মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে নগরসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। এসব কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আলোচনা সভায় বক্তারা বায়ান্নর ভাষা আন্দোলনের চেতনার আলোকে সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।চট্টগ্রাম কলেজ: চট্টগ্রাম কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা প্রভাতফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহীদ মিনারের পাশে লিচুতলায় আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ইংরেজি বিভাগের প্রধান শাশ্বতী দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অধ্যক্ষ শেখর দস্তিদার, উপাধ্যক্ষ রওশন আরা বেগমসহ মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ নুরুল বাশার, শিক্ষক ক্লাব সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও শিক্ষার্থীদের পক্ষে আবদুল আজিজ মোহাম্মদ শোয়াইব। অনুষ্ঠান সঞ্চালন করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিম খলিল। শিক্ষক জয়প্রকাশ দে ও পলাশ কুমার সরকারের তত্ত্বাবধানে কলেজের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।বাউবি বিবিএ স্টুডেন্টস ফোরাম: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থীদের সংগঠন ‘বিবিএ স্টুডেন্টস ফোরাম’ ২১ ফেব্রুয়ারি সরকারি সিটি কলেজ ক্যাম্পাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে। তারা কলেজের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে আলোচনা সভায় অংশ নেন ফোরামের সমন্বয়কারী বশির আহমদ, আবদুর রহমান, মাহতাব উদ্দিন, জাফর আহমেদ, মুহাম্মদ সাইফুল্লাহ চৌধুরী, মো. নুরুল হক, এ কে আজাদ, সুমাইয়া খন্দকার প্রমুখ।কাপ্তাই: নানা কর্মসূচির মধ্য দিয়ে কাপ্তাই উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। ২১ ফেব্রুয়ারি স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এ ছাড়া, বিভিন্ন সংগঠন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক মঞ্চায়ন, ফুটবল খেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করে। —কাপ্তাই প্রতিনিধিশিশু একাডেমী: মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিশু একাডেমীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল চিত্রাঙ্কন, আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা। এসব প্রতিযোগিতায় ৩০০ শিক্ষার্থী অংশ নেয়। প্রধান অতিথি ছিলেন শহীদজায়া বেগম মুশতারী শফী। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) রাব্বী মিয়া। স্বাগত বক্তব্য দেন শিশু একাডেমীর চট্টগ্রামের জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এম আবদুস সালাম। বিজ্ঞপ্তি।