অ্যাক্রিডিটেশন সনদ পেল বিএনও পরীক্ষাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিএনও টেস্টিং ল্যাবরেটরি তাদের সেবার মানের আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ড সম্প্রতি এই সনদ দেয়। স্বীকৃতি পাওয়া প্রতিষ্ঠানটি যন্ত্রাংশে ব্যবহার উপযোগী তেল প্রস্তুতকারী কোম্পানি লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান।
এই সনদের মাধ্যমে এখন দেশীয় পরীক্ষাগারে পণ্যের নমুনা পরীক্ষা করে বিদেশে রপ্তানি করা যাবে। অর্থাৎ বিদেশে নমুনা পরীক্ষার জন্য পাঠাতে হবে না। কারণ এই সনদের মাধ্যমে এই পরীক্ষাগারের প্রতিবেদন আন্তর্জাতিকভাবে গৃহীত হবে।
প্রতিষ্ঠানটি জানায়, সম্প্রতি ঢাকার বিআইএএম ফাউন্ডেশন মিলনায়তনে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ সনদ তুলে দেন লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফের হাতে। এই সনদ প্রদানের মাধ্যমে পরীক্ষাগারে কর্মরত লোকবলের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে সঠিক কাজ করার সামর্থ্যের স্বীকৃতি দেওয়া হলো।
প্রতিষ্ঠানটি জানায়, এখন থেকে শিল্পপ্রতিষ্ঠান, জাহাজ কোম্পানি, জাহাজে জ্বালানি তেল সরবরাহকারী, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রসহ সবাই এই পরীক্ষাগারের সেবা গ্রহণ করতে পারবে।