বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরীরের অর্ধেক অংশ পুড়ে গেছে মো. ফিরোজের (১১)। ১৩ দিন আগে তাকে ভর্তি করা হয়েছে শিশু সার্জারি বিভাগে। সারাক্ষণ ছেলের সঙ্গে আছেন তার মা। ছেলেটা বিশেষ ব্যবস্থায় (বেডফেন) প্রাকৃতিক কাজ সারলেও নিজে আছেন বিপদে। বললেন, ‘বাথরুমে যাওয়ার কথা মনে পড়লেই বমি আসে। তিনটি টয়লেটের একটিরও দরজায় ছিটকিনি নেই। নোংরা আর দুর্গন্ধে দম বন্ধ হয়ে যায়। একটি মাত্র বদনা, তা-ও ভাঙা। পানি সকালে দুই ঘণ্টা থাকে; সারা দিন কিনে আনা পানিতেই চলতে হয়।’চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বেশির ভাগ ওয়ার্ডের শৌচাগারের করুণ অবস্থা এখন। অনেক ওয়ার্ডের শৌচাগার ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। জরুরি বিভাগে শৌচাগারই নেই। জানা যায়, শৌচাগারে বেশির ভাগ সময় পানি থাকে না। বাইর থেকে কিনে আনা পানিই ব্যবহার করতে হয়। তবে রোগীদের সবচেয়ে বড় অভিযোগ—অস্বাস্থ্যকর পরিবেশ ও দুর্গন্ধ নিয়ে। অনেক রোগীর অভিযোগ, চিকিৎসায় তাঁরা সুস্থ হলেও নোংরা শৌচাগারের কারণে অসুস্থ হয়ে পড়েন।এ ব্যাপারে যোগাযোগ করলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর হোসেন মল্লিক জানান, ‘শিগগিরই শৌচাগারগুলো সংস্কার করা হবে। ইতিমধ্যে ক্যাজুয়ালিটি বিভাগের কাজ শেষ হয়েছে।’পানি সমস্যার ব্যাপারে তিনি বলেন, ‘হাসপাতালে প্রতিদিন দুই ঘণ্টা করে পানি দেয় ওয়াসা। পানি সমস্যা সমাধানে আমি ওয়াসার লোকজনের সঙ্গে যোগাযোগ করেছি, তাঁরা আসবেন বলেও আসেননি।’ রোগীরা জানান, হূদরোগ বিভাগের (১২ নম্বর ওয়ার্ড) দুই ব্লকের মাঝের বারান্দায়ও শৌচাগারের দুর্গন্ধে হাঁটা যায় না। শৌচাগারে বদনা নেই, পানির নল ফেটে সারাক্ষণই দেয়াল দিয়ে পানি পড়ে। পানি থাকে না বলে রোগীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়েও মাথাব্যথা নেই। রোগী ঊর্মি রানী দাশ (৪৫) জানান, ‘সকালে একবার শৌচাগার পরিষ্কার করা হয়। কিন্তু দু-তিন ঘণ্টার মধ্যেই অবস্থা খারাপ হয়ে যায়, দুর্গন্ধ ছড়াতে থাকে।’ কর্তৃপক্ষের উদাসীনতা ও রোগীদের অসচেতনতার কারণে এ সমস্যা হয় বলে জানান তিনি।১৬ নম্বর মেডিসিন ওয়ার্ডে রোগীর অভিভাবক নূরনাহার জানান, ‘চারটি শৌচাগারের মধ্যে তিনটিই বন্ধ। যেটি খোলা আছে তা-ও দুর্গন্ধ আর ময়লার কারণে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে।’জানা যায়, জরুরি বিভাগে শৌচাগার না থাকায় রোগীর আত্মীয়, সিএনজি অটোরিকশাচালক ও বহিরাগত লোকজন ছাত্রীনিবাসের সামনের নালাটি শৌচাগার হিসেবে ব্যবহার করেন। এতে ছাত্রীরা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন। মেডিসিন-১, (১৬ নম্বর) ওয়ার্ডের রোগী আয়েশা বেগম বলেন, ‘আমি ভর্তি হয়েছি এক সপ্তাহ আগে। খাওয়া ও ব্যবহারের জন্য বোতলজাত পানি কিনতে হয়। প্রতিদিন দুই লিটারের দুই-তিন বোতল পানি লাগে। আমরা গরিব। সরকারি হাসপাতালে এসে পানির জন্য টাকা ব্যয় করা সম্ভব নয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ ভবনের শৌচাগারও অস্বাস্থ্যকর বলে অভিযোগ শিক্ষার্থীদের। এখানে ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার নেই। নিচতলার ডিসেকশন হলের ব্যবহারের অনুপযোগী দুটিই ভরসা। এগুলোও দীর্ঘদিন পরিষ্কার করা হয় না, কমোড ভাঙা। দোতলায় এনাটমি বিভাগের সামনে দুটি শৌচাগার থাকলেও শিক্ষকদের কক্ষের সামনে হওয়ায় ছাত্রীরা সেখানে যেতে অস্বস্তিবোধ করেন। ছাত্র সেকশনের সামনে ছেলেদের শৌচাগারের দুর্গন্ধে চারদিকের পরিবেশ ভারী হয়ে ওঠে। চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠাগারের তিনটি শৌচাগারের মধ্যে একটি প্রায়ই বন্ধ থাকে। বাকি দুটি ব্যবহার করে শ’খানেক শিক্ষার্থী। অথচ এগুলোতে পানি থাকে না। চট্টগ্রাম মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক ও চিকিৎসক সায়ীদ মাহমুদ জানান, ‘টয়লেট অপরিচ্ছন্ন থাকায় মলমূত্রের মাধ্যমে টাইফয়েড, কোলিওমাইলাইটিস, হেপাটাইটিস-এ, ডায়রিয়া, আমাশয় ও কৃমি রোগ হতে পারে। সচেতনতার অভাবে রোগীরা অনেক সময় খালি পায়ে টয়লেটে যান, এতে ওয়ার্ডে রোগজীবাণু ছড়াতে পারে। এতে রোগীর পরিচর্যাকারী স্বজনেরাও অসুস্থ হতে পারেন।’