অস্ট্রেলিয়ায় নতুন গোল্ডরাশ
উনিশ শতকে সদ্য আবিষ্কৃত সোনার খনির দিকে পড়িমরি ছুটে যেতেন ভাগ্যান্বেষীরা। গাঁইতি, ধুলো ছাঁকার পাত্র আর বস্তা সম্বল করে ছোট্ট পাহাড়ি নদী বা গুহায় গুহায় সোনার রেণু (কপাল ভালো হলে আস্ত এক দলা) খুঁজে বেড়াতেন তাঁরা। মূল্যবান এই ধাতুর খোঁজে আজকের এই আধুনিক যুগেও পরিশ্রমী কিছু মানুষ চষে বেড়াচ্ছেন অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকা। তাদের উৎসাহের অন্যতম কারণ হলুদ ধাতুটির ক্রমেই বেড়ে চলা দাম। দেশটিকে বিভাজনকারী পর্বতমালা ‘গ্রেড ডিভাইডিং রেঞ্জ’ ধরে গাড়িতে উপকূলীয় নগর সিডনি থেকে স্থলভূমির দিকে চার ঘণ্টা গেলে দৃশ্যপটে আসে ঝোপঝাড় সমন্বিত শুকনো বনভূমি। সেখানে দেখা মেলে শুকিয়ে যাওয়া একটি ছোট্ট নদীর। মরচে রঙের মাটিতে কয়েকটি ইউক্যালিপটাস গাছ। প্রাচীন কাগজের মতো সেসব গাছের বাকল। গাছের মাথায় কুকাবুরা পাখির কলগুঞ্জন। কিন্তু সেই গানের আওয়াজ ছাপিয়ে কানে আসে দামি মেটাল ডিটেক্টরের ঢেউ খেলানো বোঁ বোঁ আওয়াজ। মাটির নিচে সোনার উপস্থিতি চিহ্নিত করার জন্য আধুনিক ডিটেক্টর ব্যবহার করা হলেও ধুলোমাটি থেকে সোনার আকরিক আলাদা করার জন্য এখনো সেই পুরোনো ধাঁচের পাত্র ব্যবহার করে অনুসন্ধানীরা। পাহাড়ি নদী, খাড়ি বা গর্ত থেকে নুড়ি পাথর ও কাদামাটি ছেঁকে সোনার আকরিকের সন্ধান করে তারা।স্বর্ণ অনুসন্ধানকে পেশা হিসেবেও নিয়েছেন এ প্রজন্মের অস্ট্রেলীয়দের কেউ কেউ। কিম এলিস ও তাঁর স্বামী লিংক প্রথমে নিতান্তই শখের বশে শুরু করেছিলেন এই কাজ। আর এখন চাকরিবাকরি ছেড়ে দিয়ে তাঁরা পুরোদমে চালাচ্ছেন সোনার খোঁজ। কিম এক নির্মাণপ্রতিষ্ঠানে চাকরি করতেন। স্বামী লিংকের ছিল রং করা ও গৃহসজ্জার ব্যবসা। কোনো এক সাপ্তাহিক ছুটির দিনে লিংক বলেছিলেন স্বর্ণ অনুসন্ধানের কাজে পুরোপুরি মনোনিবেশের ইচ্ছের কথা। স্বামীর ওপর আস্থা ছিল কিমের। তাই বাড়ি বিক্রি করে, চাকরি ছেড়ে দিয়ে একটা ক্যারাভান ও কয়েকটি কোয়াড বাইক কিনে বেরিয়ে পড়েন দুজনে। সঙ্গে নেন পোষা কাকাতুয়া ও কুকুরগুলোকে। এর পর থেকে তাঁরা আয় করেছেন লাখ লাখ ডলার। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলসে নবীন স্বর্ণ অনুসন্ধানীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জামের দোকানও খুলেছেন এ দম্পতি। ‘ধূসর যাযাবর’ হিসেবে পরিচিত অবসর নেওয়া বুড়োবুড়িরাই এত দিন তাঁদের দোকানের প্রধান ক্রেতা ছিলেন। এদের লক্ষ্য, পেনশনের টাকায় বাড়তি কিছু আয় যোগ করা। কিন্তু এখন ক্রমেই বেশি করে তরুণতর ক্রেতারা আসছেন। কারণটা বোঝা কঠিন নয়: চলতি বছর সোনার দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশ!