কদিন বাদেই বসছে অলিম্পিকের আসর। তার আগেই দেখুন কিছু অ্যাথলেটের বিচিত্র কারিকুরি। বাজি ধরে বলা যায়, অলিম্পিকে এমন অ্যাথলেটের দেখা পাওয়া ভার। কদিন আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাঁদের ই-বুক সংস্করণে বিচিত্র এই অ্যাথলেটদের কীর্তি তুলে ধরেছে। এদের একজন নিউজিল্যান্ডের ভেরোনিকা টর। সাঁতার কাটার ফিন পরে এই অ্যাথলেট ১০০ মিটার দৌড়েছেন মোটে ১৮ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে। উসাইন বোল্ট ১০০ মিটার দৌড়াতে কত সময় নিয়েছিলেন, জানা আছে কি? সাকল্যে ৯ দশমিক ৫৮ সেকেন্ড। বোল্ট দৌড়েছিলেন দুই পায়ে, আর জাপানের কেনিচি দুই হাত দুই পায়ে সেই একই দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছেন ১৮ দশমিক ৫৮ সেকেন্ড! মানে বোল্টের চেয়ে মাত্র ৯ সেকেন্ড বেশি। ডাইভার তো আছেন অনেক পদের। যুক্তরাষ্ট্রের ড্যারেন টেইলর আর সবার থেকে আলাদা। কারণ, এই অ্যাথলেট রেকর্ড বইয়ে নাম লেখালেন মাত্র ৩০ সেন্টিমিটার উচ্চতার একটা খুদে চৌবাচ্চায় ডাইভ দিয়ে। লাফিয়েছিলেন ৩৬ ফুট ৮ দশমিক ৯৪ ইঞ্চি উঁচু থেকে। কোমরে একটা লরি বেঁধে ১০০ ফুট দূরত্ব অতিক্রম করে তাক লাগিয়ে দিয়েছেন কেভিন ফাস্ট। এর আগে এত বেশি ওজনের লরি টানার রেকর্ড নেই কারোরই। ভয়ংকর কিছু কর্মকাণ্ডও করেছেন কেউ কেউ। এঁদের মধ্যে আছেন তুরস্কের ইলকার ইলমাজ। মুখ দিয়ে গিলে চোখ দিয়ে দুধ নির্গত করেছেন এ মানুষটি। নাতাশা ভেরুশকা তো আস্ত একটা তলোয়ারই গিলে ঢোক গেলা বন্ধ করেছেন দর্শকের। রেকর্ড বইয়ে নাম না উঠে যাবে কোথায়! ক্লডিয়া গোমেজ আবার মাথা নিচে রেখে পা দিয়ে ছুড়েছেন তির! জলের নিচে দ্বিচক্রযান চালিয়ে মৎস্যকুলকেও ভড়কে দিয়েছেন ভিত্তোরিও ইনোসেন্টে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ও ডেইলি মেইল।