অ্যাঙ্গোলা: যুদ্ধশেষের ১০ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস খানেক আগে গৃহযুদ্ধ অবসানের এক দশকে পদার্পণ করল আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশ অ্যাঙ্গোলা। দেশটির জন্য এটা একটা বড় মাইলফলক। একটা সময় ছিল, যখন অ্যাঙ্গোলার খুব কম মানুষই ভাবত যে এ গৃহযুদ্ধ আদৌ শেষ হবে।২৭ বছর ধরে চলা গৃহযুদ্ধে দেশটির অগণিত লোক প্রাণ হারায়। লাখ লাখ লোক বাস্তুচ্যুত হয়। তিনটি পৃথক স্বাধীনতাকামী গোষ্ঠী ওই গৃহযুদ্ধে অংশ নিয়েছিল। সময় বেশ দ্রুত বদলে দিয়েছে অ্যাঙ্গোলাকে। দেশটি অর্থনৈতিক সমৃদ্ধির মুখ দেখছে। বলা হচ্ছে, চলতি বছর ১২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে তারা। অনেক উন্নত দেশের জন্যও এ হার ঈর্ষণীয়। আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতির মঞ্চেও গুরুত্ব বাড়ছে অ্যাঙ্গোলার। ভৌত অবকাঠামোগত দিকেও উন্নতি কম হয়নি। তেল থেকে আসা আয় এবং চীনের দেওয়া ঋণের ওপর ভিত্তি করে সেখানে নেওয়া হয়েছে উচ্চাকাঙ্ক্ষী পুনর্গঠন কর্মসূচি। কৃষিজমি থেকে ভূমিমাইন পরিষ্কার করে আবার তা ফসল উৎপাদনের উপযোগী করা হয়েছে। কফি, তুলা ও তামার মতো শিল্পকে পুনরুজ্জীবিত করা হয়েছে। আবার চালু হয়েছে লোহা ও সোনার খনিগুলো। অ্যাঙ্গোলার অর্থনৈতিক সমৃদ্ধির ভাগ নেওয়ার আশায় এখন বিদেশি বিনিয়োগকারীরা ছুটে আসছে। কিন্তু প্রবৃদ্ধির এই ঝলমলে আলো অ্যাঙ্গোলার সব অন্ধকার ঢাকতে পারেনি। এখনো দারিদ্র্য ব্যাপক। বিদ্যুৎ, স্বাস্থ্যসহ অনেক খাতের অবস্থা মোটেই ভালো নয়।৩৩ বছরের ধরে প্রেসিডেন্ট থাকা হোসে এদুয়ার্দো দস সান্তোস এবং তাঁর দল দ্য পিপলস মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব অ্যাঙ্গোলা (এমপিএলএ) এখনো দেশটির সবচেয়ে প্রভাবশালী শক্তি। ২০০২ সালের ফেব্রুয়ারি মাসে প্রতিদ্বন্দ্বী দ্য ন্যাশনাল ইউনিয়ন ফর দ্য টোটাল ইনডিপেন্ডেন্স অব অ্যাঙ্গোলার (ইউনিটা) বিদ্রোহী নেতা জোনাস সাভিমবি সরকারি বাহিনীর হাতে মারা যাওয়ার পর সামরিক জয়ের দাবি করে এমপিএলএ।২০০৮ সালের আইনসভা নির্বাচনে এমপিএলএ ৮২ শতাংশের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এটি ছিল দেশের ইতিহাসে আইনসভার মাত্র দ্বিতীয় নির্বাচন। দলটির জ্যেষ্ঠ নেতারা দেশের অর্থনীতির প্রায় সব দিক নিজেদের শক্ত নিয়ন্ত্রণে রেখেছেন। সরকারি ও বেসরকারি গণমাধ্যম উভয়েই সরকারের প্রতি ব্যাপকভাবে পক্ষপাতদুষ্ট।কাগজপত্রে এবং ক্ষমতাসীন দলের দৃষ্টিকোণ থেকে অ্যাঙ্গোলা একটি দারুণ সাফল্যের উদাহরণ। কীভাবে একটি যুদ্ধবিধ্বস্ত জাতি শান্তির সময় নিজেদের পুনর্নির্মাণ করতে পারে তার দৃষ্টান্ত। বস্তুত প্রেসিডেন্ট দস সান্তোস নিজেকে একজন আঞ্চলিক নেতা হিসেবে দেখেন। কিন্তু একটু তলিয়ে দেখলেই বোঝা যাবে, পুরো ছবিটা এত সুখকর নয়। গত দশকে চীনের প্রবৃদ্ধির যে গতি ছিল, অ্যাঙ্গোলার