অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের স্থায়ী করার প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ী করার প্রক্রিয়া চলছে। বর্তমানে তাঁদের আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে। নভেম্বরে এ প্রক্রিয়া শেষ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শ্রমিক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাঁদের চাকরি স্থায়ী করার দাবি জানিয়ে আসছিলেন। এ দাবিতে আন্দোলনের অংশ হিসেবে তাঁরা গত ৩ সেপ্টেম্বর নগর ভবনে তালা ঝুলিয়ে দেন। সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম চাকরি স্থায়ী করার আশ্বাস দিলে পরে তালা খুলে দেওয়া হয়। এরপর গত ৫ সেপ্টেম্বর বিভিন্ন দৈনিক পত্রিকায় ২২টি শাখার শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে করপোরেশন। আবেদন জমা দেওয়ার শেষ সময় ছিল গত ২২ সেপ্টেম্বর।

জানতে চাইলে করপোরেশনের প্রধান নির্বাহী আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের চাকরি স্থায়ী করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। আবেদনকারীদের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে আগামী নভেম্বরে প্রায় এক হাজার ২০০ শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করা হবে।’

করপোরেশন সূত্রে জানা গেছে, বর্তমানে করপোরেশনের বিভিন্ন বিভাগে সাত হাজার ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক নিয়োজিত আছেন। তাঁদের মধ্যে স্থায়ী হচ্ছেন দুই হাজার ৪৭২ জন এবং অস্থায়ী ভিত্তিতে আছেন চার হাজার ৬২২ জন। ১৯৮৮ সালের জনবল কাঠামো অনুযায়ী ১৩৪৫টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি শূন্য রয়েছে সেবক ও এমএলএস এসের পদ।

 করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ২২টি শাখার মধ্যে রংমিস্ত্রি, কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রি পদগুলোতে শেষবারের মতো নিয়োগ দেওয়া হবে। প্রয়োজনীয়তা না থাকায় এসব পদ বিলুপ্ত ঘোষণা করার প্রক্রিয়া চলছে।

করপোরেশনের জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী আবু তৈয়ব প্রথম আলোকে বলেন, ‘দীর্ঘদিন ধরে যাঁরা করপোরেশনে অস্থায়ী ভিত্তিতে কর্মরত আছেন, তাঁদের দ্রুত স্থায়ী করা হোক। আর বর্তমানে স্থায়ীকরণ প্রক্রিয়ার সময় নতুন করে কাউকে নিয়োগ দেওয়া হলে আমরা তা মেনে নেব না।’

 শ্রমিকদের অপর সংগঠন চট্টগ্রাম সিটি করপোরেশনের শ্রমিক সংস্থার সভাপতি মোহাম্মদ মনু মিয়া বলেন, ‘করপোরেশনের অনেক কর্মচারী ১৫-২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। তাঁদের স্থায়ী করা আমাদের দীর্ঘদিনের দাবি।’

উল্লেখ্য, অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করার দাবিতে করপোরেশনের তিনটি শ্রমিক সংগঠন গত দুই বছর ধরে আন্দোলন করে আসছে। এরই মধ্যে তাদের চাকরি স্থায়ী করার ব্যাপারে করপোরেশনের মেয়রসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েক দফা আশ্বাস দেন। কিন্তু তা কার্যকর না হওয়ায় গত সেপ্টেম্বরের শুরুর দিকে তিন শ্রমিক সংগঠন একত্রে আন্দোলন শুরু করে।