অস্বাস্থ্যকর খাবার পরিবেশন চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি খাবার পরিবেশন চলছেই। নামকরা বেকারিপণ্যের প্রতিষ্ঠান ও ফাস্টফুডের দোকানেও স্যাঁতসেঁতে পরিবেশে মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রি হচ্ছে। এসব পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন বিপুলসংখ্যক মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকেরা বলেছেন, শহরের হোটেল-রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল এমন লোকজনের অধিকাংশই জন্ডিস, উদরাময়, আমাশয়সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নানা প্রচেষ্টা সত্ত্বেও অস্বাস্থ্যকর খাবার তৈরি বন্ধ হচ্ছে না।সূত্র জানায়, পচা-বাসি খাবার পরিবেশনের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্যে মেশানো হচ্ছে মানবদেহের জন্য ক্ষতিকর কৃত্রিম রং। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানিয়েছেন, বিশুদ্ধ খাদ্য আইন, হোটেল-রেস্তোরাঁ অধ্যাদেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিমাসে গড়ে পাঁচটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হচ্ছে। এসব অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও অনুমতিপত্র (লাইসেন্স) স্থগিত করার মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন, ‘পচা-বাসি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।’ তবে দুমাস ধরে হোটেল-রেস্তোরাঁয় অভিযান পরিচালিত হচ্ছে না। জেলা প্রশাসনের উচ্চপদস্থ এক কর্মকর্তা বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন। জেলা প্রশাসন সূত্র আরও জানায়, গত ছয় মাসে (সেপ্টেম্বর ২০১০ থেকে ফেব্রুয়ারি ২০১১) ৩৫টি হোটেল-রেস্তোরাঁয় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ সময় নোংরা পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে বিশুদ্ধ খাদ্য আইন ও হোটেল-রেস্তোরাঁ অধ্যাদেশ আইনে ৪০টি মামলা করা হয়। একই সময়ে ছয়টি হোটেলের অনুমতিপত্র (লাইসেন্স) স্থগিত করে ভ্রাম্যমাণ আদালত।এদিকে, সিটি করপোরেশনের দুটি আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের অধীনেও দেড়মাস ধরে হোটেল-রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়নি। এ ব্যাপারে সিটি করপোরেশনের আদালত-২-এর ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ আবদুর রহমান বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের কারণে এত দিন হোটেল-রেস্তোরাঁয় অভিযানের দিকে নজর দেওয়া যায়নি। তবে এখন থেকে নিয়মিত অভিযান চলবে।’ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এ দুটি আদালতের অধীন গত ৩-১৯ জানুয়ারি ১৬ দিনে ১২টি হোটেল-রেস্তোরাঁ ও বেকারিপণ্য বিক্রির প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নগরের চকবাজার, আগ্রাবাদ, লালখান বাজার এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এতে আদালত বিশুদ্ধ খাদ্য আইন ও সিটি করপোরেশন অধ্যাদেশ আইনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৮টি মামলা করেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে মোট তিন লাখ ৭৩ হাজার টাকা জরিমানা করেন। ম্যাজিস্ট্রেট শেখ সালেহ আহমদের নেতৃত্বে পরিচালিত হয় এই অভিযান। চকবাজার এলাকার চিটাগাং ফুড নামের একটি প্রতিষ্ঠানকে ৫ জানুয়ারি খাদ্যদ্রব্যে বিষাক্ত রং মেশানোর দায়ে বিশুদ্ধ খাদ্য আইনে ৯০ হাজার টাকা ও সিটি করপোরেশন অধ্যাদেশ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার হাজি ফয়েজ বেকারিকে খাদ্যদ্রব্যে বিষাক্ত রং মেশানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ১২ জানুয়ারি আগ্রাবাদ সংযোগ (এক্সেস) সড়কের ক্যাফে নূর হোটেলকে নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে বিশুদ্ধ খাদ্য আইনে ২০ হাজার টাকা ও সিটি করপোরেশন অধ্যাদেশ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন একই এলাকায় অবস্থিত ফুলকলিকে খাদ্যদ্রব্যে বিষাক্ত রং মেশানোর দায়ে এবং ডি-ফরম (খাদ্যদ্রব্য বিক্রির জন্য সিটি করপোরেশন থেকে নেওয়া অনুমতিপত্র) না থাকায় ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ১০ জানুয়ারি আগ্রাবাদ সংযোগ সড়কের এমএফসি নামের একটি প্রতিষ্ঠানকে নোংরা পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করে আদালত। ১৯ জানুয়ারি আগ্রাবাদ এলাকার ফুড ফেয়ারকে ২০ হাজার টাকা ও চকবাজার এলাকার ওরিয়েন্ট হোটেলকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।সরেজমিন গতকাল বুধবার সকাল ১০টায় নগরের আমিন জুটমিলের মূল ফটকের বিপরীতে ভাতঘর নামে একটি হোটেলের রান্নাঘর পরিদর্শন করে দেখা যায়, পোড়া তেল দিয়ে জিলাপি তৈরি করছেন এক শ্রমিক। রান্নাঘরটির মেঝে স্যাঁতসেঁতে। বিভিন্ন খাবার রাখা হয়েছে ঢাকনাবিহীন। এ সময় হোটেলটির ব্যবস্থাপক আবদুর রহিমকে প্রশ্ন করলে বলেন, ‘আজ আমিন জুটমিলের সিবিএ নির্বাচন হচ্ছে। তাই হোটেল পরিষ্কার করতে একটু দেরি হয়েছে।’নগরের তামাকুমণ্ডি লেন, কোর্টহিল, আগ্রাবাদ, চকবাজার এলাকার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ পরিদর্শন করে দেখা যায়, নোংরা ও স্যাঁতসেঁতে পরিবেশে খাবার পরিবেশন চলছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা যায়, তামাকুমণ্ডি লেনে। এখানে পাঁচ-ছয়টি হোটেলের কোনো নামফলক নেই। এসব হোটেলের রান্না-বান্না চলছে নর্দমার পাশেই। হোটেলগুলোর রান্নাঘরে খালি গায়ে কাজ করছেন পাচক। এ এলাকার একটি হোটেলের ব্যবস্থাপক মোহাম্মদ আলী বলেন, ‘স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রেখে আমরা বিক্রি করছি। গ্রাহকদের কোনো অভিযোগ নেই।’ একই কথা বললেন, পাশের একটি হোটেলের ব্যবস্থাপক রবিউল আলমও।ভেজাল খাদ্যদ্রব্যের ক্ষতিকর দিক প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ইমরুল হোসেন বলেন, ‘পচা-বাসি ও নোংরা পরিবেশে খাবার খেলে মানুষ হেপাটাইটিসে আক্রান্ত হতে পারে। কিডনি বিকল হয়ে যেতে পারে। এ ছাড়া উদরাময়, কলেরাসহ পেটের নানা প্রকার রোগ হতে পারে।’