অস্ত্র ব্যবসায়ীদের নজর প্যারিসে
গণতন্ত্রের আন্দোলনে মধ্যপ্রাচ্য এখন টালমাটাল। হুমকির মুখে পড়া সরকারগুলো দুর্গ শক্ত করতে নিজ নিজ সশস্ত্র বাহিনীকে আরও বেশি অস্ত্রসজ্জিত করার পরিকল্পনা করছে। আফগান আর ইরাক ফ্রন্টেও শিগগির শান্তি প্রতিষ্ঠা হবে এমন আশা কম। সব মিলিয়ে অস্ত্র নির্মাতা ও ব্যবসায়ীদের এখন সুদিন। এমন প্রেক্ষাপটেই এ মাসের শেষের দিকে প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্যারিস এয়ার শো’। অস্ত্র শিল্পের সঙ্গে জড়িতদের মধ্যে একটি আলাদা উত্তেজনা তৈরি করেছে এ প্রদর্শনী। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতাকে পুঁঁজি করে এ প্রদর্শনীতে কয়েক হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র-সরঞ্জামের ব্যবসা বাগানোর আশা করছে তারা। নাম এয়ার শো। আপাতদৃষ্টিতে এ প্রদর্শনীর বিষয়বস্তুও বেসামরিক বিমান চলাচল ও মহাকাশ অভিযান শিল্প। কিন্তু অন্তত ব্যয়িত অর্থের দিক থেকে এর সামরিক দিকটিও উপেক্ষার নয়। শত শত কোটি ডলারের অস্ত্র সরবরাহের ফরমায়েশ হয় দ্বিবার্ষিক প্যারিস এয়ার শোতে। আর আন্তর্জাতিক প্রেক্ষাপটের কারণে এ প্রদর্শনীটি এ বছর একটু আলাদা গুরুত্ব নিয়ে হাজির হয়েছে। লকহিড মার্টিন, বিএই সিস্টেমস, ফিনমেকানিকা, নর্থরপ গ্রুমানের মতো বিখ্যাত অস্ত্র ও সমর সরঞ্জাম নির্মাতাপ্রতিষ্ঠান এক লাখ ৩০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে আয়োজিত এ প্রদর্শনীতে প্রচুর ব্যবসার আশা করছে।মধ্যপ্রাচ্যের যেসব দেশ সাধারণভাবে কোনো সক্রিয় সশস্ত্র সংঘাতে লিপ্ত নয়, তারাও অস্ত্র-গোলার মজুদ নতুন করে ভরে নিচ্ছে। লিবিয়ায় কয়েক মাস ধরে চলা সংঘাত ও মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে অস্থিতিশীলতা নতুন অস্ত্র ও গোলা-বারুদের চাহিদা সৃষ্টি করেছে। ন্যাটোর গাদ্দাফি হঠাও অভিযানও অস্ত্র ব্যবসাকে স্ফীত করছে। প্যারিস এয়ার শোতে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ অস্ত্রশস্ত্র কেনার যে ফর্দ নিয়ে আসবে, তার অর্থমূল্য স্পর্শ করবে বহু বিলিয়নের অঙ্ক।স্টকহোমভিত্তিক গবেষণাকেন্দ্র স্টকহোম পিস রিসার্চ ইনস্টিটিউট (সিপরি) বলছে, মধ্যপ্রাচ্য সংকটের সঙ্গে জড়িতদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় প্যারিস এয়ার শোতে অস্ত্রের চাহিদা নিয়ন্ত্রণ করবে।কিন্তু কেবল সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতাই কি মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অস্ত্র ব্যবসায় রমরমা ভাব এনে দিয়েছে? গবেষণা ও অন্যান্য প্রতিবেদন কিন্তু বলছে, এ অঞ্চলের দেশগুলোর সাম্প্রতিক অর্থনেতিক প্রবৃদ্ধি ও বিশ্বব্যাপী তেলের মূল্যবৃদ্ধি মধ্যপ্রাচ্যের দেশগুলোর হাতে অনেক বাড়তি নগদ অর্থের জোগান এনে দিয়েছে। এ অর্থ দিয়ে তারা প্রচুর অস্ত্র কিনছে। চেষ্টা করছে নিজের সামরিক শক্তি বাড়াতে। ২০১০ সালে মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয়ের পরিমাণ ছিল ১১১ বিলিয়ন ডলার। ২০০৯ সালের তুলনায় তা ছিল ২ দশমিক ৫ শতাংশ বেশি। শুধু সৌদি আরবের ক্রয়ের ফলেই এ বৃদ্ধি ঘটে। অন্যদিকে বিশ্বব্যাপী এ সময় সামরিক ব্যয় বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩ শতাংশ। এ বৃদ্ধির হার এক দশকের মধ্যে সবচেয়ে কম। মধ্যপ্রাচ্যে সামরিক ব্যয় বাড়লেও বিশ্বব্যাপী কমেছে।এ কারণে বিশ্বের সব অস্ত্র নির্মাতার কাছে মধ্যপ্রাচ্য এখন পরম কাঙ্ক্ষিত স্থান। তবে এদের ব্যবসার মূল বাজার অন্যদিকে। সুইডেনের গবেষণা প্রতিষ্ঠান সিপরির তথ্যানুযায়ী ২০১০ সালে লাতিন আমেরিকা ছিল অস্ত্র বিক্রির সবচেয়ে বড় বাজার। আর ওই বছর বিশ্বের বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশগুলো হলো—চীন, ভারত ও পাকিস্তান।এককভাবে বিশ্বের মোট সামরিক ব্যয়ের সিংহভাগ খরচ করে থাকে যুক্তরাষ্ট্র। গত বছর তাদের ব্যয় বেড়েছে ২ দশমিক ৪ শতাংশ। আর ২০০১ সালের পর থেকে বৃদ্ধি হয়েছে ৮১ শতাংশ। নাইন-ইলেভেনের পর সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ, ইরাক যুদ্ধ ও আফগান অভিযান এই আকাশছোঁয়া ব্যয়ের জন্য দায়ী। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সামরিক খাতে বিশাল অর্থ ব্যয় করলেও ২০১০ সালে তাদের এ বাবদ ব্যয় কমেছে ২ দশমিক ৪ শতাংশ। বৈশ্বিক মন্দা ও অর্থনৈতিক অস্থিতিশীলতা এর কারণ বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। নাইর ইকবাল