অস্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হলুদ রঙের প্যান্ট কিনে আনলে কেন?’‘দেখো রুবি, তুমি রাগ করছ কেন? আমার সব প্যান্টই হয় কালো বা অ্যাশ কালারের। তাই ভাবলাম একটু ভেরিয়েশন আনার জন্য একটা শকিং কালারের প্যান্ট কিনি। তাই এই প্যান্টটা কিনেছি।’অফিস থেকে ফিরেই আনিসের এই হলুদ রঙের প্যান্টটা দেখে আমার মেজাজটা চরমে উঠল। একটা মানুষ এতটা অগোছালো হয় কী করে! আনিস এমন একটা মানুষ, যার কোনো কিছুই আমার পছন্দ হয় না। দেখা যাবে, আমি একটু খেয়াল না করলে সে কালই অফিসে এই হলুদ রঙের প্যান্ট পরে রওনা হবে।‘কী হলো, রুবি, কথা বলছ না কেন? একটা প্যান্ট নিয়ে শুধু শুধু এতটা রাগ করা কি ঠিক? আর আমি এই প্যান্টটা তো তোমার জন্য আনিনি, তাহলে তুমি কোন যুক্তিতে রাগ করছ?’এই হলো আনিস। যার নিজের কোনো কিছুতেই খেয়াল নেই। সেই সঙ্গে আমার দিকেও কোনো খেয়াল নেই। আমি যদি সেজেগুজে ওর সামনে যাই, ও কিছুই খেয়াল করে না। অফিস থেকে এসে ওর জুতাগুলো দরজার সামনেই ফেলে এসেছে। আমাকে ওগুলো তুলে রাখতে হয়েছে। এখানে মেঝেতে ওর অফিসের ব্যাগ, প্যান্ট, শার্ট—সবই পড়ে আছে, এসব নিয়ে ওর সঙ্গে আমার অনেক ঝগড়া হয়েছে।অথচ আনিসের কোনো বিষয়েই কেউ কোনো দোষ দিতে পারবে না; সে সবার সঙ্গে ভালো ব্যবহার করে, বিশেষ করে, আমার পরিবারের লোকেরা ওকে খুবই পছন্দ করে। আর আমি যা বলি, ও তা-ই করার চেষ্টা করে, কখনোই আমার অজান্তে কিছু করে না। ওকে আমার কাছে একজন ভালো মানুষ মনে হয়, কিন্তু কোনো ভালো লাগার মানুষ মনে হয় না।ভালো লাগার মানুষ! হ্যাঁ, ও তো আমার ভালো লাগার মানুষই ছিল। পরিবারের সবার অমতে আমি ওকে বিয়ে করেছি। কিন্তু বিয়ের পরই ওর কদর্য রূপের সামনে আমাকে পড়তে হয়েছে। প্রতিনিয়ত ওর এই কদর্য রূপ আমাকে চরম অস্বস্তিকর জীবনের দিকে নিয়ে যাচ্ছে। ওর কদর্য রূপ প্রথম আমার চোখে পড়ে বাসররাতে। বাসররাতে ও ঘরে ঢোকে স্যান্ডো গেঞ্জি পরে। ও আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসছিল, আর রাগে আমার সমস্ত শরীরে আগুন জ্বলছিল!এই যে আমি চুপচাপ বারান্দায় বসে আছি, আমি জানি, আনিসের এটা নিয়ে কোনো মাথাব্যথা নেই। ও এখন ওর মুঠোফোনে গেম খেলছে। ওর নকিয়া ১১০০ মোবাইল ফোনসেটে ‘স্নেক’ বলে একটা গেম আছে। ওর ইচ্ছা, এটার অষ্টম ধাপে যাবে। এ জন্য প্রতিদিনই অফিস থেকে ফিরে খুব চেষ্টা করছে। উঁকি দিয়ে ওর দিকে তাকিয়েই মেজাজটা আরও খারাপ হলো। খালি গায়ে মেঝেতে শুয়ে শুয়ে গেম খেলছে, লুঙ্গিটা উঠে গেছে হাঁটুর ওপরে! উফ্, একটা মানুষ এতটা বিরক্তিকর হয় কেন!‘রুবি, চলো খেয়ে নিই! খিদা লেগেছে।’‘টেবিলে খাবার দেওয়া আছে, তুমি খেয়ে নাও, আমি খাব না।’‘আচ্ছা, তুমি আমার হলুদ প্যান্ট নিয়ে খেপে আছ? ঠিক আছে, কালই আমি এটা পাল্টে আনব। এবার চলো, খেয়ে নিই। খুব খিদা লেগেছে।’‘তুমি হলুদ কিংবা লাল রঙের প্যান্ট পরলেই বা কী?’‘দেখো রুবি, আমি জানি, তুমি আমার চালচলনে খুবই বিরক্ত হও। কিন্তু আমি তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। প্রতিদিন অফিস থেকে এসে এমন দেখতে ভালো লাগে না। আমি কি তোমার কোনো কিছুতে মাথা ঘামাই? তুমি কী পরো, কী করো, সেটা নিয়ে তো আমি তোমাকে কখনো বিরক্ত করি না। তাহলে তুমি এমন করছ কেন?’‘তোমার মাথা থাকলে তো মাথা ঘামাবে! তুমি যে রকমের মানুষ, তোমার বিয়ে করাই উচিত হয় নাই। উচিত ছিল একা একা থাকা। আশপাশের মানুষের তোমার কাছে কোনো অস্তিত্ব নেই। তুমি হচ্ছ একটা রোবটিক মানুষ!’‘সামান্য একটা প্যান্টের জন্য কেন তুমি আমাকে এত কথা শোনাচ্ছ? আমি তো বললাম কাল এটা বদলে নিয়ে আসব! প্রমিজ! বউ, এবার চলো, ভাত খেয়ে নিই, খুব খিদা লাগছে।’‘আমি খাব না, তুমি খেয়ে নাও।’‘আচ্ছা যাও, কাল থেকে তুমি যেভাবে বলবে, আমি ঠিক সেভাবে চলার চেষ্টা করব। প্লিজ, বিশ্বাস করো। কাল থেকে তুমি আমার সম্পূর্ণ অন্য রূপ দেখবে, বিশ্বাস করো, বিশ্বাস করো।’‘সত্যি বলছ?’‘হ্যাঁ, সত্যি বলছি। চলো, এখন ভাত খেয়ে নিই, চলো। তুমি টেবিলে গিয়ে ভাত বাড়ো, আমি স্নেক গেমটা আরেকবার চেষ্টা করে দেখি; শালা, একটা জায়গায় গিয়ে শুধু বারবার আটকাইয়া যাচ্ছি!’এই হচ্ছে আনিস। একটু আগে কী শপথ করল, পরমুহূর্তেই সব ভুলে গেল! ওফ্, আমার এই অস্বস্তির সঙ্গে বসবাস চলতেই থাকবে, চলতেই থাকবে!আহেমদ আশরাফধানমন্ডি, ঢাকা।