অর্থনীতি এখন তার চেয়ে দ্রুত বর্ধনশীল। কিন্তু দেশটির অর্ধেক মানুষের আয় এখনো দিনে গড়ে দুই ডলারের নিচে। অনেক এলাকায় কলের পানি, বিদ্যুৎ ও স্বাস্থ্যসুবিধা খুব সীমিত। বেকারত্বের হার বেশ উঁচু। দক্ষ পেশাজীবীর অভাব এবং ব্যাপক দুর্নীতির কারণেই মূলত এ সংকট। গৃহযুদ্ধ অবসানের পর শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেলেও এখনো পাঁচটি শিশুর মধ্যে একটি পাঁচ বছরে পা রাখার আগেই মারা যায়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক এবং অ্যাঙ্গোলা বিশেষজ্ঞ পলা রকে বলেন, গৃহযুদ্ধ অবসানের পর গত ১০ বছরে সরকার জনগণকে শান্তির সুফল দিতে পারেনি। তেল থেকে এত টাকা আসার পরও এ রকম দারিদ্র্য থাকাটা যুক্তিযুক্ত নয়। তবে পলা রকের কাছে বিষয়টি দারিদ্র্য দূরীকরণের চেয়ে অনেক গভীর। তিনি প্রশ্ন করেছেন, গৃহযুদ্ধ শেষ হওয়ার পর অ্যাঙ্গোলায় আসলেই কতটা শান্তি ও সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। এখানে ক্ষমতাসীন দল তাদের নিজেদের বক্তব্য বাদে আর সব কণ্ঠস্বর আড়াল করছে। দেশবাসীর ওপর তারা চাপিয়ে দিয়েছে এক ‘গভীরতাহীন সমাজ’। লন্ডন স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের জাস্টিন পিয়ার্স বলেন, অ্যাঙ্গোলাকে ‘চোখে পড়ার মতো শান্তিপূর্ণ’ মনে হয়। কিন্তু আনুষ্ঠানিক বা পরিকল্পিত কোনো আপস-মীমাংসা হয়নি দেশটিতে। যার যার অতীতের আনুগত্যের বিষয়টি নিয়ে জটিলতা ও স্পর্শকাতরতা থাকায় কেউ মীমাংসার জন্য নিজের অতীত ঘাটতে রাজি নয়। দেখা গেছে, গৃহযুদ্ধের সময় একই পরিবারের সদস্যরা ইউনিটা ও এমপিএলএ উভয়ের সঙ্গেই সক্রিয়ভাবে যুক্ত ছিল।অ্যাঙ্গোলা-বিশেষজ্ঞ পলা রকে উল্লেখ করেন, অ্যাঙ্গোলার যুদ্ধ বা ইতিহাসে নিয়ে কোনো অভিন্ন মত নেই। দেশটি এখনো তার আত্মপরিচয় চিহ্নিত করতে লড়ছে। সেখানে বিভিন্ন পর্যায়ে গুরুতর অসন্তোষ বিরাজ করছে। এই অসন্তোষের বহিঃপ্রকাশ ঘটে ২০১১ সালে। তখন একদল তরুণ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন। দেশটিতে এ ধরনের বিক্ষোভ বিরল ঘটনা। কুখ্যাত রকম কঠোর পুলিশ বাহিনী তা দ্রুত দমন করে ফেললেও স্বাধীনচেতা একটি নতুন প্রজন্ম যে উঠে এসেছে—এ ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। বিশেষজ্ঞ রকে মন্তব্য করেন, এমপিএলএ তারা যেকোনোভাবে স্থিতিশীলতা রক্ষা করতে চায়। চলতি বছরের শেষের দিকে অ্যাঙ্গোলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ওই নির্বাচনে এমপিএলএ যে জয়লাভ করবে তা নিয়ে সন্দেহ নেই বললেই চলে। এ জন্য ক্ষমতাসীন দলের ভোট কারচুপির আশঙ্কা যতটা, বিরোধী দলের দুর্বলতাও ততটাই দায়ী হবে। রকে বলেন, ‘এমপিএলএর শাসনপ্রক্রিয়ায় ফাটল দেখা দিচ্ছে। আমি সত্যিই বিশ্বাস করি, অ্যাঙ্গোলায় পরিবর্তন আসছে। আমাদের আশা করতে হবে, পরিবর্তন আলোচনার মধ্য দিয়ে আসবে—সহিংসতার মধ্য দিয়ে নয়।’ কৌশিক আহমেদ