারুক ও জাহানারা বেগম। একক আবৃত্তির ফাঁকে চলে বৃন্দ পরিবেশনা। তারুণ্যের উচ্ছ্বাসের সদস্যদের ‘মশালের লাল ঐ জ্বলছে’, শব্দনোঙ্গরের ‘শুনো আহ্বান’ ও প্রমার সদস্যদের ‘চিরকালের প্রমিথিউস’ দর্শকদের প্রশংসা কুড়ায়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুজন চৌধুরী, ফাল্গুনী ঘোষ ও সৌমেন চৌধুরী।