অ্যাডভেঞ্চারের নেশায়

‘আপনি চাঁদের পাহাড় দেখেছেন?’ প্রশ্নটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আশরাফুজ্জামান লিংকনের। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন ভ্রমণ এখনো মনে দাগ কেটে আছে? প্রশ্নের উত্তরে এল প্রশ্ন। লিংকন সঙ্গে এ-ও বললেন, ‘আমি কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় উপন্যাস কিংবা সেই উপন্যাস অবলম্বনে তৈরি সিনেমার কথা বলছি না।’
প্রশ্নটা এবার ধাঁধার মতো লাগে। লিংকন ভেঙে বলেন, ‘আমাদের দেশের সব পাহাড়ই চাঁদের পাহাড়। পূর্ণিমার রাতে দেশের যেকোনো পাহাড়কে চাঁদের পাহাড় মনে হয়। আর হালকা কুয়াশা থাকলে তো কথাই নেই।’ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তিনি ঘুরে বেড়ান দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শুনুন লিংকনের মুখেই, ‘গত বছর কমপক্ষে ১৫ থেকে ১৬টা বড় ট্যুর করেছি আমরা। সুন্দরবন, সেন্ট মার্টিন, খাগড়াছড়ি, টাঙ্গুয়ার হাওর, বান্দরবান, সাজেক ভ্যালি, হাম হাম ঝরনাসহ বেশ কয়েকটি জায়গায় গেছি।’

হ্যাঁ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই তরুণেরাই নন। এমন জোট করে ঘুরে বেড়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘চুয়েট অ্যাডভেঞ্চার সোসাইটি’, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘টুরিস্ট ক্লাব সাস্ট’, ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডভেঞ্চার ক্লাব, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অ্যাডভেঞ্চার ক্লাবসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ভিত্তিক সংগঠন। ভ্রমণপ্রিয় মেয়েদের সংগঠন ট্র্যাভেলেটস বাংলাদেশের কথাও বলা যেতে পারে।
এই লেখা যখন ছাপা হবে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটির একটি দল থাকবে সেন্টমার্টিনে। দলের সদস্যসংখ্যা কমপক্ষে ৯০। ওদিকে ১৫ জানুয়ারি ট্যুর শেষে ফিরেছে ট্যুরিস্ট ক্লাব সাস্ট। শীতকাল এলেই যেন এই সংগঠনগুলোর সদস্যদের ভ্রমণের নেশাটা আরও পেয়ে বসে।
বছরে কয়টা ট্যুর করা হয়? এই প্রশ্ন করা হয়েছিল চুয়েট অ্যাডভেঞ্চার সোসাইটির সভাপতি তানভীর হক তুহিনকে। তাঁর উত্তর আরও চমকে যাওয়ার মতো। ‘আমরা দুই-তিন দিনের ছুটি পেলেই কোথাও না কোথাও চলে যাই। তাই আঙুলে কর গুণে হিসাব করে বলা মুশকিল।’ তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ইউল্যাবের অ্যাডভেঞ্চার ক্লাব। তুমুল রোমাঞ্চের গন্ধ না পেলে নাকি তাদের ভ্রমণটাই জমে না। যেসব পাহাড়ে হাঁটতে কষ্ট, চলতে কষ্ট, সেখানেই দল বেঁধে ট্রেকিং করেন তাঁরা। উদাহরণ হিসেবে ক্লাবের সভাপতি সোহাগ রানা বলেন, ‘আমরা অ্যামেচার, তবে এই দলে অনেকই আছেন যাঁরা একসঙ্গে তাজিনডং, কেওক্রাডং পাড়ি দিয়ে এসেছেন।’

অ্যাডভেঞ্চারপ্রিয় মেয়েদের সংখ্যাও কম নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা মেয়েদের সংগঠন ট্র্যাভেলেটস বাংলাদেশ-এর সদস্যসংখ্যা এখন চার হাজারের বেশি। সংগঠনটির মূল উদ্যোক্তা ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী সাকিয়া হক ও মানসী সাহা। তাঁদের এমন সংগঠন গড়ে তোলার পেছনের কারণ জানতে চাইলে বলেন, ‘আমাদের দেশে মেয়ে ট্রাভেলার আছে, কিন্তু তাঁদের কোনো সংগঠন নেই। আমরা নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেছি এমন গ্রুপ থাকলে তাদের সঙ্গে ট্রিপ করব। কিন্তু খুঁজে দেখলাম নেই। পরে নিজেরাই উদ্যোগ নিলাম।’

