অহেতুক ভেঁপু যাত্রীদের যন্ত্রণা
পেকে যাওয়া চুল-দাড়ি সাক্ষ্য দিচ্ছে লোকটার বয়স কম হয়নি। রিকশাটা নিয়ে দাঁড়িয়ে আছেন জুবিলি সড়কের আমতল মোড়ে। সামনে-পেছনে নানা আকারের নানা রকম গাড়ি, সমানে ভেঁপু (হর্ন) বাজিয়ে যাচ্চ্ছে। রেগে গেলেন লোকটা, একটি ব্যক্তিগত গাড়ির পাশে গিয়ে চালকের উদ্দেশে বেশ ঝাঁজ নিয়েই বললেন—‘সামনে তো এক ইঞ্চি পথ নেই, ভোঁ ভোঁ বাজান ক্যা? যাইতে চাইলে উড়াল দেন!’ বিশ্রী রকমের একটি গালি দিয়ে কথার জবাব দিলেন কম বয়সী চালকটা। কাছে গিয়ে ভেঁপুর কারণে বেশি সমস্যা হয়? জানতে চাইলে আরও রেগে যান রিকশাওয়ালা মহররম আলী। বলেন, ‘আমরা কী কব? কইলে তো আমাগোই মারতে দৌড়ায়।’ নগরের সড়কগুলোতে শব্দদূষণ বাড়ছে দিন দিন। কারণে-অকারণে চালকদের ভেঁপু বাজানোই এ দূষণের মূল কারণ। আর আছে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন, এতে দূষণের মাত্রা বাড়ে। এখন আবার নতুন উৎপাত শুরু হয়েছে—সড়কের পাশে ও সড়ক বিভাজকে জেনারেটর চালানো। আরও আছে নির্মাণযন্ত্রের যন্ত্রণা।শুধু সড়ক নয় নীরব এলাকা, আবাসিক, মিশ্র, বাণিজ্যিক ও শিল্প এলাকায়ও শব্দদূষণ চলছে। পরিবেশ অধিদপ্তর হাইড্রোলিক হর্নের গাড়ির বিরুদ্ধে অভিযান চালায়, জরিমানাও করে কিন্তু উৎপাত বন্ধ হচ্ছে না। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, এলাকাবিশেষে শব্দের সহনীয় মাত্রা একক রকম। নীরব এলাকায় শব্দের সহনীয় মাত্রা (হাসপাতাল, বিদ্যালয়) দিনে ৪৫ ডেসিবল এবং রাতে ৩৫ ডেসিবল; আবাসিক এলাকায় ৫০-৪০; মিশ্র এলাকায় ৬০-৫০; বাণিজ্যিক এলাকায় ৭০-৬০; শিল্প এলাকায় ৭৫-৭০। কিন্তু গত সেপ্টেম্বরে পরিবেশ অধিদপ্তর পরিচালিত জরিপে সহনীয় মাত্রার চেয়ে ২০-৩০ ভাগ বেশি মাত্রার শব্দ পাওয়া গেছে। ওই জরিপে চকবাজারে (মিশ্র এলাকা) ৭৯ ডেসিবল, মির্জাপুলে ৬৮ ডেসিবল ও মুরাদপুরে ৪০ ডেসিবল পাওয়া গেছে।নাক, কান ও গলা বিশেষজ্ঞ জামাল উদ্দিন বলেন, ‘স্বাভাবিক মাত্রা পেরিয়ে দূষণের পর্যায়ে চলে গেলে মানুষের মধ্যে উচ্চরক্তচাপ, খিঁচুনি, নার্ভ সিস্টেম ধ্বংসসহ নানা সমস্যা হয়। শিশুদের ওপর এর প্রভাব আরও বেশি। ১০৫ ডেসিবল শব্দের কারণে মানুষ বধির হয়ে যেতে পারে।’পরিবেশ অধিদপ্তরের জ্যেষ্ঠ কেমিস্ট জমির উদ্দীন বলেন, ‘৭০ ডেসিবল হচ্ছে শব্দের স্বাভাবিক মাত্রা। এ মাত্রা অতিক্রম করলে মানুষের নানা সমস্যা হয়। হাইড্রোলিক হর্নের প্রভাব যেহেতু মারাত্মক তাই এটাকে নিষিদ্ধ করা হয়েছে। আর আমরা মূলত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। গাড়িতে হাইড্রোলিক হর্ন পাওয়া গেলে তা খুলে নিই আর গাড়ির মালিক ও চালককে জরিমানা করি। সর্বনিম্ন ২০০ আর সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।’