নগরের মুরাদপুর এলাকায় গত সোমবার জামায়াত-শিবিরের অতর্কিত হামলার ঘটনা স্থানীয় পুলিশ প্রশাসনকে ভাবিয়ে তুলেছে। এ ঘটনায় পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার আব্দুল মান্নান ও তাঁর দেহরক্ষী মারাত্মক জখম হন। পুলিশ ভিডিও ফুটেজের সূত্র ধরে হামলাকারীদের চিহ্নিত করতে সক্ষম হয়েছে। ঘটনায় জড়িত অস্ত্রধারী এক সন্ত্রাসীর নাম জনি। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের মহেষখালী এলাকায়—পুলিশ নিশ্চিত হয়েছে। এখন জনিসহ অন্যদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে। পুলিশ সূত্র জানায়, মুরাদপুরের ঘটনায় জামায়াতে ইসলামের সাংসদ ও নগর আমীর শামসুল ইসলামসহ ১১৮ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি মামলা হয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ প্রথম দিন ২৩ জনকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তার হয় আরও আটজন। সবাইকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ রোববার মহানগর হাকিম আদালতে রিমান্ড শুনানি হতে পারে বলে জানা গেছে। পুলিশ সূত্র আরও জানায়, সোমবারের হামলা পূর্বপরিকল্পিত এবং জড়ো হওয়া নেতা-কর্মীদের মধ্যে দাগি সন্ত্রাসীও ছিল। যেমন, সহকারী পুলিশ কমিশনার মান্নান ও তাঁর দেহরক্ষীর ওপর হামলাকারী শিবির ক্যাডার জনির কোমরে আগ্নেয়াস্ত্র ছিল, যা ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা গেছে। জনি সহকারী কমিশনারের দেহরক্ষীকে লাঠি দিয়ে মারছিলেন। পুলিশ কর্মকর্তারা জানান, গত সোমবার বিকেলে নগরের মুরাদপুর এলাকায় পুলিশের ওপর আকস্মিক এই হামলা চালায় জামায়াত-শিবির। ওই দিন রাস্তার আইল্যান্ডে দাঁড়িয়ে জামায়াতের এক কর্মী বাঁশি বাজায়। মুহূর্তের মধ্যে তিন হাজারের বেশি নেতা-কর্মী রাস্তার পাশে একটি মসজিদের সামনে জড়ো হয়ে সহিংস ঘটনা ঘটায়। এ ঘটনায় পুলিশ কর্মকর্তা আহত হওয়া ছাড়াও অনেক গাড়ি ভাঙচুর হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পুলিশের ওপর হামলা পূর্বপরিকল্পিত ছিল। হামলাকারীদের মধ্যে অস্ত্রধারী সন্ত্রাসীরাও ছিল। আমরা ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করেছি। এ ঘটনায় জড়িত অনেকে গ্রেপ্তার হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে তাঁদের কাছ থেকে হামলার কারণ সম্পর্কে জানা হবে।’ জামায়াতে ইসলামীর নগর আমির ও সাংসদ শামসুল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলার অভিযোগ মিথ্যা। পুলিশ দেখলে আমাদের লোকজন কেন মারতে যাবে? তবে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করতে গেলে পুলিশ আমাদের নেতা-কর্মীদের বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে জামায়াতে ইসলামীর মিছিল ছত্রভঙ্গ করে দেয়। আত্মরক্ষার্থে কেউ পুলিশকে ঢিল ছুড়লে তাঁকে তো দোষী করা যায় না।’ সাংসদ শামসুল ইসলাম সরকারকে দোষারোপ করে বলেন, ‘আমাদের কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করা গণতন্ত্র ও দেশের সুষ্ঠু রাজনীতির জন্য শুভ নয়। প্রতিটি রাজনৈতিক দলের মিছিল-সমাবেশ করার অধিকার আছে। সেই অধিকার বর্তমান সরকার দিতে চায় না। জামায়াতে ইসলামী ভাঙচুর ও অগ্নিসংযোগে বিশ্বাস করে না। নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে।’জানা গেছে, মেহেদীবাগের একটি বেসরকারি হাসপাতালে জামায়াতের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ ও গোপন বৈঠক হয়ে আসছে। ঘটনার পরদিন গত মঙ্গলবার রাতে গোয়েন্দা পুলিশ ওই হাসপাতাল থেকে জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীর মুঠোফোন উদ্ধার করে। মুঠোফোন উদ্ধারের আগে শাহজাহান চৌধুরী ওই হাসপাতালে জামায়াত-সমর্থিত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন বলে জানা গেছে। পুলিশ সূত্র জানায়, জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মঙ্গলবার বিকেলে মুরাদপুর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। জঙ্গিদের মতো করে জামায়াতের এক কর্মী রাস্তার আইল্যান্ডে দাঁড়িয়ে বাঁশি বাজালে মুহূর্তের মধ্যে সবাই মোড়ের কাছে একটি মসজিদের সামনে জড়ো হন। এরপর গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালানো হয়।