অস্বাস্থ্যকর পরিবেশেই চলছে রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ক্যাম্পাসের তিনটি ক্যানটিনের অবস্থা খুবই নাজুক। অপরিষ্কার স্যাঁতসেঁতে রান্নাঘরের পরিবেশ খুবই অস্বাস্থ্যকর বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।জানা যায়, বিভিন্ন সময়ে চুয়েটের ক্যানটিনগুলোতে খাবারে বিচ্ছু, তেলাপোকা, পোকামাকড় এমনকি সম্প্রতি ক্যানটিন-৩ এর শিঙাড়ার ভেতরে ব্লেডের টুকরাও পাওয়া গেছে।খাবারের মান নিয়েও রয়েছে একাধিক অভিযোগ। ক্যানটিনগুলো সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে শিক্ষার্থীরা জানান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ক্যানটিনে খাবার তৈরি করা হয় অস্বাস্থ্যকর পরিবেশে। ক্যানটিনের খাবারগুলো থেকে অনেক সময় দুর্গন্ধ বের হয়। কর্তৃপক্ষের এদিকে নজর নেই, নিয়মিত পরিদর্শনে আসেন না ক্যানটিন কমিটির সদস্যরা।শিক্ষার্থীদের এরূপ অভিযোগ অস্বীকার করে ক্যানটিনের ব্যবস্থাপক মো. হিরন প্রথম আলোকে বলেন, ‘ক্যানটিনের এই স্থাপনাটি অনেক পুরোনো। তাই কিছুটা স্যাঁতসেঁতে পরিবেশ থাকে। তবে আমরা সব সময়ই পরিষ্কার রাখার চেষ্টা করি।’ খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের তিনটি ক্যানটিনের মধ্যে ক্যানটিন-১ ও ক্যানটিন-২ প্রথমে ছিল জিমনেশিয়াম। এরপর ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়ের ৩৪তম ব্যাচের শিক্ষার্থীরা ভর্তির পর চুয়েটের আবাসন-সংকট প্রকট আকার ধারণ করে। কর্তৃপক্ষ তখন কোনো সংস্কার ছাড়াই জিমনেশিয়ামটিকে শিক্ষার্থীদের আবাসিক হল হিসেবে ঘোষণা করে। তখন সেখানে বসবাসের জন্য ছিল না কোনো বিছানা। ছাত্ররা ঘুমাত মেঝেতে। এর পরের বছরগুলোতে একইভাবে এটিকে নবীন শিক্ষার্থীদের আবাসিক হল হিসেবে ব্যবহার করা হয়েছিল। চুয়েটের ‘নতুন হল’ স্থাপনের পর ছাত্রাবাসটিকে ২০০৫ সালে ক্যানটিনের মর্যাদা দেওয়া হয়। ২০০৫ সালের পর থেকে এভাবে জীর্ণ একতলা টিনশেডই এখন শিক্ষার্থীদের ক্যানটিন হিসেবে পরিচিত।সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্যানটিনগুলোতে নেই বসার প্রয়োজনীয় সুব্যবস্থা। কয়েকটি ভাঙা চেয়ার-টেবিলই এর সম্বল। ক্যানটিন বয়-বেয়ারারা থাকে ঘিঞ্জি পরিবেশে, রান্নার জন্যও নেই প্রয়োজনীয় সুব্যবস্থা। এ ছাড়াও ক্যানটিন-২-এ টিনের চালের নিচে হার্ডবোর্ড নেই। তাই একটু বৃষ্টি হলেই টিনের ছিদ্র দিয়ে পানি পড়ে, যে কারণে বিপাকে পড়তে হয় শিক্ষার্থীদের।এ প্রসঙ্গে ক্যানটিনের ব্যবস্থাপক মো. হিরন প্রথম আলোকে বলেন, ‘কোনো সংস্কারকাজ ছাড়াই ছাত্রাবাসটিকে ক্যানটিন হিসেবে আমাদের কাছে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে অনেক কিছুর অভাব আছে। ক্যানটিনের প্রয়োজনীয় সংস্কারের জন্য ইতিমধ্যে কর্তৃপক্ষের কাছে দুবার লিখিত আবেদন করা হলেও এখনো পর্যন্ত কোনো সংস্কারকাজ শুরু করা হয়নি।’ক্যানটিনের সংস্কার প্রসঙ্গে চুয়েটের গণিত বিভাগের প্রধান আশুতোষ সাহা প্রথম আলোকে বলেন, ‘ক্যানটিনের সংস্কারকাজের জন্য টেন্ডারের যাবতীয় প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উপাচার্য না থাকায় প্রয়োজনীয় সংস্কারকাজ শুরু করা সম্ভব হচ্ছে না।’