ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটলেও এই উপজেলার স্বাস্থ্যকেন্দ্রে কেবল প্রাথমিক চিকিৎসা মেলে। অবেদনবিদ ও অপারেশন টেবিল না থাকায় জরুরি অস্ত্রোপচারও হয় না এখানে। এক মাস ধরে বিকল পড়ে আছে অ্যাম্বুলেন্স। এ কারণে আহত ও সংকটাপন্ন রোগীদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত চট্টগ্রামে পাঠানোর কাজটি হচ্ছে না।
৫ আগস্ট বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, অস্ত্রোপচারকক্ষের দরজায় তালা ঝুলছে। এক্স–রে কক্ষটিও বন্ধ। জেনারেটর কক্ষে জমেছে মাকড়সার জাল। হাসপাতালের বহির্বিভাগে শ খানেক রোগী অপেক্ষা করছিল চিকিৎসার জন্য।
এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগেও দেখা গেল রোগীর ভিড়। তবে এই বিভাগে স্থায়ী চিকিৎসক না থাকায় বহির্বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা এখানে সেবা দেন। অন্তর্বিভাগে ৩০ জন রোগী ভর্তি ছিল, যাদের অধিকাংশই শিশু ও নারী।
৫০ শয্যার এই হাসপাতালে ২৮ জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত ২৩ জন। এর মধ্যে নয়জন সহকারী সার্জন, সাতজন চিকিৎসা কর্মকর্তা ও সাতজন জুনিয়র কনসালট্যান্ট। ১৫ জন নার্সের মধ্যে কর্মরত নয়জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এস এম আবদুল মোমেন প্রথম আলোকে বলেন, ২০১১ সালে স্বাস্থ্যকেন্দ্রটি ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করার আগ থেকেই এক্স–রে যন্ত্রটি নষ্ট। জেনারেটর নষ্ট থাকায় বিদ্যুৎ চলে গেলে মোম জ্বালিয়ে চলে চিকিৎসাসেবা। এ ছাড়া অ্যাম্বুলেন্সটি পুরোনো হওয়ায় বারবার বিকল হয়ে পড়ে। এক মাস ধরে অ্যাম্বুলেন্সটি পুরোপুরি বিকল হয়ে পড়েছে। এ ছাড়া অনেক চিকিৎসক ছুটিতে থাকায় মাঝেমধ্যে সংকট দেখা দেয়।
জরুরি বিভাগে মেলে কেবল প্রাথমিক চিকিৎসা: মহাসড়কের পাশে হওয়ায় এ হাসপাতালের জরুরি বিভাগে দুর্ঘটনায় আহত অনেক রোগী আসে। কিন্তু রোগীদের ক্ষতস্থানে ব্যান্ডেজ করা ছাড়া এখানে তেমন চিকিৎসা মেলে না।
বিষয়টি স্বীকার করেন জরুরি বিভাগের চিকিৎসক সাহেদা আক্তার। তিনি প্রথম আলোকে বলেন, হাসপাতালে অপারেশন টেবিলই নেই। বড় অপারেশনের জন্য নেই অবেদনবিদ ও শল্যচিকিৎসক। তাই তাঁরা ঝুঁকি নেন না।
এক্স–রে যন্ত্র বিকল: ২০১১ সালের আগ থেকে বিকল রয়েছে এক্স–রে যন্ত্র। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সূত্রে জানা গেছে, বেশ কয়েকবার মেরামত করার পরও এটি ঠিক হয়নি। জেলা সিভিল সার্জন বরাবর আবেদন করা হয়েছে এই বিষয়ে।
জেনারেটর নেই: চালু নেই হাসপাতালের জেনারেটর। রাতে বিদ্যুৎ চলে গেলে পুরো স্বাস্থ্যকেন্দ্র অন্ধকার হয়ে পড়ে। তখন মোমবাতি জ্বালিয়ে জরুরি বিভাগসহ অন্য বিভাগগুলোর সেবা কার্যক্রম চলে। এ বিষয়ে কর্মরত চিকিৎসকেরা জানান, হাসপাতালের জন্য জ্বালানি বরাদ্দ না থাকায় জেনারেটর চালানো যায় না। রাতে বিদ্যুৎ চলে গেলে আইপিএস ও মোম জ্বালিয়ে চলে কার্যক্রম।
নষ্ট একটি মাত্র অ্যাম্বুলেন্স: হাসপাতালের আছে একটি মাত্র অ্যাম্বুলেন্স। আশঙ্কাজনক রোগীদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে এটি ব্যবহৃত হয়। সেটিও নষ্ট হয়ে পড়ে আছে এক মাস ধরে। বর্তমানে সেটি স্থানীয় সাংসদের ব্যক্তিগত উদ্যোগে মেরামতের জন্য পাঠানো হয়েছে বলে জানা গেছে। এদিকে সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় টাকা খরচ করে বেসরকারি অ্যাম্বুলেন্সে করে আশঙ্কাজনক রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যাওয়া হয়।