অস্থায়ী কর্মীদের ঠিকানা নেই, টিকছে না মামলা
‘অট্টালিকার উপায় থাকিতে হাজারতর/যার চালা ঘুচে নাই, ঘৃণা কি করুণা করো না তাদের শ্রদ্ধা করো/ তারা মানুষেরই ভাই...।’ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাঁর সঙ্গে থাকা স্বজনেরা চুরি-ছিনতাইয়ের শিকার হওয়া প্রসঙ্গে একটি মামলার আদেশে চট্টগ্রাম মহানগর আদালতের জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান কবি জ্যোতিন্দ্রনাথের পঙিক্তগুলো তুলে ধরেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে প্রথম আলোয় সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এ-সংক্রান্ত পাঁচটি মামলা করেন। পরে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. আনোয়ার হোসেন গত ১২ ডিসেম্বর একটি মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।আদালত সূত্র জানায়, প্রতিবেদনের ভিত্তিতে সম্প্রতি এ বিষয়ে জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গত বৃহস্পতিবার একটি আদেশ দেন। পুলিশি তদন্তে মোবাইল ফোন ছিনতাইকারী চিহ্নিত না হওয়ায় মামলাটি আমলে নেওয়া যায়নি বলে আদেশে উল্লেখ করা হয়। তবে পুলিশি তদন্তে হাসপাতালের করুণচিত্র তুলে ধরায় আদালত গোয়েন্দা পুলিশ পরিদর্শককে দায়িত্বশীল কর্মকর্তা বলে মন্তব্য করেন। আদেশে বলা হয়, আইনের বাঁধাধরা নিয়মের কারণে অপরাধ আমলে নেওয়া না গেলেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো জনস্বার্থে পরিচর্যাকারী প্রতিষ্ঠানের সার্বিক চিত্র সম্পর্কে কিছুটা হলেও ধারণা পাওয়া গেছে। এতে হাসপাতালের পরিবেশ সুখকর নয় বলে মনে হচ্ছে। গোয়েন্দা পুলিশের প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে মোবাইল ফোনসেট ছিনতাইয়ের পর গাউসিয়া ট্রেডার্স সিকিউরিটি কোম্পানির আজিজুল হককে চাকরিচ্যুত করা হয়েছে। ওই সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুটি সিকিউরিটি কোম্পানির কর্মীরা কাজে নিয়োজিত ছিলেন। চুক্তির মেয়াদ শেষ হলে সেপ্টেম্বরে গাউসিয়া কাজ গুটিয়ে চলে যায়। এখন নেপকন ক্লিনিং অ্যান্ড সিকিউরিটি সার্ভিসের ১৩০ কর্মী কাজ করছেন। অথচ তাঁদের পূর্ণাঙ্গ ঠিকানা সংশ্লিষ্ট সিকিউরিটি কোম্পানি বা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই। প্রতিবেদনে আরও বলা হয়, হাসপাতালে ৩৪টি ওয়ার্ড আছে। প্রতিটিতে ওয়ার্ডবয় ও আয়াদের একজন করে সর্দার আছেন। সর্দার চিকিৎসকের পরামর্শে প্রতিটি ওয়ার্ডে ঠিকানাবিহীন তিন-চারজন করে লোক নিয়োগ দেন। যেমন ১৬ নম্বর ওয়ার্ডে আছেন ইকরাম হোসেন, মামুন, আকবর ও আয়া রিন্টু। তাঁরা রোগীদের সেবাযত্ন করে টাকা নেন বলে জানা যায়। হাসপাতালে কোনো কাণ্ড ঘটালে প্রাইভেট সিকিউরিটি কোম্পানির কর্মী বা ঠিকানাবিহীন লোকজনকে আর খুঁজে পাওয়া যায় না। কারণ, তাঁদের পূর্ণাঙ্গ ঠিকানা কোথাও সংরক্ষণ করা নেই।প্রতিবেদনে আরও বলা হয়, চট্টগ্রাম মেডিকেলে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রোগী দেখতে আসেন চিকিৎসকেরা। সারা দিন আর আসেন না। অন্য সময় অধ্যাপক বা বিভাগীয় প্রধানেরা মাঝেমধ্যে আসেন। তবে তা নিয়মিত নয়। চিকিৎসকদের অনুপস্থিতিতে ইন্টার্নি চিকিৎসক ও সেবিকারা ওয়ার্ডের রোগী দেখাশোনা করেন। অনেক সময় ইন্টার্নি চিকিৎসক ও সেবিকারা নির্ধারিত কক্ষে বসে গল্প করেন। ইন্টার্নি চিকিৎসক ও ওয়ার্ডবয় বা আয়ার অনুপস্থিতিতে রোগীকে ওষুধ দেওয়া ও সেবাযত্ন করে ঠিকানাবিহীন লোকজন। এ সুযোগে তাঁরা রোগীর টাকা বা মূল্যবান জিনিসপত্র চুরি করেন। হাসপাতাল কর্তৃপক্ষের নজরদারি না থাকার কারণে এসব কাণ্ড ঘটছে বলে প্রতীয়মান হয়।