মহেশখালীর সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন লাখো ভোটার। প্রতিদ্বন্দ্বী কিছু প্রার্থী ভাড়াটে সন্ত্রাসী দিয়ে এলাকায় অবৈধ অস্ত্রের মহড়া ও ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। ৩১ মার্চ এ উপজেলার ধলঘাটা, মাতারবাড়ি, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী, ছোট মহেশখালী ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সীমানা বিরোধ নিয়ে উচ্চ আদালতে মামলা করায় শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রয়েছে। সাত ইউনিয়নের ভোটারসংখ্যা এক লাখ ৪১ হাজার ৬৪৫। এর মধ্যে পুরুষ ভোটার ৭১ হাজার ৩৮১ ও মহিলা ভোটার ৭০ হাজার ২৬৪। নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ১১৭ এবং সাধারণ ওয়ার্ডে ৩৭৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আতঙ্কে ভোটার ভোটাররা জানান, ২৩ মার্চ রাতে বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকায় পৃথক পথসভা করছিলেন দুই চেয়ারম্যান প্রার্থী এনায়েত উল্লাহ বাবুল (গরুর গাড়ি) ও শরীফ বাদশা (আনারস)। এ সময় উভয় পক্ষের সন্ত্রাসীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় অন্তত ১০ জন পথচারী আহত হন। এর মধ্যে স্থানীয় নুরুল আলমের ছেলে মোহাম্মদ ফারুককে (২৫) আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বিদ্যালয়শিক্ষক জানান, এ দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে অস্ত্রধারী একাধিক সন্ত্রাসী বাহিনী মাঠে নেমেছে। এ নিয়ে প্রায় প্রতিদিন ছোটখাটো হামলা, মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটছে। ইউনিয়নের কুলালপাড়ার ভোটার জাফর আলম জানান, নির্বাচনের দিন তিনি ভোট দিতে কেন্দ্রেই যাবেন না। কারণ ভোট দেওয়া না দেওয়া নিয়ে পরবর্তীকালে তাঁকে বিপদে পড়তে হবে। স্থানীয় ব্যবসায়ী নুরুল আমিন জানান, দুই চেয়ারম্যান প্রার্থীর পক্ষে হামলা-পাল্টাহামলা এবং সন্ত্রাসীদের ভয়ভীতির কারণে পুরো ইউনিয়নে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এতে ভোটাররা শঙ্কিত। সন্ত্রাসী লালন ও হামলার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান প্রার্থী এনায়েত উল্লাহ জানান, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফ বাদশা পরাজয় আঁচ করতে পেরে সন্ত্রাসী বাহিনী দিয়ে ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও টাকা দিয়ে ভোট কেনার চক্রান্ত করছেন। অন্যদিকে শরীফ বাদশা পাল্টা অভিযোগ করে বলেন, এনায়েত উল্লাহই অস্ত্রধারী সন্ত্রাসী লেলিয়ে দিয়ে তাঁর পক্ষের ভোটারদের হামলা ও মারধর করছেন। অন্যদিকে, মাতারবাড়ি ইউনিয়নেও তিন চেয়ারম্যান প্রার্থীর পক্ষে সন্ত্রাসীরা মাঠে নেমেছে। এখানেও প্রার্থীরা আচরণবিধি না মেনে টাকা বিতরণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম এবং এনামুল হক এসব অভিযোগ অস্বীকার করেন। তাঁরা দুজনই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক মাতারবাড়ি, বড় মহেশখালী ও কালারমারছড়ার কয়েকজন ভোটার জানান, সাত ইউনিয়নের অন্তত এক ডজন চেয়ারম্যান ও সদস্য প্রার্থীর পক্ষে চার শতাধিক অস্ত্রধারী সন্ত্রাসী এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। কুতুবজোম ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থী কবির আহমদ সওদাগর ও বোরহান উদ্দিনের মধ্যে চলছে তীব্র উত্তেজনা ও টাকার খেলা। দুই প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী লালন-পালনের অভিযোগও রয়েছে। এ দুই প্রার্থী সম্প্রতি একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগও করছেন।সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও এ টি এম কাউসার হোসেন জানান, অভিযোগের তদন্ত চলছে। সত্যতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।অবৈধ অস্ত্রের বেচাকেনা নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনা বাড়ছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চেয়ারম্যান ও সদস্য পদপ্রার্থী জানান, মহেশখালীর পাহাড়ে স্থাপিত ভ্রাম্যমাণ কারখানায় তৈরি প্রতিটি কাটা বন্দুক ও এলজি দেড়-দুই হাজার, পিস্তল তিন-পাঁচ হাজার, এক নলা ও দুই নলা লম্বা বন্দুক সর্বোচ্চ ১০ হাজার টাকায় বেচাকেনা হচ্ছে। পুরো মহেশখালী দ্বীপে এ ধরনের ৩০ হাজারের বেশি অবৈধ অস্ত্র থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের সিকদার জানান, নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে গেছে। উপজেলার কয়েকটি সন্ত্রাসী বাহিনী অস্ত্র সংগ্রহের পাশাপাশি বেচাকেনা করছে বলে খবর পাওয়া যাচ্ছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, ইতিমধ্যে মহেশখালীর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে পাঁচটি অস্ত্র তৈরির কারখানাসহ কয়েকজন কারিগরকে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। দুর্গম পাহাড়ে স্থাপন করা হয় বলে অন্য কারখানাগুলো উচ্ছেদ করা সম্ভব হচ্ছে না। নির্বাচনে সন্ত্রাসীরা যেন অবৈধ প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে পুলিশ সজাগ রয়েছে। বেশির ভাগ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সূত্র জানায়, উপজেলার সাত ইউনিয়নে ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে বর্তমানে ৫২টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বড় মহেশখালী, কালারমারছড়া, মাতারবাড়ি, ধলঘাটায় রয়েছে ৩৪টি।ইউএনও এ টি এম কাউসার হোসেন জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী থাকবে। ২০ মার্চ থেকে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ ভ্রাম্যমাণ দল মাঠে নামানো হয়েছে।