অস্ত্রোপচার কক্ষ শুধুই শোভা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন অস্ত্রোপচার কক্ষ থাকলেও শল্যচিকিৎসক ও অবেদনবিদ না থাকায় আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্রে শল্যচিকিৎসা হয় না। এ কারণে একদিকে রোগীরা যেমন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে ব্যবহারের অভাবে নষ্ট হচ্ছে মূল্যবান সব যন্ত্রপাতিও। জানা গেছে, ৩১ শয্যাবিশিষ্ট আনোয়ারা স্বাস্থ্যকেন্দ্র ২০০৬ সালের ১৬ মার্চ ৫০ শয্যায় উন্নীত করা হয়। এ সময় হাসপাতালে দন্ত বিভাগ চালু হয়। এ ছাড়া অস্ত্রোপচার টেবিল (হাইড্রোলিক), ইসিজি-যন্ত্র, অটোক্ল্যাভ, সেন্ট্রিফিউজ যন্ত্র, রেফ্রিজারেটর ও এক্স-রে ড্রয়ারের মতো আধুনিক সব যন্ত্রপাতি দিয়ে সাজানো হয় অস্ত্রোপচার কক্ষ। কিন্তু ব্যবহূত না হওয়ার কারণে এসব মূল্যবান যন্ত্র নষ্ট হচ্ছে। জানা গেছে, স্বাস্থ্যকেন্দ্রে শল্যচিকিৎসক (জুনিয়র কনসালট্যান্ট-সার্জারি) নেই। এ পদের নিয়োগ না দিয়ে একজন শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে। অবেদনকারী চিকিৎসকের (জুনিয়র কনসালট্যান্ট-এনেসথেসিয়া) স্থলে নিয়োগ দেওয়া হয়েছে একজন স্বাস্থ্য কর্মকর্তাকে। তবে ওই পদে কর্মরত চিকিৎসক তাসনুভা তানজিল বর্তমানে অবেদন বিষয়ে ছয় মাসের প্রশিক্ষণ নিচ্ছেন বলে জানা গেছে। সরেজমিনে দেখা গেছে, স্বাস্থ্যকেন্দ্রের অবেদনকারী যন্ত্র, নবজাতককে রাখার ইনকিউবেটর, ইসিজি ও এক্স-রে যন্ত্র অচল পড়ে আছে। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও কাজ করে না। অস্ত্রোপচার কক্ষের গুরুত্বপূর্ণ আটটি বাতির সাতটিই নষ্ট। অভিযোগ আছে, হাসপাতালে অস্ত্রোপচার না হওয়ায় প্রসূতি রোগীদের দুর্ভোগ বেড়েছে। অস্ত্রোপচার কক্ষ চালু না হওয়ায় প্রসূতি রোগীদের শল্য চিকিৎসার মাধ্যমে প্রসব করানো (সিজার) যাচ্ছে না। স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত জ্যেষ্ঠ সেবিকা ও ওয়ার্ড তত্ত্বাবধায়ক রীতা বৈদ্য বলেন, স্বাভাবিক প্রসব হলে দিনে চিকিৎসকেরা ও রাতে প্রশিক্ষিত সেবিকারা প্রসব করান। কিন্তু সিজার করার প্রয়োজন হলে সমস্যায় পড়তে হয়।এসব সমস্যার কথা স্বীকার করেন স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা (আরএমও) ডা. গোলাম মোহাম্মদ। তিনি বলেন, ব্যবহার না থাকায় স্বাস্থ্যকেন্দ্রের দামি যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, অবেদনবিদ না থাকায় স্বাস্থ্যকেন্দ্রে সিজার করা যাচ্ছে না। বর্তমানে একজন স্বাস্থ্যকর্মকর্তা অবেদনের ওপর ছয় মাসের প্রশিক্ষণ নিচ্ছেন। তিনি এলে অস্ত্রোপচারের কাজ শুরু হবে।আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান শাহরিয়ার প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচার কক্ষ চালুসহ হাসপাতালের নানা সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।