অস্ত্রের মহড়ায় শঙ্কিত ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের ‘ক্রাইম জোন’ হিসেবে খ্যাত সাগরদ্বীপ মহেশখালী পৌরসভা নির্বাচনের শেষ মুহূর্তে এসে ভোটাররা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ গোরকঘাটা আর অন্য পক্ষ পুঁটিবিলা। কারণ, পুঁটিবিলা গ্রামে মহাজোট-সমর্থিত মেয়র পদপ্রার্থী সরোয়ার আজমের বাড়ি। আর গোরকঘাটায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মকছুদ মিয়ার বাড়ি। নির্বাচনে চারদলীয় জোট-সমর্থিত একক প্রার্থীসহ ছয় মেয়র পদপ্রার্থী মাঠে থাকলেও তাঁদের নিয়ে ভোটারদের তেমন আগ্রহ নেই। সরেজমিনে ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।উপজেলা পরিষদ এলাকার ভোটার রাশেদুল ইসলাম (৪৫) ও রহিম উল্লাহ (৩৮) জানান, ২৭ জানুয়ারি গোরকঘাটার সঙ্গে পুঁটিবিলার ভোটযুদ্ধ হবে নাকি রণক্ষেত্র হবে বলা মুশকিল। কারণ, নির্বাচনকে কেন্দ্র করে এই দুই গ্রামের মধ্যে সন্ত্রাসীদের ব্যাপক তৎপরতা দেখা যাচ্ছে। সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেওয়া শুরু করেছে। সঙ্গে চলছে টাকার খেলা। এতে সাধারণ ভোটাররা সুষ্ঠুু নির্বাচন অনুষ্ঠান নিয়ে উদ্বিগ্ন। ভোটাররা জানান, এখানে মেয়র পদপ্রার্থী সরোয়ার আজম ও মকছুদ মিয়ার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা বেশি। আবার তাঁদের সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষেরও আশঙ্কা করা হচ্ছে। কারণ, দুই প্রার্থীর মধ্যে আগে থেকেই বাঘে-মোষে সম্পর্ক। চারদলীয় জোটের মেয়র পদপ্রার্থী গোলাম মোস্তফা অভিযোগ করেন, নির্বাচনের আগেই পুঁটিবিলা, মুহুরিপাড়ায় সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। বিভিন্ন এলাকায় টাকা ছড়ানো হচ্ছে। এই পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন আরও পাঁচজন—আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র পূর্ণচন্দ্র দে, জাতীয় পার্টির শামসুল আলম, স্বতন্ত্র প্রার্থী জামালুর রহমান, মনিরুল আলম ও সার্জিনা আকতার। মেয়র পদপ্রার্থী পূর্ণচন্দ্র দে জানান, এখানে নির্বাচনের নামে আওয়ামী লীগের দুই প্রার্থীর অস্ত্রের মহড়া ও টাকার খেলা চলছে। তাঁদের জ্বালায় নির্বাচন করব দূরের কথা ঠিকমতো হাঁটাচলাও করা যাচ্ছে না। জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী শামসুল আলম জানান, এখানে নির্বাচনের নামে অবৈধ অস্ত্রের মহড়া চলছে। সন্ত্রাসীদের তৎপরতা দিন দিন বাড়ছে। বিদ্রোহী প্রার্থী মকছুদ মিয়া বলেন, মহাজোটের প্রার্থী ঘোষণা দিয়ে এই সরোয়ার কয়েকটি ভোটকেন্দ্র দখলের চেষ্টা করছেন। এজন্য স্বশস্ত্র ক্যাডার বাহিনী নামিয়ে এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন। বিপুল পরিমাণ টাকা ছিটিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। অবৈধ অস্ত্রের মহড়া প্রসঙ্গে জানতে চাইলে মেয়র পদপ্রার্থী সরোয়ার আজম বলেন, এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউছার হোসেন জানান, পৌরসভার মোট নয়টি ভোটকেন্দ্রকেই আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিচ্ছি। প্রত্যেক কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পুলিশ ও আনসার নিযুক্ত থাকবে। তা ছাড়া নৌবাহিনী ও র‌্যাবও নিয়োজিত থাকবে। ভোটকেন্দ্রে গোলযোগের আশঙ্কা প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, ক্রাইম জোন এবং অবৈধ অস্ত্র তৈরি ও বেচাকেনার জন্য মহেশখালীর কুখ্যাতি আছে। এখানকার অবৈধ অস্ত্র ও সন্ত্রাসীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী ২৫ জানুয়ারি রাত থেকে অভিযান চালাবে। ব্যালট ছিনতাই করার লক্ষ্যে কেউ বাক্সে হাত দিলে গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। যে কেন্দ্রে গোলযোগ দেখা দেবে সঙ্গে সঙ্গে ওই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ রাখা হবে। মহেশখালীর এই নির্বাচনকে ফেনী আর লক্ষ্মীপুরের মতো করার সুযোগ কাউকে দেওয়া হবে না।