অস্ত্র বাণিজ্য চুক্তি ব্যর্থের পেছনে
প্রচলিত অস্ত্রের কেনাবেচা নিয়ন্ত্রণে একটি ‘মাইলফলক’ চুক্তিতে উপনীত হওয়ার বিষয়টি আপাতত অধরাই রয়ে গেল। গত মাসের শেষ দিকে জাতিসংঘের আওতায় আন্তর্জাতিক অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ-সংক্রান্ত প্রথম চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।মূলত যুক্তরাষ্ট্রসহ বৃহৎ অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর আপত্তির কারণেই বহু আকাঙ্ক্ষিত এই চুক্তির বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। শেষ দিন মধ্যরাত পর্যন্ত আলোচনা হলেও সর্বসম্মত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি আলোচকেরা। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১৯৩টি সদস্য দেশের প্রতিনিধিদের মধ্যে এক মাস ধরে এ আলোচনা চলে। বছরে বিশ্বব্যাপী সাত হাজার কোটি ডলারের প্রচলিত অস্ত্র (পরমাণু, জীবাণু বা রাসায়নিক নয় এমন) কেনাবেচা হয়। কিন্তু বিষয়টি নিয়ন্ত্রণ করার জন্য এখন পর্যন্ত কোনো চুক্তি নেই। অবৈধ অস্ত্র ব্যবহারের কারণে বিশ্বে প্রতিবছর সাত লাখ ৫০ হাজার মানুষ মারা যায়।যুক্তরাষ্ট্র আলোচনায় বলেছে, অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণে কোনো চুক্তিতে সই করার আগে তার আরও সময় প্রয়োজন। প্রধান অস্ত্র রপ্তানিকারকের তালিকায় থাকা রাশিয়া এবং চীনও চুক্তির ব্যাপারে বাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একমত হতে ব্যর্থ হয়। গোলাবারুদ রপ্তানির বিষয়টি অন্তর্ভুক্ত করে যেকোনো ধরনের লিখিত চুক্তির ব্যাপারে শুরু থেকেই প্রবল আপত্তি জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ছোট অস্ত্রের বিষয়টি চুক্তিতে উল্লেখ করা হোক, তা চায় না চীন। এ ছাড়া রাশিয়া ও চীন কেউ-ই চায় না চুক্তির মধ্যে মানবিক আইনের কোনো বিষয় উল্লেখ থাকুক।টানা এক মাস ধরে চলা আলোচনার এমন ফলাফলে স্বভাবতই অসন্তুষ্ট জাতিসংঘ।বিশ্ব সংস্থার মহাসচিব বান কি মুন বলেছেন, চুক্তির বিষয়ে মতৈক্য না হওয়ায় তিনি হতাশ। মুন এ ঘটনাকে ‘প্রতিবন্ধকতা’ আখ্যা দেন। তবে পাশাপাশি কয়েকটি দেশ চুক্তির বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হওয়ায় উৎসাহবোধ করছেন বলেও জানান তিনি। বান কি মুন বলেন, ওই সব দেশের প্রতি তাঁর দৃঢ় সমর্থন থাকবে। অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ আলোচনা সফল না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব সলিল শেঠি। তিনি বলেন, ‘প্রতি মিনিটে একজন মানুষ সশস্ত্র সহিংসতায় মারা যাচ্ছে। এ বিষয়ে প্রভাবশালী রাষ্ট্রগুলোর নেতৃত্ব দেওয়াটা জরুরি।’ তবে এবারের আলোচনা ব্যর্থ হওয়ার পরও সম্মেলনের সভাপতি আর্জেন্টিনার কূটনীতিক রবার্তো গার্সিয়া মরিতান বেশ আশাবাদী এ চুক্তি হবেই। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কেননা, এটি প্রয়োজন।’ অস্ত্র বাণিজ্য নিয়ন্ত্রণ চুক্তির খসড়াটি তাঁরই তৈরি করা। কূটনীতিকেরা এখন বলছেন, খসড়াটি মাস কয়েক পর সাধারণ পরিষদে ফেরত পাঠানো হতে পারে।যুক্তরাষ্ট্রের গড়িমসির ব্যাপারে বিশ্লেষকেরা বলছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশের প্রভাবশালী অস্ত্র ব্যবসায়ী চক্রের কাছে মাথা নত করেছে ওবামা সরকার। বন্দুক-লবির চাপেই শেষ মুহূর্তে সমঝোতা-প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। আলোচনায়ও কয়েকটি দেশের প্রতিনিধি সমঝোতা না হওয়ার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। আলোচনা শেষ হওয়ার আগের দিন ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের ৫১ জন সিনেটর অস্ত্র বহনের সাংবিধানিক অধিকার নষ্ট করে এমন যেকোনো চুক্তি প্রত্যাখ্যানের হুমকি দিয়েছিলেন।কয়েকজন কূটনীতিক বলেছেন, মতৈক্যে পৌঁছার সময়সীমা ২৭ জুলাই মধ্যরাতের ঠিক আগে আগে ওয়াশিংটন চুক্তির প্রস্তাবিত খসড়া সমর্থন করতে অস্বীকৃতি জানায়। অ্যামনেস্টির মহাসচিব সলিল শেঠি যুক্তরাষ্ট্রের এ ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামা চুক্তির জন্য আরও সময় চেয়েছেন। তিনি আর কত সময় চান?’অভিন্ন নীতিমালার ভিত্তিতে অস্ত্র বিক্রি-সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তির বিষয়ে ছয় বছর ধরে প্রচারণা চালিয়ে আসছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, অক্সফামসহ বিভিন্ন আন্তর্জাতিক বেসরকারি সংস্থা। জোটভুক্ত হয়ে এসব সংস্থার দীর্ঘ প্রচারণার পরিপ্রেক্ষিতেই অস্ত্র চুক্তি-সংক্রান্ত এই আলোচনা শুরু হয়। ২৪ জুলাই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির প্রথম খসড়া প্রকাশ করা হলে মানবাধিকার সংগঠনগুলো এর বিষয়বস্তুর ‘অসারতা’ নিয়ে তীব্র আপত্তি তোলে। এর দুই দিন পর আর্জেন্টিনার কূটনীতিক ও সম্মেলনের সভাপতি রবার্তো মরিতানের লেখা আরেকটি খসড়া প্রকাশ করা হয়।মানবাধিকার সংগঠনগুলো অভিমত দিয়েছে, দ্বিতীয় খসড়া আগেরটির চেয়ে ভালো। এতে বলা হয়েছে, অস্ত্র বিক্রয়কারী প্রতিটি দেশকে এটা নিশ্চিত হতে হবে যে ওই অস্ত্র মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রাখতে বা সন্ত্রাসবাদে ব্যবহার করা হবে কি না। ইমাম হোসেন সাঈদ