অসীমের সাম্পানযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী অসীম রায়ের প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শকেরা l সৌরভ দাশ
শিল্পী অসীম রায়ের প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শকেরা l সৌরভ দাশ

তিনটি স্থাপনাশিল্প ও কয়েকটি মিনিয়েচার ভাস্কর্য দিয়ে সাজানো আয়োজন। নৌকার পাটাতন, খাড়া সম্মুখভাগ ও নানা জ্যামিতিক আকার ছড়িয়ে আছে সবখানে। এমনকি দেহভঙ্গির মধ্যেও নৌকার অবয়ব। প্রদর্শনীস্থলে এসে দর্শকেরাও নিজেদের অজান্তেই নৌযাত্রায় শামিল হন। কিন্তু কোথায়, কোন পথে, কিসের সন্ধানে এই যাত্রা?
‘বোট’ শিরোনামে আয়োজিত অসীম রায়ের প্রদর্শনী দেখতে দেখতে এমন সব প্রশ্ন উঁকি দিয়ে গেল মনে। শিল্পকলা একাডেমীর গ্যালারিতে তিন দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হয় ৬ মার্চ। প্রদর্শনীর প্রায় সব শিল্পকর্মেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানকে হাজির করেছেন শিল্পী। সাম্পানের নানা অংশের প্রতিরূপ আর ভাস্কর্যের মিশেলে তৈরি হয়েছে তাঁর নৌকাপ্রতিম স্থাপনাশিল্পগুলো।
শিল্পকলার জয়নুল আবেদিন গ্যালারির তিনটি কক্ষজুড়ে চলছিল প্রদর্শনী। তিনটি স্থাপনাশিল্প ও চারটি ভাস্কর্য স্থান পেয়েছিল প্রদর্শনীতে। প্রথম কক্ষে ঢুকতেই দেখা গেল, মেঝেতে পাতা বড় চতুষ্কোণ কাচ। তার দুই প্রান্তজুড়ে সাত জোড়া সাম্পানের মাথা। চাটগাঁর সাম্পানের সম্মুখভাগ বা আন্নি নামে পরিচিত অংশটি কিছুটা বাঁকানো হলেও অসীম সেটাকে সরল বা জ্যামিতিকভাবেই উপস্থাপন করেছেন। মেঝেতে পাতা কাচের ওপর আলোর প্রতিফলন যেন জলের আলোড়নের অনুভূতি তৈরি করছিল। পাশাপাশি দর্শকদের জুতার আঘাতে টুকরো হয়ে ভেঙে যাওয়া কাচ নতুন অর্থও যোগ করেছিল। এই স্থাপনাশিল্পে কাঠ, প্লাস্টার অব প্যারিস, বোর্ড, কাচ ব্যবহার করেছেন শিল্পী।
গ্যালারির দ্বিতীয় কক্ষ ও তৃতীয় কক্ষের মেঝেতে উপস্থাপন করা হয়েছে আরও দুটি স্থাপনাশিল্প। প্রথমটির মতো এ দুটিতেও ব্যবহার করা হয়েছে নৌকার বিভিন্ন অংশ। তবে এ দুটি শিল্পকর্মে যুক্ত হয়েছে সিরামিকের ভাস্কর্য, আসবাব, গাছের মরা ডাল। স্থাপনাশিল্পে ব্যবহৃত সিরামিকের ভাস্কর্যগুলোতে শিল্পী অলক রায়ের ছায়া ভীষণভাবেই উপস্থিত। এমনকি অসীমের রঙের ব্যবহারের মধ্যেও অলক রায় উঁকি দিচ্ছেন। এই বিষয়টা শিল্পীর নতুন ভাবনাকেও অনেকটা িক চাপা দিয়ে দিচ্ছিল? কথা হয় শিল্পী অসীম রায়ের সঙ্গে। এ প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা হলো, ‘অলক রায় আমার গুরু। তাঁর কাছে কাজ শিখেছি। একসঙ্গে কাজও করেছি দীর্ঘদিন। তার কাজের প্রতি অনুরক্ত ছিলাম। আমার প্রথম দিকের কাজগুলোতে তাই তাঁর ছায়া আছে।’
শিল্পকর্ম নিজে যদি কিছু না বলে তবে সব প্রচেষ্টাই শেষ পর্যন্ত সুন্দর জিনিস দেখার অভিজ্ঞতায় এসে শেষ হতে পারে। অসীমের নৌকাময় প্রদর্শনী দেখতে দেখতে কোনো সুনির্দিষ্ট বয়ান কি পাওয়া যায়? শিল্পীর ভাষ্য, প্রকৃতি এবং প্রকৃতির ওপর মানুষের হস্তক্ষেপের বিষয়টিকেই তিনি তুলে ধরতে চেয়েছেন। সেটা কতটুকু বোঝা গেছে, বিচারের ভার দর্শকের ওপরেই থাক। তবে ছাঁচে ঢালাই করা ধাতুর ভাস্কর্যগুলো অসীমের জাত চিনিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। নবীন এই শিল্পীর শক্তিটা খুব সম্ভবত এখানেই।