অ্যানথ্রাক্স ছাপিয়ে জমছে পশুর বাজার
অ্যানথ্রাক্স আতঙ্ক পেছনে ফেলে ধীরে ধীরে জমে উঠছে কোরবানির পশুর বাজার। নগরের সাতটি বাজারে পশু আসছে দেশের বিভিন্ন স্থান থেকে, পাশাপাশি ক্রেতাসাধারণের ভিড়ও দিন দিন বাড়ছে। আগামী সপ্তাহের শুরুতেই বাজার আরও জমজমাট হয়ে উঠবে বলে মনে করছেন বিক্রেতারা। ক্রেতা-বিক্রেতার ভিড় সামলানো, আশপাশের এলাকার যানজট নিরসন ও নিরাপত্তাব্যবস্থা জোরদারে বাজারগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন। এরপরও গরু ছাগলের গাড়ি ও বাজারে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। জানা যায়, নগরে সাতটি কোরবানির পশুর হাট বা বাজার রয়েছে। সাগরিকা ও বিবিরহাট ছাড়া বাকি পাঁচটিই অস্থায়ী বাজার। এর মধ্যে কল্পলোক আবাসিক এলাকা গরু ছাগলের বাজার, সল্টগোলা ক্রসিংসংলগ্ন বাজার, স্টিলমিল গরুর বাজার ও কাঠগড় বাজার অন্যতম। স্থায়ী বাজারের মধ্যে বিবিরহাট গরু-ছাগলের বাজারই সবচেয়ে বড়। সপ্তাহের শনি ও মঙ্গলবার এ বাজার বসে। তবে কোরবানি উপলক্ষে এখন সপ্তাহের নির্ধারিত দিন ছাড়াই গরু বেচাকেনা চলে। কোরবানি উপলক্ষে ইতিমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরু-ছাগল নিয়ে ভিড় করছেন বিক্রেতারা। নির্দিষ্ট সীমানা ছাড়িয়ে বাজার বসছে আশপাশের সড়কেও। বাজারের নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে চট্টগ্রাম নগর পুলিশ (সিএমপি) সূত্রে জানা গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর এক সপ্তাহ আগে থেকে জমে উঠে কোরবানির পশুর হাট। এবারও জমছে। তবে শহরে বসবাসকারী লোকজনের গরু রাখার জায়গা কম, এ জন্য ঈদের তিন-চার দিন আগে বেশির ভাগ মানুষ গরু কিনবেন। তখন বাজার বেশি জমজমাট হবে বলে জানান ব্যবসায়ীরা।দুই ট্রাক গরু নিয়ে বিবিরহাট বাজারে পাবনা থেকে এসেছেন ব্যাপারি নুর মোহাম্মদ। তিনি জানান, ক্রেতা আসছেন, দেখছেন। বিক্রি কম। তবে শেষ দুতিন দিনে ভালো দর পাওয়া যাবে এবং সব গরুই বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এদিকে, সাম্প্রতিক সময়ে গরুর অ্যানথ্রাক্স রোগের কথা ফলাও করে প্রচার হওয়ায় এখনো অনেকের মনে ভয় কাজ করছে বলে জানান তাঁরা। কিন্তু পশুসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বার বার বলছেন দেশে কোনো অ্যানথ্রাক্স নেই। এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা পশুসম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেছেন, ‘দেশে এখন আর অ্যানথ্রাক্সের ভয় নেই। এখন নিশ্চিন্তে গরুর মাংস খাওয়া যাবে। কোরবানি পশুর বাজারেও এর প্রভাব পড়ার কথা নয়।’এ প্রসঙ্গে সাগরিকা গরুর বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এম শওকত আলী বলেন, ‘এখন দেশে আর অ্যানথ্রাক্স নেই, সরকারিভাবে এ কথা বার বার বলা হচ্ছে। তবে মানুষের মন থেকে অ্যানথ্রাক্স আতঙ্ক সেভাবে কাটেনি।’ তিনি আরও বলেন, বাজারে এখন প্রচুর গরু এসেছে। বিদেশি গরুর পাশাপাশি দেশি গরুর চাহিদাও রয়েছে। তবে পশু পরিবহনের সময় বিভিন্ন স্থানে চাঁদা দিতে হয় বলে তিনি অভিযোগ করেন। ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাগরিকা বাজারে খুঁটি বাণিজ্য হয়। প্রতিটি গরুর খুঁটির জন্য গরু ব্যবসায়ীদের ভাড়া গুনতে হয়। এবারও খুঁটি ভাড়া দেওয়া হচ্ছে। ১৫-২০টি গরু রাখার একটি জায়গার ভাড়া দিতে হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। মো. আকবর নামে এক ব্যক্তি এই ভাড়া নিয়ে থাকেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। ভাড়া না দিলে বাজারে দাঁড়াতে দেওয়া হয় না বলে জানান গরু ব্যবসায়ীরা। অভিযোগটির সত্যতা স্বীকার করেছেন বাজারের সভাপতি এম শওকত আলী। তবে এ প্রসঙ্গে আকবরের বক্তব্য পাওয়া যায়নি। জানা গেছে, এবারও দিনাজপুর, রংপুর, চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে গরু মহিষ আসছে নগরের বাজারগুলোতে। পথে পথে পরিবহনে চাঁদাবাজি ও নানা হয়রানির শিকার হন ব্যবসায়ীরা। ছিনতাই, জাল টাকায় প্রতারণা, মলম পার্টির উৎপাত এর মধ্যে অন্যতম। এসব অপরাধ ঠেকাতে নগর পুলিশ তৎপর রয়েছে বলে জানান সিএমপির কমিশনার মোহাম্মদ আবুল কাশেম। তিনি বলেন, ‘কোরবানি পশুর বাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ তৎপর থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশও মোতায়েন থাকবে। এ ছাড়া পশুর বাজারে বিপুলসংখ্যক টাকার লেনদেন হয়। এ কারণে অপরাধীরা সক্রিয় হয়ে ওঠে। তাই কেউ টাকা স্থানান্তরের জন্য পুলিশের সহযোগিতা নিতে পারেন।’জানা গেছে, কোরবানির পশুর বাজার নিয়ন্ত্রণ এবং এসংক্রান্ত অভিযোগ গ্রহণের জন্য সিএমপি একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। এর পাশাপাশি প্রতিটি বাজারে ১০-২০ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। ৯ নভেম্বর বিভিন্ন পশুর বাজার কমিটির সঙ্গে এ ব্যাপারে সিএমপির একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এবার রাস্তা দখল করে পশুর হাট যাতে বসানো না হয় সে ব্যাপারে গুরুত্ব দিচ্ছে পুলিশ। তবে এরপরও শেষ দিকে বাজার রাস্তায় চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এদিকে, কোরবানি উপলক্ষে প্রবাসীরা দেশে ফেরেন, চট্টগ্রামেও অনেকে আসবেন। তাঁরা যাতে কোনো ধরনের বিড়ম্বনায় না পড়েন সে ব্যাপারে পুলিশ নিরাপত্তাব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। নগর পুলিশের কমিশনার এ ব্যাপারে বলেন, ‘বিদেশ থেকে প্রচুর প্রবাসী ঈদ করতে চট্টগ্রাম আসেন। তাঁরা যাতে কোনো ঝামেলায় না পড়েন সে জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন।’