স্বর্ণ অনুসন্ধানকে লাভজনক পেশা হিসেবে নেওয়া ব্যক্তিদের একজন মাইক হানিসেট। মাইক কানে শোনেন না—মেটাল ডিটেক্টরের তীব্র শব্দও তাঁর কানে পৌঁছায় না। তাই যন্ত্রটির ডিজিটাল পর্দায় নজর রাখেন তিনি। একবার পর্দায় ‘৯০%’ দেখতে পেয়ে কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করেন। কিছুটা মাটি খুঁড়ে একটি ঝোপ উপড়ে ফেলেন তিনি। তখন মেটাল ডিটেক্টর আবার উঁচু মাত্রায় সংকেত দেয়। কাঙ্ক্ষিত সোনার টুকরোটিকে চিহ্নিত করার জন্য তিনি খুঁড়ে তোলা মাটি দুই ভাগে আলাদা করেন। এবার মাইকের হাতে আটকাল ছোট এক টুকরা ধাতব পদার্থ। কিন্তু হায়! ধুলো ঝেড়ে দেখা গেল যার জন্য এতক্ষণ মাটি খুঁড়লেন তা আর কিছু নয়, এক টুকরো সিসা!এভাবে সোনা খোঁজার কাজ বেশ পরিশ্রমের। এমনকি স্থানীয় অনুসন্ধানীদের পছন্দের জায়গাগুলোতেও বেশির ভাগ খোঁড়াখুঁড়ি নিষ্ফল হয়। কিম অ্যালিস বলেন, প্রতি ২০ বার খনন করে সোনা পাওয়ার সম্ভাবনা মাত্র একবার। বেশির ভাগ ক্ষেত্রেই ভুল সংকেত দেয় মেটাল ডিটেক্টর। তবে সোনার এমনই সম্মোহনী ক্ষমতা যে মানুষ চেষ্টা করেই যায়।সত্যিই একটু পরই মাইকের অধ্যবসায়ের সুফল মেলে। খুদে পোকার আকৃতির এক টুকরো সোনা পেয়ে যান তিনি। এইটুকু সোনার দামই বাজারে প্রায় ১০০ ডলার। সপ্তাহের আয়ে এক মূল্যবান সংযোজন। এ সপ্তাহে তিনি চার ঘণ্টা অনুসন্ধান চালিয়ে ৫০০ ডলারের সোনা পেয়েছেন। প্রাপ্তি একেবারে মন্দ নয়। একটা দলা পেয়ে গেলে তিনি দুই হাজার ডলার বা আরও বেশি আয় করতে পারতেন। বড় ধরনের স্বর্ণখনি পাওয়ার সম্ভাবনা কী ধরনের স্বাচ্ছন্দ্য বয়ে আনতে পারে, স্থানীয় শহর মাডগি এর একটি নমুনা। এখানে রয়েছে ভিক্টোরীয় যুগের কয়েকটি দৃষ্টিনন্দন স্থাপনা। চারপাশে সমৃদ্ধির ভাব। এটি গ্রামীণ অস্ট্রেলিয়ার অন্যতম অভিজাত জনপদ। তবে মানুষ সোনার সন্ধানে অতীতের ‘গোল্ডরাশের’ মতো পড়িমরি করে ছুটবে এ শহরপানে, সে সম্ভাবনা নেই বললেই চলে। স্থানীয়দের হিসাবে স্বর্ণ অনুসন্ধানের উদ্দেশ্যে মাডগি শহরে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন মাত্র চারজন। তবে সাপ্তাহিক ছুটির দিনে সিডনিসহ অন্যান্য শহর থেকে অনেকেই গিয়ে ভাগ্য পরীক্ষা করছেন। জায়গাটি তাই অনুসন্ধানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়ে উঠেছে। আশিস আচার্য। সূত্র: বিবিসি।