অস্থির সময়ে রবীন্দ্রসুধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় অস্থির। চলছে রাজনৈতিক টানাপোড়েন। হরতাল-সহিংসতা-হানাহানি সব জায়গায়। এত সব অস্থিরতার মধ্যেও কিছুটা স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছে অভ্যুদয় সংগীত অঙ্গন। গত শনিবার নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আগত দর্শকশ্রোতাদের তারা কিছু সময়ের জন্য সংগীতের মূর্ছনায় আবিষ্ট করে রেখেছিল।অভ্যুদয় মূলত রবীন্দ্রচর্চা করে থাকে। তারই ধারবাহিকতায় এবার তাদের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘সীমার মাঝে অসীম তুমি...।’ অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ, ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ ও সংগীতজ্ঞ মিহির নন্দী। বক্তারা বলেন, ‘শুদ্ধ ও সুস্থ সংস্কৃতি বাঙালি জাতিসত্তার প্রাণ। এই সংস্কৃতি আমাদের এগিয়ে যাওয়ার পথ দেখায়। রবীন্দ্রনাথ-নজরুলের গান আমাদের এগিয়ে যাবার প্রেরণা জুগিয়ে যায়।’অভ্যুদয় এবারের আয়োজনটি সাজিয়েছে পূজা পর্যায়ের ২১টি গান দিয়ে। শুরু হয় ‘সন্ধ্যা হলো গো’ গান দিয়ে। এরপর কখনো একক কখনো বা সমবেত কণ্ঠে রবীন্দ্রসুধা বিতরণ করেন শিল্পীরা। এর মধ্যে ‘সীমার মাঝে অসীম তুমি,’ ‘আমার মাথা নত করে দাও হে’, ‘সত্য মঙ্গল তুমি’, ‘সুখহীন নিশিদিন’ ইত্যাদি সংগীত রবীন্দ্রপ্রেমীদের মুগ্ধ করেছে। গানের মাঝে মাঝে ছিল রবীন্দ্র রচনাবলী থেকে পাঠও। অনুষ্ঠানের পরিচালক ও পরিকল্পনাকারী অভ্যুদয়ের শ্রেয়সী রায় বলেন, রীবন্দ্রনাথের গানে বিষয়ের বৈচিত্র্য রয়েছে। এবার আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি পূজা ও প্রার্থনা পর্যায়ের গান নিয়ে। পূজা পর্যায়ের মোট ৬১৭টি গান রয়েছে। পূজা থেকেই অন্য সব ধরনের ভাবরসের ইঙ্গিত পাওয়া যায়।’