
অ্যানিমেশনের দৌরাত্ম্যে ভবিষ্যতে ‘সত্যিকার’ অভিনয়শিল্পীরা কি বেকার হয়ে যাবেন? তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অনেকেই সে প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করেছেন। আগ্রহী চলচ্চিত্রপ্রেমীরা জিজ্ঞাসা ছুড়ে দিয়েছেন ‘গুগল মহাশয়ের’ কাছেও। সঠিক উত্তর সময়ই বলে দেবে। তবে একটি বিষয়ে কোনো সন্দেহ নেই, সামনের দিনগুলোতে অপার সম্ভাবনা অপেক্ষা করছে অ্যানিমেটরদের জন্য।
ভিজ্যুয়াল ইফেক্ট, সিজিআই (কম্পিউটার জেনারেটেড ইমেজারি) কিংবা অ্যানিমেশনের কাজ বাংলাদেশে অল্পবিস্তর হচ্ছে। আবার দেশের বাইরে নামি প্রতিষ্ঠানগুলোর ভিজ্যুয়াল ইফেক্ট দলের বিশাল কর্মযজ্ঞের সঙ্গেও যুক্ত আছেন কিছু বাংলাদেশি তরুণ। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ছবির ভিজ্যুয়াল ইফেক্ট দলের সঙ্গে কাজ করে বাংলাদেশের নাফিজ বিন যাফর অস্কার জিতেছেন। চলচ্চিত্রে প্রয়োগ উপযোগী প্রযুক্তি উদ্ভাবনের জন্য ২০১৫ সালে পেয়েছেন সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাওয়ার্ডও। অন্যদিকে ব্যাটম্যান ভার্সাস সুপারম্যান: ডন অব জাস্টিস ছবির ভিজ্যুয়াল ইফেক্ট দলের প্রজেক্ট কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন আরেক বাংলাদেশি তরুণ ওয়াহিদ ইবনে রেজা। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ভবিষ্যতে যাঁরা দারুণ সব অ্যানিমেশনের কাজ করতে চান, তাঁরা প্রস্তুতি নিচ্ছেন তো?
সরফরাজ ইয়াসীন আবদুল্লাহ নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন। কিন্তু অ্যানিমেশনের প্রতি ছিল তাঁর ভালো লাগা। দেশে বসেই যুক্তরাষ্ট্রের হলিউডের জিনোমন স্কুল অব ভিজ্যুয়াল ইফেক্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনলাইনে তাঁর কাজের কিছু নমুনা দেখিয়ে তবেই ডাক পেয়েছেন সেখানে। জিনোমন থেকে ছয় মাসের কোর্স শেষ করে সরফরাজ দেশে ফিরেছেন কয়েক বছর হলো। এখন কাজ করছেন অগ্নিরথ স্টুডিওর ‘সিজি সুপারভাইজার’ হিসেবে। তিনি বলেন, ‘আমাদের এখানে ইন্ডাস্ট্রিটা এখনো পরিপক্ব হয়নি। ক্লায়েন্টরা আমাদের ওপর বিশ্বাস রাখতে পারে না। ভাবে দেশের বাইরে থেকে কাজ করালেই ভালো হয়। কিন্তু আমরাও প্রচুর ভালো কাজ করছি।’
দেশে কি অ্যানিমেশন শেখার ভালো সুযোগ আছে? প্রশ্নে সরফরাজের জবাব, ‘কিছু ছোট-বড় কোর্স চালু আছে। ইউনিভার্সিটিগুলোর মধ্যে ডেফোডিল আর এআইইউবিতে এই বিষয়ে পড়াশোনা করা যায়। কিন্তু এখন যাঁরা কাজ করছেন, তাঁদের বেশির ভাগই নিজে নিজেই শিখেছেন।’

সফটওয়্যার প্রকৌশলী, আঁকিয়েসহ ভিন্ন ভিন্ন দক্ষতার লোকজন মিলে একটি সফল অ্যানিমেশন তৈরি করেন। প্রতিষ্ঠানের সঙ্গে কাজের পাশাপাশি কেউ কেউ ফ্রিল্যান্সও করছেন। কার্টুনিস্ট মানিক-রতন দুই ভাই যেমন মালয়েশিয়ার লিমককুইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে টুডি অ্যানিমেশনের ওপর পড়ালেখা করে এখন ব্যক্তিগত কাজের পাশাপাশি বাণিজ্যিক কাজও করেন। তাঁদের মতে, অ্যানিমেশনের কাজে বাংলাদেশ খুব একটা এগোতে পারেনি। পাঁচ বছর আগে যে জায়গায় ছিল, এখনো সেখানেই আছে। কারিগরি দিকগুলো ভালো জানেন, এমন লোকের সংখ্যা কম। তবে সব অ্যানিমেটর মিলে যদি একটি কমিউনিটি করা যায়, তাহলে হয়তো ভালো কিছু করা সম্ভব।
পাশের দেশ ভারত যে অ্যানিমেশনে অনেক এগিয়ে গেছে সে তথ্য অবশ্য ওয়াহিদ ইবনে রেজাই দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ভারতে বড় বড় ভিএফএক্স কোম্পানির স্টুডিও আছে। যেমন বেঙ্গালুরুতে আছে পিক্সারের অফিস। আমেরিকায় ঘণ্টা হিসাবে পারিশ্রমিক দিতে হয়। তাই যেসব কাজ করতে অনেক সময় লাগে, সেসব ওরা ভারতে পাঠিয়ে দেয়। কারণ, উপমহাদেশে পারিশ্রমিকের হিসাব হয় চুক্তির ভিত্তিতে।’

দেশে অ্যানিমেশন শিখতে বিভিন্ন মেয়াদি কোর্স চালু আছে। যাঁরা অ্যানিমেটর হিসেবে ক্যারিয়ার গড়তে চান, শুরুতে পছন্দমতো একটি কোর্স বেছে নিয়ে প্রাথমিক জ্ঞান নিতে পারেন। সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশের ‘মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগ’ এর অধীনে টেলিভিশন প্রোডাকশন অ্যান্ড অ্যানিমেশন বিষয়ে চার বছর মেয়াদি ব্যাচেলর অব আর্টস ডিগ্রি চালু হয়েছে। বিভাগটির সমন্বয়ক শামিম আরা শিউলি বলেন, ‘বাংলাদেশ হতে পারে অ্যানিমেশন আউট সোর্সিংয়ের পরবর্তী ঠিকানা। এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই এআইইউবির টেলিভিশন প্রোডাকশন অ্যান্ড অ্যানিমেশনের মেজর প্রোগ্রামটির কারিকুলাম সাজানো হয়েছে।’