
বিভিন্ন স্থানে নানা আয়োজনে গত বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠান। সভায় বক্তারা ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক সমাজ গঠনের আহ্বান জানান।
চকরিয়া: কক্সবাজারের চকরিয়া জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ ও নিত্যানন্দ গীতা সংঘের যৌথ উদ্যোগে চকরিয়া সর্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার আগে উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক তেজেন্দ্র লাল দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চিরিঙ্গা হিন্দুপাড়া যুবকল্যাণ সমিতির সভাপতি ধনরঞ্জন দাশ, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি মুকুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশ, নিত্যানন্দ গীতা সংঘের সভাপতি শ্রীদুল রঞ্জন দাশ ও চকরিয়া জুয়েলারি সমিতির সাংগঠনিক সম্পাদক নেপাল দে।
বক্তারা বলেন, যারা ধর্মের নামে নিরীহ মানুষ হত্যায় মেতেছে, তাদের কোনো ধর্ম নেই। অসাম্প্রদায়িক দেশ গড়তে দলমত-নির্বিশেষে সরকারকে সহযোগিতা দিতে হবে।
এদিকে জন্মাষ্টমী উপলক্ষে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত হরি মন্দির প্রাঙ্গণে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের সহযোগিতায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসাশিবির অনুষ্ঠিত হয়।
ফেনী: ফেনী ও সোনাগাজীতে সভা ও মঙ্গল শোভাযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদ্যাপিত হয়েছে। সকালে ফেনীর ট্রাংক রোডের শহীদ মিনার চত্বরে জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের আয়োজনে আলোচনা সভা শেষে শোভাযাত্রা বের করা হয়। বিকেলে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে জয়কালী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে শহীদ মিনার চত্বরের সভায় সভাপতিত্ব করেন জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি দিলীপ সাহা ও জয়কালী মন্দির প্রাঙ্গণের সভায় সভাপতিত্ব করেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাজীব খগেশ দত্ত। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান, পুলিশ সুপার মো. রেজাউল হক ও ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান।
এ ছাড়া সোনাগাজী উপজেলা পূজা উদ্যাপন পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে জগদীশ চন্দ্র শীলের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বক্তব্য দেন পৌর মেয়র রফিকুল ইসলাম, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল প্রমুখ।
বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। একাত্তর ও তার পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পর সেই অপশক্তি আবারও তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাই একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ভেদাভেদ ভুলে একযোগে কাজ করতে হবে।