অস্টিনে ঈদ মেলা

৫ অক্টোবর রোববার অস্টিনপ্রবাসী কয়েক শ বাংলাদেশির উপস্থিতি ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘ঈদ মেলা ২০১৪’। এখানে ঈদ অনুষ্ঠিত হয় ৪ অক্টোবর। স্থানীয় মুসলমানদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও সেদিন একত্রে উত্সবমুখর পরিবেশে ঈদ উদযাপন করে।
অস্টিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে টেক্সাস অঙ্গরাজ্যের রাজধানী। এটি যুক্তরাষ্ট্রের ১১তম বৃহত্তম শহর। হাইটেক সিটি হিসেবে পরিচিত। বর্তমানে এই শহরের অবস্থান অপর দুই হাইটেক সিটি সান হোসে (সিলিকন ভ্যালি) ও সিয়াটলের পরেই।
এই শহরে বাস করেন অনেক বাংলাদেশি। তাঁরা অনেকে পরিবারসহ বাস করেন। এই পরিবারগুলোর মধ্যে রয়েছে নিজ সংস্কৃতি ও দৃঢ় পারিবারিক বন্ধন। তাঁরা এই সংস্কৃতিকে সুন্দরভাবে প্রতিপালনের পাশাপাশি ব্যাপক উত্সাহ উদ্দীপনার সঙ্গে সারা বছর নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেন।

এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এ বছরও আয়োজন করা হয় ঈদমেলা। এই মেলা এখানকার বাঙালিদের মূল আকর্ষণ। বেলা দুইটায় শুরু হওয়া এই অনুষ্ঠান বিরতিহীনভাবে চলে ছয়টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন থাকায় শুরু হওয়ার আগেই মানুষ জড়ো হতে থাকে মেলা প্রাঙ্গণে। সময় যত বাড়ে, ভিড় তত বাড়তে থাকে। সবার ঈদের কোলাকুলি ও কুশল-বিনিময় মেলা প্রাঙ্গণকে মুখরিত করে তোলে।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য দেন কমিউনিটির সভাপতি অপরাজিতা আহমেদ। মেলায় দেশীয় নানা রকম খাবারের সমাহার আয়োজক ও অতিথিদের মধ্যে বেশ সাড়া জাগায়। দেশের মতোই খাবারের তালিকায় ছিল কোরমা, পোলাও ও গরু ভুনা। ব্যস্ততানির্ভর জীবনযাপন দূরে ঠেলে সবার নির্মল বিনোদন ভিন্ন মাত্রা সৃষ্টি করে। মেলা প্রাঙ্গণের ভেতর ও বাইরে সবাই পরিবার পরিজন নিয়ে ব্যস্ত ছিলেন ছবি তোলায়। কেউ কেউ খাবার টেবিলেই হাসি-ঠাট্টা ও গল্পগুজবে মশগুল ছিলেন।
দ্বিতীয় পর্বে নৃত্য পরিবেশন করে ছোট্ট বাচ্চাদের একটি দল। একটু বিকেল হতেই মেয়েরা রং-বেরঙের শাড়ি এবং ছেলেরা পাঞ্জাবি পরে হাজির হয় ক্যামেরার সামনে। শেষ পর্বে বেশ কয়েকটি আধুনিক বাংলা গান পরিবেশন করেন শাহিনা হাকিম। অনুষ্ঠান উপস্থাপনা ও সঞ্চালনা করেন নিজাম উদ্দিন। আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল বাগা (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার অস্টিন) ও সব বাঙালি পরিবার।
পল্লব করিম
অস্টিন, টেক্সাস, যুক্তরাষ্ট্র