অ্যাডভেঞ্চার অব ব্যারন মুনহাউজেন
আজ থেকে পৌনে ৩০০ বছর আগে জার্মানির বোডেনভেরডের শহরে ব্যারন মুনহাউজেন (১১.৫.১৭২০—২২.২.১৭৯৭) নামে এক সম্ভ্রান্ত জমিদার বাস করতেন। তিনি তাঁর জীবনের একটা সময় রাশিয়ায় সামরিক বাহিনীতে ছিলেন। দেশে ফিরে তিনি বন্ধুদের তাঁর জীবনের চমৎকার সব উদ্ভট গল্প বলে আমোদিত করতেন। তাঁর সমসাময়িক লেখক রুডল্ফ এরিখ রাসপে এই গল্পগুলো সংগ্রহ করেন এবং ১৭৮৬ সালে একটি বই লেখেন। সেই থেকে ২০০ বছর ধরে সারা বিশ্বের অগণিত ছেলেমেয়ের আনন্দের খোরাক হিসেবে চলে আসছে অ্যাডভেঞ্চারস অব ব্যারন মুনহাউজেন। সেখান থেকেই আজ একটি গল্প ছাপা হলোচোখ থেকে আগুনরুডল্ফ এরিখ রাসপেসেন্ট পিটার্সবার্গে আমার দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। আমি প্রায়ই শিকারে বের হতাম। আমার সেই শিকারের আনন্দময় দিনগুলোর কথা ভাবতে ভালোই লাগে, কেননা প্রায় প্রতিদিনই কোনো না কোনো মজার ঘটনা ঘটত। তার মধ্যে একটি ঘটনা ছিল দারুণ মজার। ব্যাপারটা হলো এই যে, আমার শয়নকক্ষের জানালা দিয়ে এক বড় পুকুর দেখা যেত, যেখানে প্রচুর হাঁস ভেসে থাকত। এক সকালে, জানালার ধারে দাঁড়িয়ে আমি পুকুরে কতগুলো বুনো হাঁস লক্ষ করলাম। নিমিষে আমি বন্দুকটা ছোঁ মেরে নিয়ে বাসা থেকে দৌড়ে বেরিয়ে গেলাম। কিন্তু হাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় দরজায় আমার মাথা ঠুকে গেল। আঘাতটা এত প্রচণ্ড ছিল যে আমি চোখে শর্ষে ফুল দেখতে লাগলাম। আগুনের ফুলকি যেন চোখ থেকে বেরোল। কিন্তু এতে আমি থেমে পড়লাম না। আমি দৌড়াতে লাগলাম।এই তো পুকুর দেখা যাচ্ছে। আমি সবচেয়ে নাদুসনুদুস হাঁসটাকে লক্ষ করে নিশানা ঠিক করলাম। কিন্তু গুলি করার সময় খেয়াল করলাম যে আগুন ধরানোর পাথরটা বন্দুকে নেই; আর পাথরটা ছাড়া গুলি করা অসম্ভব। পাথর আনতে বাসায় ফিরব নাকি? কিন্তু ততক্ষণে হাঁসগুলো উড়ে যাবে নিশ্চয়। আমি মন খারাপ করে বন্দুকটা নামিয়ে রেখে নিজের ভাগ্যকে অভিশাপ দিতে লাগলাম এবং তখনই আমার মাথায় এক দারুণ বুদ্ধি গজাল। হাতের মুঠো পাকিয়ে আমি সর্বশক্তি দিয়ে নিজের ডান চোখে ঘুসি মারলাম। চোখ থেকে আগের মতোই আগুনের ফুলকি বেরোল এবং বারুদ মুহূর্তের মধ্যে জ্বলে উঠল।হ্যাঁ! বারুদ জ্বলে উঠল, বন্দুক থেকে গুলি বেরোল এবং আমি এক গুলিতে দশটা চমৎকার হাঁস শিকার করে ফেললাম। আপনাদেরও পরামর্শ দিচ্ছি, প্রত্যেক বার যখন আপনি আগুন জ্বালানোর চেষ্টা করবেন, আগুন জোগাড় করবেন নিজের ডান চোখ থেকে।