অস্তবেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোর হতেই অস্থির হয়ে উঠি, কখন সাতটা বাজবে। ফোন করে শুনব তোমার ছোট্ট জবাব, ‘ভালো আছি, তোরা কেমন আছিস?’ হ্যাঁ, যতবারই ফোন করি এবং জিজ্ঞেস করি, ‘কেমন আছো, মা?’ তোমার একটাই জবাব, ‘ভালো আছি।’ তার পরই চুপ করে যাও। তোমার ওই জবাব শুনে আমাদের বুঝে নিতে হয় তুমি সুস্থ, নাকি অসুস্থ। সকাল গড়িয়ে বিকেল আসে। আবার জানতে চাই, এখন কেমন? কী করছ? তোমার জবাব, ‘কিছু করি না, বসে আছি।’ একা? ‘হ্যাঁ, একা।’ অথচ কত ব্যস্তই না ছিলে তুমি একদিন। তোমার বিশাল সংসার, তোমার চাকরি, সমাজসেবা—কত ব্যস্ততাই না ছিল তোমার। সকাল হতেই তোমার রান্নাঘরে চায়ের আসর বসত। কত বায়না নিয়ে কত জাতের লোকই না আসত তোমার কাছে। কারও চাকরি দরকার, কাউকে একটু ভালো স্কুলে ভর্তি করে দাও। কাউকে নিয়ে একটু হাসপাতালে যেতে হবে। সবার পেছনেই ছুটতে তুমি, তার ওপর স্কুলের প্রধান শিক্ষিকা। কাজেই সবার আগেই তোমাকে স্কুলে ছুটতে হবে। এরপর রয়েছে তোমার মহিলা ক্লাব। সেখানেও সাধারণ সম্পাদিকা, তোমাকে পৌঁছাতে হবে সবার আগে। তোমার কোল থেকে বিদায় নিয়েছি সেই কবে। তোমাকে সময় দেওয়ার সময় নেই কারও। তুমি একাই শুধু ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি।’ দূরে থাকো। তবু ভালো থেকো, মা। অন্তত মুঠোফোনে তোমার ‘ভালো আছি’।নাছরিন হকমোহাম্মদপুর, ঢাকা