
রাত তখন দশটা। তিল ধারণের ঠাঁই নেই নিউইয়র্কে অবস্থিত পিএস ৬৯ নামক বিদ্যালয় ভবনের সুবিশাল দুটি ফ্লোরে। শিকড়ের টানে ছুটে এসেছেন উত্তর আমেরিকার বাঙালিরা। নিচতলায় ১৬টি প্রকাশকের স্টল, ওপরতলায় বিশাল মিলনায়তন। সেখানে তখন চলছে আলোচনা অনুষ্ঠান। কথা বলছেন, আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০১৫–এর উদ্বোধক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলছিলেন, অপরাজনীতি থেকে কী করে বের করে আনা যায় দেশকে। পিনপতন নীরবতায় তাঁর বক্তব্য শুনছেন হাজার খানেক মানুষ। মাঝেমাঝে দর্শকসারি থেকে ভেসে আসছে প্রাসঙ্গিক প্রশ্ন। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরেও তিনি উঠতে পারেননি। দর্শকের প্রত্যাশা আরও। আরও শুনতে চান তাঁরা প্রিয় মানুষের কথা। বুকের গভীরে প্রোথিত স্বপ্নের কথা। এক আলোকিত বাংলাদেশের কথা। এটি ছিল মেলার দ্বিতীয় দিন। দিনটি শেষ হয় প্রখ্যাত কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদীর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। আসলে দিন না বলে বলা উচিত রাতটি শেষ হয়।… কারণ রাত তখন বারোটা। তবু মেলা ছেড়ে কেউ বের হতে চাইছে না। বিদ্যালয় কর্তৃপক্ষ এক রকম জোর করেই বের করে দিচ্ছে একদল পরবাসী সংস্কৃতি-পাগল বাঙালিকে, যারা বইয়ের ঘ্রাণে, প্রিয় লেখকের সান্নিধ্যে উন্মাতাল। পরদিন গান করেন কণ্ঠশিল্পী সামিনা চৌধুরী। প্রতিটি গানের শেষে মুহুর্মুহু করতালি উপভোগ করেন শিল্পীরাও। কথা হয় সৈয়দ আবদুল হাদীর সঙ্গে। তিনি বলেন, ‘আমার জীবনে এত ভালো বাঙালি দর্শক খুব কম পেয়েছি।’
বইমেলায় আমার দুটি বই বেরিয়েছিল। বাংলা প্রকাশ বের করেছে কবিতা সমগ্র এবং বিশ্বসাহিত্য ভবন বের করেছে নতুন কাব্যগ্রন্থ পুড়ে যাই দ্রোহে পুড়ে যাই প্রেমে। বই দুটি ঢাকা থেকে বয়ে এনেছেন লেখক এবং বাংলা প্রকাশকের নির্বাহী প্রধান হুমায়ূন কবীর ঢালী। খুব ফুরফুরে মেজাজে আছি। খানিকটা যেন হাওয়ায় উড়ছি। দেখা হচ্ছে অনেক প্রিয় মানুষের সঙ্গে, ঢাকা থেকে এসেছেন লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, আহমাদ মাযহার, শিহাব শাহরিয়ার। মেলার আহ্বায়ক রোকেয়া হায়দার, যুগ্ম আহ্বায়ক হাসান ফেরদৌস এবং মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি বিশ্বজিৎ সাহাকে দেখছি মেলাটিকে সফল করার এক বিশাল গুরুদায়িত্ব কাঁধে নিয়ে সারাক্ষণ ছুটছেন। আদনান সৈয়দের সঞ্চালনায় শুরু হলো নতুন বইয়ের লেখকদের আড্ডা, মূল মঞ্চে। এখানেও অতিথি আবদুল্লাহ আবু সায়ীদ। সঞ্চালকের আমন্ত্রণে যোগ দিই আড্ডায়। সাহিত্যিেকরা তাঁদের সদ্য প্রকাশিত বই থেকে কিছু কিছু অংশ পড়ে শোনান। মাঝে মাঝেই মন্তব্য করছিলেন আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি বলেন, প্রবাসী সাহিত্য বলে কিছু নেই। কিছু কিছু উদ্ধৃতি টেনেও তিনি বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন। শেষ দিন ‘অভিজিৎ রায়’ কক্ষে বসে কবিদের আড্ডা।
এ আড্ডায় কবিতা পাঠ এবং কবিতার ওপর চলে মুক্ত আলোচনা। এতে অংশ নেন কাজী আতিক, সোনিয়া কাদের, মিশুক সেলিম, শামস আল মমিন, ছহুল আহমেদ, সৈয়দ আহমেদ জুয়েদ, পপি চৌধুরীসহ আরও অনেকে। মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে নিউইয়র্কের রাস্তা প্রদক্ষিণ করে যে বইমেলা ও আন্তর্জাতিক বাংলা উৎসব শুরু হয় ২২ মে, তা দর্শকদের আনন্দের বন্যায় ভাসিয়ে টান টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয় ২৪ মে মধ্যরাতে। মেলা কি আসলে শেষ হয়? রাত তখন একটা। মেলার গেট বন্ধ হয়ে গেছে অনেক আগেই। অথচ তখনো রাস্তার মোড়ে মোড়ে বাঙালিদের জটলা। যেন একদল প্রবাসী বাঙালি বহু দূরে ফেলে অস্তিত্বের শিকড়টি খুঁজে ফিরছে মধ্যরাতের এই নিউইয়র্ক শহরে।