অসুস্থ নেতার অধীনে আলজেরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদেলআজিজ বুতেফ্লিকা
আবদেলআজিজ বুতেফ্লিকা

আবদেলআজিজ বুতেফ্লিকা চতুর্থবারের মতো উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ১৭ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছেন ৮১ দশমিক ৫৩ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলি বেনফিলস পেয়েছেন মাত্র ১২ দশমিক ১৮ শতাংশ ভোট। আর ভোটার উপস্থিতি ছিল ৫১ দশমিক ৭ শতাংশ। বুতেফ্লিকার সহযোগী ও সাবেক প্রধানমন্ত্রী আবদেলমালেক সেলাল বলেছেন, নির্বাচনের ফলাফলে প্রমাণ হয় যে দেশকে প্রেসিডেন্ট বুতেফ্লিকার আরও অনেক কিছু দেওয়ার আছে। ক্ষমতাসীন দল এফএলএনের সমর্থিত প্রার্থী হিসেবে বুতেফ্লিকার জয় প্রত্যাশিতই ছিল। গত ১৫ বছর ধরে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তবে গুরুতর অসুস্থতার কারণে এখন তাঁর দায়িত্ব পালনের সামর্থ্য নিয়ে দেখা দিয়েছে নানা সংশয়।
বুতেফ্লিকা নিজের ভোটটি দিতে যান হুইলচেয়ারে চড়ে। গত বছর স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তাঁকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। আর এ কারণে তেল রপ্তানিকারক দেশটির (ওপেকের সদস্য) রাষ্ট্রপ্রধানের ক্ষমতায় থাকার যৌক্তিকতা সব মিলিয়ে প্রশ্নবিদ্ধ। চতুর্থ মেয়াদে দায়িত্ব পালনকালে বুতেফ্লিকা আরও অসুস্থ হয়ে পড়লে, কে তাঁর পরিবর্তে প্রেসিডেন্ট হবেন, এ প্রশ্ন এখন অনেকের। অভ্যন্তরীণ জঙ্গিদের দমন এবং ইউরোপে আলজেরীয় গ্যাস সরবরাহ প্রভৃতি কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পশ্চিমা সরকারগুলোর সঙ্গে যোগাযোগের জন্য আলজেরিয়ায় স্থিতিশীলতা জরুরি।
আলজেরিয়ার জনগণের অনেকে বিশ্বাস করে রাজনীতির আড়ালে দেশটিতে এফএলএনের নেতাদের সঙ্গে পর্দার আড়ালে সামরিক কর্মকর্তাদের (জেনারেল) নানা রকম লেনদেন হয়ে থাকে। আর তারাই দেশটিতে স্থিতিশীলতার রক্ষক মনে করে নিজেদের। বুতেফ্লিকার অসুস্থতার সময় তাঁর সহযোগীরা সেনাবাহিনীতে প্রভাবশালী বেশ কয়েকজন জেনারেলকে বদলি অথবা চাকরিচ্যুত করেছেন। মূলত সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধানের প্রভাব সীমিত করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। এতে রাজনৈতিক বিরোধ আবার চাঙা হয়ে ওঠার আশঙ্কাও ছিল। বুতেফ্লিকা আগে একবার অবসরের সম্ভাবনার কথা বলেছিলেন। কিন্তু নির্বাচনের দিন তাঁকে ভোট দিতে দেখে মনে হচ্ছে, তিনি সিদ্ধান্ত পাল্টেছেন।
তবে এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, এমনটা খুব কম মানুষই বিশ্বাস করে। বিরোধী দলগুলো বড় ধরনের জালিয়াতির আশঙ্কায় নির্বাচনের আগেই বর্জনের ডাক দেয়। সাবেক প্রধানমন্ত্রী আহমেদ বেনবিতুর এবারের নির্বাচনের বৈধতা নিয়েই সংশয় প্রকাশ করেছেন। তিনি এবারের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনস্থির করলেও বুতেফ্লিকা চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতায় যাচ্ছেন শুনে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। বেনবিতুর মনে করেন, কেবল অসুস্থতার কারণেই এবারের নির্বাচনে প্রার্থী হওয়া উচিত হয়নি বুতেফ্লিকার। তিনি এক বছর আগে থেকেই হুইলচেয়ারের ওপর নির্ভরশীল। অন্যদের সঙ্গে যোগাযোগের সামর্থ্যও হারিয়ে ফেলেছেন। তাঁর নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে অন্যদের দিয়ে।
জনসাধারণ বুতেফ্লিকাকে অপছন্দ না করলেও একজন অসুস্থ প্রেসিডেন্টকে মেনে নিতে দ্বিধা করতেই পারে। মধ্যপ্রাচ্যে ‘আরব জাগরণের’ ঝড় থেকে রেহাই পেয়েছিল আলজেরিয়া। তবে দেশটিতে দাঙ্গা-হাঙ্গামা যে একেবারেই হয় না, তা নয়। তরুণ সম্প্রদায়ের মধ্যে বেকারত্ব নিয়ে হতাশা রয়েছে। এ ছাড়া অর্থনৈতিক সুযোগ-সুবিধার ঘাটতি ও আবাসনসংকটও বড় সমস্যা হিসেবে চিহ্নিত। কিন্তু তার পরও দেশটিতে সরকরবিরোধী ব্যাপক আন্দোলন দানা বাঁধেনি। তবে বুতেফ্লিকা পুনর্নির্বাচিত হওয়ার পর ‘বারাকাত’ নামে একটি শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে পরিবর্তনের দাবি জানানো হচ্ছে। তবে এতে অংশগ্রহণকারীর সংখ্যা খুবই কম।
রাজধানী আলজিয়ার্স থেকে প্রকাশিত এল ওয়াতান পত্রিকার সাংবাদিক ফাইসাল মেতাওয়ি বলেন, একজন অসুস্থ ব্যক্তির কাছ থেকে দেশের স্থিতিশীলতা বজায় রাখার নিশ্চয়তা আশা করা যায় না। বুতেফ্লিকা কেবল চেহারা দেখিয়ে সরকার চালাতে চাইছেন। তিনি একজন প্রেসিডেন্ট। কিন্তু বসে থাকেন একটা আসবাবের মতো।
আশিস আচার্য, সূত্র: রয়টার্স ও ডয়চেভেলে