জানা গেল শীতের সময়ে ভ্রমণ-রোমাঞ্চের সুবিধাগুলো। তুহিন বলছিলেন, ‘বর্ষায় পাহাড় বেশি পিচ্ছিল থাকে। আবার গ্রীষ্মে গরমের দাবদাহ। তাই শীতই বাংলাদেশে ভ্রমণের উপযুক্ত সময়।’ জানতে চাই, পড়ালেখার চাপ-ক্যারিয়ারের পেছনে ছোটা—এসবের ফাঁকে এই ছুটে চলা কেন? কিংবা দল বেঁধে ‘ট্যুর’ করার সুবিধাটা কী? সোহাগ রানা বলেন, ‘এটার মাধ্যমে দল বেঁধে কাজ করার একটা প্রশিক্ষণ হয়ে যায়। নতুন নতুন বন্ধু তৈরি হয়।’
‘একসঙ্গে দল বেঁধে চলা যেমন সহজ, তেমনি দলের সঙ্গে থাকলে সাহসও পাওয়া যায়। অ্যাডভেঞ্চারগুলো একা বা দু-একজন মিলে করাটাই বরং কষ্ট সাধ্য।’ বলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অ্যাডভেঞ্চার ক্লাবের সাবেক সভাপতি আহনাফ রাফিদ। লিংকন বলেন, ‘যেকোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য ট্যুর বা ট্র্যাকিং একটা ভালো উপায়। বিভিন্ন ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। ফলে যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সামর্থ্য বা সাহস হয়।’

একটা অদ্ভুত অভিজ্ঞতার গল্প শোনালেন ‘টুরিস্ট ক্লাব সাস্ট’-এর সভাপতি আল আমিন, ‘মৌলভীবাজার মাধবকুণ্ডের পাশে পাথারিয়া নামে একটা জায়গা আছে। সেখানে গোটা পঁচিশেক ঝিরি আছে। গত বর্ষায় গিয়েছিলাম আমরা ১০ জন। প্রায় নয় ঘণ্টা ট্র্যাকিং করে ছয়টা ঝিরি পেয়েছিলাম।’ তবে স্রেফ ট্র্যাকিংই কিন্তু শাবিপ্রবির এই শিক্ষার্থীদের দলটির উদ্দেশ্য নয়। ‘পর্যটন বর্ষ ঘোষণার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের প্রতি ট্রিপে একজন সুবিধাবঞ্চিত শিশুকে সঙ্গে নেব।’ বলেন আল আমিন।
শীতও যে ‘ভয়ংকর’ হতে পারে, তার বর্ণনা পাওয়া গেল ইউল্যাবের সোহাগ রানার কাছ থেকে। ‘২৫ জনের বড়সড় একটা দল। গন্তব্য ভারতের উত্তরাখন্ডের রূপকুন্ড। সাড়ে ১৬ হাজার ফুট উঁচু। তৃতীয় দিনে ১৪ হাজার ফিট ওপরে ওঠার পর আর আমরা ঠান্ডা কুলাতে পারছিলাম না। সেই যাত্রা বেঁচে গেছি গাইডের কল্যাণে।’ ভ্রমণের পাশাপাশি সমাজ ও পরিবেশের জন্য কিছু করার ইচ্ছে থাকে সোহাগ রানাদেরও। তিনি বলেন, ‘আমরা ট্র্যাকিংয়ের পাশাপাশি সচেতনতা তৈরির জন্যও কাজ করি। যেমন বগা লেকে গাছ লাগিয়েছি। পাহাড়ে গেলে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই-খাতা-কলম নিয়ে যাই। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাই।’
ভ্রমণের নেশায় দল বেঁধে এই তরুণেরা ছুটে যান দেশে-বিদেশে। কখনো উত্তাল সমুদ্র, কখনো পাহাড়ের ডাকে সাড়া দিয়ে বেরিয়ে পড়েন অ্যাডভেঞ্চারে। ভ্রমণের অভিজ্ঞতার এই ‘নম্বর’ পরীক্ষার খাতায় যোগ হয় না ঠিক, তবে মানুষ হিসেবে আরও পরিণত করে। এমনটাই বিশ্বাস করেন এই তরুণেরা।