অ্যানির অর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যানি দিভিয়া
অ্যানি দিভিয়া

ভারতের অন্ধ্র প্রদেশের শহর বিজয়ওয়াড়া। দুই দশক আগে সে শহরের আকাশে খুব কমই দেখা যেত বিমান। তবে সেনাবাহিনীতে কর্মরত বাবার কাছে গল্প শুনতে শুনতেই অ্যানি দিভিয়া নামের এক কিশোরী স্বপ্ন দেখেছিলেন বৈমানিক হওয়ার। একদিন স্বপ্নপূরণের জন্য ভর্তি হয়ে গেলেন ফ্লাইং স্কুলে। ক্লাস শুরুর পর বুঝতে পারলেন, তিনি ছাড়া প্রায় সব সহপাঠীর বিমানে ওঠার অভিজ্ঞতা হয়েছে। তিনি ইংরেজিতেও বেশ দুর্বল। কিন্তু অন্যদের চেয়ে পিছিয়ে থাকা সেই মেয়েটি তখন দমে যাননি। ১৯ বছর বয়সে ফ্লাইং স্কুলের পাঠ শেষে কাজের সুযোগ পেয়ে যান এয়ার ইন্ডিয়ায়। সেখান থেকে পরে স্পেন ও ইংল্যান্ডে নিয়েছেন প্রশিক্ষণ। আর এখন! তিনিই এখন বিশ্বের সবচেয়ে কম বয়সী নারী পাইলট। অ্যানি দিভিয়ার বয়স এখন ৩০ বছর। তিনি এই বয়সেই পণ্য ও যাত্রীবাহী বিমান বোয়িং-৭৭৭ আকাশে উড়িয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। তিনি এই বিমানের ক্যাপ্টেন।
যে বোয়িং-৭৭৭ বিমান উড়িয়ে চমকে দিলেন সবাইকে, সে বিমানটি বিশ্বের সবচেয়ে বড় টুইন-জেট প্লেন। যার যাত্রী ধারণক্ষমতা ৩০০-৪০০। দিভিয়া এখন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক, শিকাগো শহরে নিয়মিত বিমান নিয়ে ছোটেন। ভবিষ্যতে প্রশিক্ষক হয়ে নারীদের বিমান চালনায় উদ্বুদ্ধ করার কাজ করবেন অ্যানি।
সিএনএন অবলম্বনে