লাল আকাশটা পেছনে ফেলে আটলান্টিকের বুকে ডুবে যাচ্ছে সূর্য। ঝুপ করে একরাশ বিষণ্নতা এসে ভর করে। কী মনে করে আমি ফিরে আসি অফিসে। সুনসান নীরবতা। বিশাল সেব্রোকো ক্যাম্পাস যেন এক পোড়োবাড়ি। গাড়ি থেকে নেমে হাঁটছি মূল ভবনের দিকে। কেউ একজন আমার নাম ধরে ডাকছে। পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা সুবিশাল শিমুলগাছের আড়াল থেকে শব্দটা আসছে। কিছুক্ষণ পর বেরিয়ে আসে বিজয়ের পরিপাটি মাথা। বিজয়রত্নম রাজারত্নম, আমাদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি শাখার প্রধান। ভদ্রলোকের বাড়ি শ্রীলঙ্কায়। এগিয়ে এসে হ্যান্ডশেক করেন। ‘হেই ম্যান, সাড়ে সাতটা বাজে। বউ নেই বলে বুঝি বাড়ি যেতে ইচ্ছে করে না?’ আমি ওর কথার জবাব না দিয়ে বলি, আমার ল্যাপটপটা খুব ভারী, ওটা বদলে হালকা-পাতলা একটা দেওয়া যায়? ও বলল, ‘ই-মেইলে বারকোড নম্বরটা পাঠিয়ে দিয়ো, দেখি কী করা যায়।’তিন দিন হয়ে গেল। বিজয় ই-মেইলের কোনো জবাব দিচ্ছে না। আজকাল দুপুরে খেতেও বাড়ি যাই না। আফ্রিকান কাজের মেয়ে কী ছাইপাশ রান্না করে! ক্যানটিনেই দুটো মুখে দিয়ে অফিসে এসে বসে থাকি, বন্ধুদের ই-মেইল পাঠাই, ফোন করি, কিছু লেখালেখির চেষ্টা করি। মেইল-বক্স খুলে দেখি এক অচেনা প্রেরকের মেইল, বিষয়: ল্যাপটপ সংগ্রহ। মেইলটা পড়তে শুরু করি। ‘আপনার জন্য একটি নতুন ল্যাপটপ তৈরি আছে। তথ্যপ্রযুক্তি শাখার ওয়্যারহাউসে এসে সেটি সংগ্রহ করার জন্য অনুরোধ করছি।’ আমাদের সদর দপ্তর সেব্রোকো থেকে ওয়্যারহাউস পনেরো কিলোমিটার দূরে। খুব আলসেমি লাগছে। আমার সহকারী এমেকে বলি, ‘তুমি আমার হয়ে ল্যাপটপটা সংগ্রহ করতে পারবে?’ ওর সাফ জবাব, ‘আমাকে দেবে না।’ আমি নিজেও জানি, ওকে দেবে না। কারণ, আমাকে অনেকগুলো কাগজে সই করতে হবে। যদিও ই-মেইলে লেখা আছে ‘ল্যাপটপ তৈরি’, আমি ভালো করেই জানি, কমপক্ষে দুই ঘণ্টা লাগবে ওটা পেতে।অনেকগুলো লাল বাতির চোখরাঙানি, অনেক সবুজ বাতির অভিবাদন পেরিয়ে কুমাসি ওয়্যারহাউসে পৌঁছে গেলাম। ওয়্যারহাউসের কাঠ-কাচের সুবিশাল দেয়ালের চৌকোনা কাটা অংশ দিয়ে মাথা বের করে এক কৃষ্ণকায় যুবক ব্রিটিশ উচ্চারণে বলল, ‘জনাব কাজী, আপনার জন্য সকাল থেকে অপেক্ষা করছি। আমি আপনাকে সবচেয়ে লেটেস্ট মডেলের একটি আইবিএম ল্যাপটপ দিয়েছি। সব প্রোগ্রাম আপলোড করে রেখেছি।’ বলতে বলতে সে ওয়্যারহাউসের গুদামঘরে ঢুকে গেল। একটি খাকি কার্টন পাঁজাকোলা করে ধরে ফিরে এল। কতগুলো কাগজ বাড়িয়ে দিয়ে বলল, ‘আপনাকে কিছুই লিখতে হবে না, শুধু সই করে দিন, আপনার নাম-ঠিকানা আমি লিখে নেব।’ হঠাত্ মনে হলো, ওয়্যারহাউসেই যখন এসেছি, একটি ফ্ল্যাশ ড্রাইভ চাইব কি না। অনেক দিন ধরেই একটি বাড়তি ফ্ল্যাশ ড্রাইভের প্রয়োজনীয়তা উপলব্ধি করছিলাম। কিন্তু এও জানি, এই ছেলে মুখের ওপর ‘না’ বলে দিতে পারে; কারণ অনুমোদনের এক লম্বা প্রক্রিয়া আছে। আমাকে অবাক করে দিয়ে যুবক আরও একটি কাগজ বাড়িয়ে দিয়ে বলল, ‘এখানে সই করে দিন, ফ্ল্যাশ ড্রাইভ দিয়ে দিচ্ছি, অনুমোদনটা আমি পরে নিয়ে নেব।’ ‘যদি অনুমোদন না পাও?’ আমার প্রশ্নে ও হা-হা করে হেসে উঠল; বলল, ‘সে ক্ষেত্রে আমাকে একটু ঝামেলা পোহাতে হবে বৈকি। তবে আপনার জন্য এটুকু ঝামেলা পোহাতে আমার কোনো আপত্তি নেই। স্যার, আমার নাম পেপি, আমি জাতিসংঘের একজন স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক দিবসের(ইউএনভি) জন্য আপনি যে বাণী দিয়েছেন, সেটা অনুষ্ঠানের দিন পড়ে শুনিয়েছিল আমাদের প্রশাসনিক কর্মকর্তা মিশেল। এত সুন্দর কথা যে মানুষ লিখতে পারেন, তাঁর জন্য এটুকু করব না!’ এরপর পেপি তার একজন সহকারীকে ডেকে বলল, ‘বাক্সটা স্যারের গাড়িতে তুলে দিয়ে এসো।’ ১০ মিনিটে কাজ শেষ, সঙ্গে বাড়তি পাওনা একটি ফ্ল্যাশ ড্রাইভ। ফেরার পথে স্টিয়ারিং থেকে হাত তুলে আমি বারবার চোখ মুছি। এ কান্না আনন্দের। ছেলেবেলায় পড়েছিলাম—অসির চেয়ে মসি বড়। আমি তৃতীয় বিশ্বের এক সামান্য লেখক। স্বেচ্ছাসেবক দিবসে কী সব দু-কথা লিখেছি, তা দিয়ে জয় করে ফেললাম ভিনদেশি এক যুবকের মন! মারণাস্ত্রের চেয়ে কলম বড়। এ কথা তাহলে ঠিক? কাজী জহিরুল ইসলামজাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা