অস্ত্রোপচার বন্ধ তিন মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলা হাসপাতালে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে রোগীরা উপযুক্ত চিকিৎসাসেবা পাচ্ছেন না। অবেদনবিদের (অ্যানেস্থেটিস্ট) অভাবে প্রসূতি ও নাক-কান-গলাসহ বিভিন্ন রোগীর প্রয়োজনীয় অস্ত্রোপচার গত তিন মাস ধরে বন্ধ রয়েছে। ফলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অস্ত্রোপচারের জন্য আসা রোগীরা চিকিৎসাসেবা না পেয়ে নগরের বিভিন্ন হাসপাতালে ছুটতে বাধ্য হচ্ছেন। এ ক্ষেত্রে সবচেয়ে বিপাকে পড়ছেন প্রসূতিরা। হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রসববেদনা নিয়ে পটিয়া হাসপাতালে আসছিলেন মুন্সেফবাজার এলাকার এক গৃহবধূ (৩৫)। এখানে অবেদনবিদের অভাবে প্রসব করানো সম্ভব হবে না বলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। কিন্তু প্রায় চার কিলোমিটার দূরে লড়িহড়া নামক স্থানে যাওয়ার পর সিএনজিচালিত অটোরিকশার ভেতরেই সন্তান প্রসব করেন ওই গৃহবধূ। পরে স্থানীয় একটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে তাঁর প্রাথমিক পরিচর্যা করা হয়। জানা যায়, জুনিয়র কনসালটেন্ট (অবেদনবিদ) মামুনুর রশিদ বদলি হয়েছেন তিন মাস আগে। সেই থেকে হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ হয়ে গেছে। ফলে প্রতিদিন চিকিৎসা নিতে আসা প্রসূতিসহ নানা জটিল রোগী এখানে চিকিৎসা না পেয়ে ২৮ কিলোমিটার দূরে নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল বা অন্য কোনো বেসরকারি হাসপাতালে চলে যেতে বাধ্য হচ্ছেন। চিকিৎসকেরা জানান, ২০০৮ সালে পটিয়া উপজেলা হাসপাতালে প্রসূতি অস্ত্রোপচার কার্যক্রম চালু হওয়ার পর প্রতি মাসে ১০ থেকে ১২ জন প্রসূতির অস্ত্রোপচার ছাড়াও অনেক টনসিল ও হার্নিয়া রোগীর অস্ত্রোপচার হতো।হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ২২ জন চিকিৎসকের পদ রয়েছে। এর মধ্যে পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ দীর্ঘদিন ধরে শূন্য। তাঁদের মধ্যে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) নেই গত চার বছর। জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলোজি) নেই পাঁচ বছর ধরে। জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিকস) নেই গত এক বছর। জুনিয়র কনসালটেন্ট (চক্ষু বিশেষজ্ঞ) পদটি ২০০৯ সালে সৃষ্টি করা হলেও এই পদে এখনো কোনো চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমান জানান, প্রতিদিন এ হাসপাতালে বহির্বিভাগে প্রায় তিন শতাধিক এবং জরুরি বিভাগে শতাধিক রোগী চিকিৎসা নেন। এ ছাড়া ৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রায়দিন ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি থাকেন। কিন্তু সে অনুপাতে ওষুধ সরবরাহ ও চিকিৎসক নেই। ফলে চিকিৎসকেরা চাপে থাকেন বেশি। তিনি জানান, গত তিন মাস ধরে অবেদনবিদ না থাকায় প্রসূতিসেবাসহ সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে। এ ছাড়া ইসিজি মেশিনটিও তিন মাস ধরে খারাপ অবস্থায় পড়ে আছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা দুলাল প্রসাদ ভট্টাচার্য প্রয়োজনীয় চিকিৎসক না থাকার কথা স্বীকার করেন। তিনি জানান, অবেদন বিষয়ে স্বল্পকালীন প্রশিক্ষণপ্রাপ্ত একজন মেডিসিনের চিকিৎসক কয়েক দিন আগে এখানে যোগ দিয়েছেন। তবে তিনি প্রসূতি ছাড়া অন্য কোনো অস্ত্রোপচারের ক্ষেত্রে কাজ করতে পারবেন না।