অস্কার বিজয়ীর চোখে বাংলাদেশের সাহসী নারী

শারমীন ওবায়েদ-চিনয় সেই বিরল উপমহাদেশীয়দের একজন, যাঁর হাতে উঠেছে হলিউড মুলুকের সবচেয়ে বড় পুরস্কার অস্কার ও অ্যামি অ্যাওয়ার্ডস দুটোই। ২০১২ সালে শারমীনের তৈরি ছবি সেভিং ফেস তথ্যচিত্র বিভাগে অস্কার জিতে নেয়। স্টার মুভিজের পর্দায় সরাসরি আমার চেনা একজনকে অস্কারের সোনালি ট্রফি হাতে নিতে দেখার সেই মুহূর্ত এখনো মনে পড়ে।
শারমীনের সঙ্গে প্রথম দেখা ঢাকাতেই। তিনি সেবার বাংলাদেশে এসেছিলেন আফগানিস্তানের পটভূমিতে তৈরি তাঁর একটি তথ্যচিত্রের প্রদর্শনীতে। তখনো জানি না, পাকিস্তানের এই নারী নির্মাতাই একদিন অস্কারের মঞ্চ মাতাবেন। টাইম সাময়িকীর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তিত্বের তালিকায় উঠে আসবে তাঁর নাম।
শারমীন বলেছিলেন, বাংলাদেশের প্রতি তাঁর একটা আলাদা টান আছে। তাঁর পূর্বপুরুষেরা ঢাকায় কাজ করেছেন দীর্ঘদিন। শারমীন কথাটা মন থেকেই বলেছিলেন। প্রমাণ পেলাম, যখন অস্কার জিতে নেওয়ার বছর খানেক পর শারমীন জানালেন, তাঁর পরের ছবির বিষয় বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে হাইতিতে কর্মরত বাংলাদেশের নারী শান্তিরক্ষীদের নিয়ে তৈরি তাঁর সাম্প্রতিক ছবি এ জার্নি অব এ থাউজেন্ড মাইলস: পিসকিপারস-এর উদ্বোধনী প্রদর্শনী হয়েছে এবারের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ছবিটি পরিচালনায় শারমীনের সঙ্গী হয়েছেন ভারতের প্রতিভাধর নির্মাতা গীতা গান্ধবীর। ছবিতে কাজ করেছেন বাংলাদেশের কয়েকজন কলাকুশলীও।
তাঁর তথ্যচিত্রের সাহসী শান্তিরক্ষীদের নিয়ে আমরা প্রতিবেদন করতে যাচ্ছি শুনেই শারমীন সঙ্গে সঙ্গে আগ্রহ দেখালেন। খুদে বার্তায় লিখলেন, ‘খুব ভালো ব্যাপার। তোমরা কবে ছাপছ প্রতিবেদনটি? তোমার প্রশ্ন পাঠাও। জবাব দিচ্ছি।’ শারমীনের ইচ্ছে ছিল বাংলাদেশের সাহসী নারীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আরও বিস্তারিত বলার। কিন্তু নারীমঞ্চ যখন প্রেসে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে শারমীন দূরপাল্লার বিমানভ্রমণে। অগত্যা বাংলাদেশের পাঠকদের জন্য গত ২৫ সেপ্টেম্বর দেওয়া শারমীনের একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করা যেতে পারে। যেখানে নিউইয়র্ক টাইম-এর বরাত দিয়ে অস্কার বিজয়ী এই নারী নির্মাতা আনন্দিত চিত্তে জানিয়েছেন, ‘জাতিসংঘে বিশ্বের প্রথম “অল ওম্যান (সবাই নারী)” শান্তিরক্ষী ইউনিট পাঠানোর কৃতিত্বটি শুধুই বাংলাদেশের!’