অস্তিত্ব-সংকটে প্রান্তিক জনগোষ্ঠী
পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন বান্দরবানে বসবাসরত প্রান্তিক ও ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠী। তাদের মতে, চুক্তির পরে শান্তিপূর্ণ পরিস্থিতির সুযোগে অবাধে ভূমি দখল হয়েছে, রাবার-হর্টিকালচার বাগানের নামে হাজার হাজার একর ভূমি বেদখল হয়েছে। এ কারণে উচ্ছেদের মুখে পড়েছেন সংখ্যায় কম আদিবাসী গোষ্ঠীগুলো। তারা এখন সামাজিক ও ভূমি নিরাপত্তাহীনতার মধ্যে বাস করছেন। পার্বত্য চুক্তিতে সরাসরি প্রতিনিধিত্ব না থাকায় এ ধরনের সমস্যা আরও প্রকট হয়েছে বলে জানান প্রান্তিক আদিবাসী নেতারা। তাঁরা পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদে (সিএইচটি-আরসি) জনগোষ্ঠীভিত্তিক সদস্যপদ নির্ধারণের দাবি জানান। সব জনগোষ্ঠী থেকে পর্যায়ক্রমে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করা উচিত বলেও মন্তব্য করেন তাঁরা।এ প্রসঙ্গে ম্রো নেতা রাংরাই ম্রো বলেন, আঞ্চলিক পরিষদে সব জনগোষ্ঠীর সরাসরি প্রতিনিধিত্ব থাকলে সংশ্লিষ্ট লোকজনের সমস্যা-সম্ভাবনা বিবেচনা করে নীতিনির্ধারণ সহজ হবে।প্রসঙ্গত, তিন পার্বত্য জেলায় ১১টি আদিবাসী জনগোষ্ঠী বাস করে। এর মধ্যে প্রান্তিক জনগোষ্ঠী হলো বম, ম্রো, তঞ্চঙ্গ্যা, লুসাই, পাংখোয়া, খুমি, চাক ও খিয়াং। বর্তমানে আঞ্চলিক পরিষদে চাকমা, মারমা ও ত্রিপুরা ছাড়া প্রান্তিক আট আদিবাসী জনগোষ্ঠীর সরাসরি কোনো প্রতিনিধিত্ব নেই।জানা যায়, ১৯৯৭ সালে সই হওয়া পার্বত্য চুক্তির তিন ধারায় চেয়ারম্যানসহ ২২ সদস্যের আঞ্চলিক পরিষদ গঠনের কথা বলা হয়েছে। এতে পাঁচজন চাকমা, তিনজন মারমা, দুজন ত্রিপুরা, ছয়জন অউপজাতীয় এবং ম্রো ও তঞ্চঙ্গ্যাদের জন্য একটি পদ দেওয়া হয়েছে। কিন্তু বম, লুসাই, পাংখোয়া, খুমি, চাক, খিয়াংদের জন্য মাত্র একটি সদস্যপদ বণ্টন করা হয়েছে। সংশ্লিষ্ট জনগোষ্ঠীর প্রতিনিধিরা জানান, সমস্যা মোকাবিলায় কিছুটা হলেও সক্ষমতা রয়েছে বড় জনগোষ্ঠীর। কিন্তু ছোট গোষ্ঠীগুলোর তা না থাকায় সমস্যার সহজ শিকার হওয়া ছাড়া তাদের কোনো উপায় থাকে না।বম সোশ্যাল কাউন্সিলের (বিএসসি) সভাপতি জুয়ামলিয়ান আমলাই এ ব্যাপারে বলেন, ‘চুক্তি হওয়ার পর পার্বত্যাঞ্চলে মানুষের নিয়ন্ত্রিত চলাচলের বিধি-নিষেধ শিথিল, সরকারি-বেসরকারি পর্যায়ে উন্নয়নের উদ্যোগসহ দৃশ্যমান কিছু পরিবর্তন হয়েছে। কিন্তু যথাসময়ে চুক্তি বাস্তবায়িত না হওয়ায় ইতিবাচক পরিবর্তনের সুফল আদিবাসী জনগোষ্ঠীর কাছে পৌঁছেনি।’ চাক আদিবাসী নেতা মংমং চাক বলেন, ‘শান্তিচুক্তির পরেই নাইক্ষ্যংছড়ির চাক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভূমি হারিয়েছেন। শান্তিপূর্ণ পরিস্থিতির সুযোগে রাবার-হর্টিকালচার বাগানের নামে বহিরাগত ভূমিদস্যুরা চাকদের হাজার হাজার একর ভূমি দখল করে নিয়েছে। জুমচাষ ও আদিবাসীদের ঐতিহ্যগত ভোগদখলি জমি বেদখল হওয়ায় চাকরা এখন উচ্ছেদের মুখে পড়েছে।’মংমং চাক চুক্তি বাস্তবায়ন ও ভূমি কমিশনের কার্যক্রম শুরু হলেও বেদখল হওয়া ভূ-সম্পত্তি আদৌ উদ্ধার করা সম্ভব হবে কি না—এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন। লেলুং খুমি জানান, ‘চুক্তির আগে অশান্ত পরিবেশে মানুষ জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। এখন ভূমি সংকট ও আর্থ-সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক নিরপত্তাহীনতায় আদিবাসীরা তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত। দ্রুত চুক্তি বাস্তবায়ন না হলে এ অনিশ্চয়তা থেকে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হবে।’পারকুং লুসাই বলেন, বর্তমানে আঞ্চলিক পরিষদে আট আদিবাসী জনগোষ্ঠীর সরাসরি কোনো প্রতিনিধিত্ব নেই। পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সব জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষা ও সমস্যা সম্পর্কে ধারণা না-ও থাকতে পারে। এ জন্য পরিষদে সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকা দরকার। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, শান্তিচুক্তি বাস্তবায়ন হলেও জেলা পরিষদে জনগোষ্ঠীভিত্তিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন করা দরকার। এতে সবার মধ্যে প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ সৃষ্টি হবে। এটা না হলে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে না। তাঁরা আদিবাসী জনগোষ্ঠীগুলোর মধ্যে থেকে পর্যায়ক্রমে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনের পক্ষে মত দেন।