তিনি আরও জানান, জায়গা ভিন্ন হলেও গত জুনে পরিচালিত জরিপে শব্দের মাত্রা সেপ্টেম্বরের চেয়ে কম ছিল। সে সময় নাসিরাবাদ বালক উচ্চবিদ্যালয়ের সামনে ৬৮ ডেসিবল, ডা. খাস্তগীর বালিকা উচ্চবিদ্যালয় এলাকায় ৬৫ ডেসিবল, মহসিন উচ্চবিদ্যালয়ের সামনে ৬৩ ডেসিবল ও মুসলিম উচ্চবিদ্যালয় এলাকায় ৬৬ ডেসিবল শব্দের মাত্রা পাওয়া গেছে। জরিমানা করা হচ্ছে, দেওয়া হচ্ছে শাস্তিও কিন্তু দুদিন পরই ফিরে আসে আগের অবস্থা। এর জন্য স্থায়ী কোনো ব্যবস্থা কি নেওয়া যায় না? প্রশ্নের উত্তরে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘আমরা বলছি হাইড্রোলিক হর্ন নিষিদ্ধ কিন্তু এর আমদানি তো নিষিদ্ধ নয়। যদি সরকার এটাকে একেবারে নিষিদ্ধ করে দেয় আর বিআরটিসি যদি গাড়ির অবকাঠামো যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আমরা যে উদ্যোগ নেব তা সফল হবে।’পাহাড়তলী চক্ষু হাসপাতাল কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, ‘শব্দদূষণ প্রতিরোধে যাত্রীদেরও করণীয় আছে, আর তা হলো সচেতনতা। দেখা যায়, সিএনজি অটোরিকশাচালক অনবরত হর্ন বাজাচ্ছেন কিন্তু যাত্রীরা নিশ্চুপ। অন্যদিকে ব্যক্তিগত গাড়িতে জোরে গান বাজানো হচ্ছে কিন্তু পাশের রাস্তার মানুষের কথা চিন্তা করা হচ্ছে না।’ সরেজমিনে দেখা যায়, বিভিন্ন ধরনের নির্মাণকাজে জেনারেটর চালানো হয়। বিকট শব্দে চলে নির্মাণযন্ত্র। এতে পথচারী ও যাত্রীদের সমস্যা হয়। এ প্রসঙ্গে জমির উদ্দীন বলেন, ‘উন্নয়ন হবে তাতে আমরা বাধা দিতে পারব না। তবে আমরা যখন জেনারেটর চালানোর অনুমতি দিই তখন বলে দেওয়া হয় এটি যেন লোকসমাগমের স্থান থেকে দূরে রাখা হয়। পরিবেশসম্মতভাবে যেন তারা কাজ করে সেই নির্দেশ দেওয়া হয়। কিন্তু মানুষ সচেতন নয়। যার অসুবিধা হচ্ছে সে কিছু বলছে না। ভাবখানা এমন—যাঁর কাজ সে করছে আমি কী করব?’জাকির হোসেন সড়কের পানদোকনি নারায়ণ বাবু বলেন, ‘গাড়ির আওয়াজে কান ফাটে আর ধুলোবালিতে অনেক সময় চোখে আঁধার দেখি। খুবই বিরক্ত লাগে যখন অযথা হর্ন বাজান চালকেরা।’তিনি বলেন, এ সড়কে ট্রাফিক পুলিশ বাড়ানো উচিত। কারণ আশপাশের এলাকায় ১২টি বিদ্যালয় আছে। শব্দদূষণ থেকে শিক্ষার্থীদের বাঁচাতে গাড়ির শব্দ নিয়ন্ত্রণের দরকার আছে।এ প্রসঙ্গে জাকির হোসেন সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সিরাজুল ইসলাম বলেন, ‘সবাই চায় আগে যেতে কিন্তু যানজট থাকায় তা পারে না। তাই ইচ্ছেমতো হর্ন বাজায়। তবে যাঁরা দক্ষ ও পুরোনো চালক তাঁরা সতর্ক থাকেন অহেতুক হর্ন বাজান না যানজটের সময়। কিন্তু যাঁরা নতুন অনুমতিপত্র (লাইসেন্স) নেন তাঁরাই এ কাজটা করেন। আমরা তাঁদের সচেতন করার চেষ্টা করি।’