নবম শ্রেণির গণিত পরীক্ষায় অকৃতকার্য হয়েছিলেন মোয়াজ্জেম হোসেন। এদিকে বাবা স্কুলের প্রধান শিক্ষক। স্বাভাবিকভাবেই কড়া বকুনি খেতে হলো। জেদ চেপে গেল তাঁর। দ্বিগুণ উৎসাহে চর্চা শুরু করলেন। মোয়াজ্জেমের ভাষায়, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। পরে গণিতে শুধু যে ভালো নম্বর পেয়েছেন তা–ই নয়, মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ছাত্রদের তালিকায় ওপরের দিকে ছিলেন মোয়াজ্জেম হোসেন। বাবার সেই বকুনিই হয়তো তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। মোয়াজ্জেম হোসেন এখন অস্ট্রেলিয়ার স্বনামধন্য শিক্ষক। সেরা শিক্ষকের খেতাবও অর্জন করেছেন একাধিকবার।
অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির সাসটেইনেবল অ্যাকাউন্টিং অ্যান্ড গভর্ন্যান্সের সহযোগী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন তাঁর শিক্ষকতার ধরন এবং কর্মস্থলের উপযোগী পাঠদান পদ্ধতির জন্য ২০১৬, ২০১৮ ও ২০১৯ সালে মারডক বিজনেস স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন। গবেষণায় অবদান রাখার জন্য ২০১৮ সালে পেয়েছেন রিসার্চ এক্সিলেন্স অ্যাওয়ার্ড। এবার পেয়েছেন পিভিসি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং ২০২০।
শিক্ষার্থীদের প্রত্যক্ষ মূল্যায়নে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সেরা শিক্ষক নির্বাচন করা হয়। কীভাবে ছাত্রছাত্রীদের এত প্রিয় হয়ে উঠলেন? জানতে চাইলে অস্ট্রেলিয়ার পার্থ থেকে ফোনে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ছাত্রছাত্রীরা আমাকে ভালোবাসে সম্ভবত আমার কৌশলের কারণে। শিক্ষার্থীদের ক্লাসের সঙ্গে যুক্ত রাখা, প্যাডলেটের (পড়ানোর সফটওয়্যার) ব্যবহার বা কর্মজীবনের জন্য শিক্ষার ধারণা হয়তো আমাকে অন্যদের চেয়ে আলাদা করেছে।’
তবে পুরস্কার নয়, শিক্ষক সত্তাকেই মোয়াজ্জেম হোসেন সবচেয়ে বড় অর্জন মনে করেন। তিনি বলেন, ‘একজন শিক্ষক মানুষের জীবন বদলে দিতে পারেন, পৃথিবী বদলে দিতে পারেন। আমি সেই গুরুত্বপূর্ণ কাজটি করতে পারছি, এটাই আমার বড় প্রাপ্তি। আমার ক্লাসে প্রায় ৫৭ জাতিসত্তার শিক্ষার্থী আছে। আমি কাজ করি তাদের নানান দক্ষতার উন্নয়ন নিয়ে। এরা ছড়িয়ে যায় পৃথিবীব্যাপী; বিকশিত করে নিজেকে, নিজের দেশকে। আমি যে ওদের জন্য কিছু করতে পারছি, এটাই আমার অর্জন।’
মোয়াজ্জেম হোসেন পড়ালেখাকে কখনোই পাঠ্যবইয়ের মধ্যে বেঁধে রাখতে চান না। এর বাইরে গিয়ে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করার চেষ্টা করেন, যেন শিক্ষাটা তাঁরা জীবনে কাজে লাগাতে পারেন, বিশ্ববাজারের জন্য তৈরি হতে পারেন।
মারডক বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের শিক্ষার্থীদের প্রায়ই বিদায় সংবর্ধনার অনুষ্ঠান করতে দেখা যায় মোয়াজ্জেম হোসেনের ক্লাসে। তিনি বলেন, ‘আমার কোর্সের ছাত্রছাত্রীরা শেষ ক্লাস উদ্যাপন করে। কেউ ফুল নিয়ে আসে, কেউবা পিৎজা। অনেকটা বাংলাদেশি ঢঙে। এ ধরনের কিছু করা এখানে বিরল।’ একটা অন্য রকম অভিজ্ঞতার কথাও শোনালেন তিনি—‘একবার এক ছাত্র দুই পৃষ্ঠার ই–মেইল লিখে বলল আমি নাকি তার জীবন বদলে দিয়েছি। এমন অনেক ঘটনা আমার শিক্ষকজীবনকে বর্ণিল করেছে।’ মোয়াজ্জেম হোসেন মনে করেন, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক ক্লাস বা সেমিস্টারের পরই শেষ হয়ে যাওয়া উচিত নয়। তিনি এখনো তাঁর অনেক প্রাক্তন শিক্ষার্থীর ই–মেইল পান। তাঁর ছাত্রছাত্রীরা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত, এই খবর তাঁকে আনন্দ দেয়।
মোয়াজ্জেম হোসেন মনে করেন, সম্প্রতি পাওয়া পিভিসি অ্যাওয়ার্ড–২০২০ তাঁকে পরবর্তী অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ড ফর ইউনিভার্সিটি টিচিং (এএইউটি) প্রতিযোগিতায় এগিয়ে রাখবে। এএইউটি হলো অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়শিক্ষকের পুরস্কার। অস্ট্রেলিয়ার ৪২টি বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষকদের মধ্য থেকে সেরা শিক্ষক নির্বাচন করা হয় এই প্রতিযোগিতায়।
শিক্ষকতার পাশাপাশি মোয়াজ্জেম হোসেন একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ), সার্টিফায়েড প্র্যাকটিসিং অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ), সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ), মেম্বার অব ইনস্টিটিউট অব পাবলিক অ্যাকাউন্ট্যান্টস অব অস্ট্রেলিয়া (এমআইপিএ) ও অ্যাসোসিয়েট অব ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট্যান্ট (এএফএ)।
মাদারীপুরের কালকিনি উপজেলার এক গ্রামে জন্মগ্রহণ করে এতটা দূর পথ পাড়ি দেওয়া সহজ ছিল না মোয়াজ্জেম হোসেনের জন্য। তিনি এসএসসিতে ভালো ফল করে ঢাকায় আসেন, ভর্তি হন ঢাকা কলেজে। এইচএসসি পরীক্ষায় মেধাতালিকায় ১৬তম স্থান অর্জন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে প্রথম শ্রেণি পেয়ে উচ্চশিক্ষা নিতে অস্ট্রেলিয়ায় যান, পিএইচডি করেন বিখ্যাত কার্টিন বিশ্ববিদ্যালয় থেকে। ২০০৬ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) হিসাবরক্ষণ ও ব্যবসায় শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন।
গণিতভীতি কি এখনো আছে, প্রশ্ন করলে বলেন, ‘না, এখন আর নেই। আসলে লেগে থাকলে সফলতা আসবেই। এ কথাই আমি আমার ছাত্রছাত্রীদের বলি।’