
খবরটা অবাক করা-ই বটে! সার্কাস দলে খেলা দেখানো এক বৃদ্ধ হাতির জন্য এত্ত কিছু!
অবসরে যাচ্ছে সে, নাম অ্যানি; বয়স ষাটের কোঠায়। তার অবসর জীবনকে ‘সুখী ও সমৃদ্ধ’ করতে ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড খরচ করে তৈরি করা হচ্ছে আস্ত এক সাফারি পার্ক! আশ্চর্য হওয়ার কারণ আছে আরও। এই ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ডের মধ্যে তিন লাখ ৫০ হাজার পাউন্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের দৈনিক ডেইলি মেইল-এর পাঠকেরা!

ভাবছেন কীভাবে? বছর তিনেক আগে ডেইলি মেইলের অনলাইন সংস্করণে অ্যানির খেলা দেখানোর এক ভয়ংকর ভিডিও প্রকাশিত হয়। আর তা স্পর্শ করে পুরো জাতিকে। শুরু হয় অ্যানির জন্য তহবিল সংগ্রহের কাজ। ভিডিও ফুটেজ দেখেই কি না কে জানে, সার্কাসের মালিক ববি রবার্টস পশুদের প্রতি নিষ্ঠুরতার জন্য ভীষণ অপরাধবোধ করতে থাকেন। অ্যানিকে নিষ্কৃতি দেন খেলা দেখানো থেকে। সার্কাস দল থেকে নিষ্কৃতি পাওয়ার পর এখন চলছে অ্যানির হাড়ের বাতের চিকিৎসা। তিনজন তত্ত্বাবধায়ক তার সেবা-যত্নের জন্য সর্বদা নিয়োজিত আছেন। তাঁদের মধ্যে একজন সংরক্ষক, একজন পশু চিকিৎসক ও একজন অস্টিওপ্যাথ।
ইংল্যান্ডের উইল্টসায়ারে এ মাসেই শুরু হতে যাচ্ছে ‘লংলেট’ নামের এই সাফারি পার্কের নির্মাণকাজ। আর তা এক বছরের মধ্যেই সম্পূর্ণরূপে প্রস্তুত করা হবে বলে ঘোষণা দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। তা অ্যানির জন্য কী কী ব্যবস্থা থাকছে সেখানে? অ্যানির নতুন আবাসের নাম দেখেই বোধহয় কিছুটা আঁচ করা যায়—অ্যানিস হ্যাভেন বা ‘অ্যানির স্বর্গ’। হাতির স্বর্গসম সেই বাসঘরের মেঝের তলায় বসানো হয়েছে ‘বিশেষ তাপীয় যন্ত্র’, যা তাকে শীত থেকে বাঁচাবে। আর তার বিশাল থামের মতো পা ভেজানোর জন্য থাকছে ঔষধি গুণসম্পন্ন খনিজ পানির ঝরনা। আরও থাকছে স্নানঘর এবং চার একর জায়গাজুড়ে বাগান।
সন্দেহ নেই, অ্যানির অবসরজীবনটা এবার বিলাসবহুলভাবেই কাটবে। সারা জীবন অনেক কষ্ট করেছে বেচারা। ১৯৫০ সালে তাকে কেনা হয়েছিল শ্রীলঙ্কা থেকে। তারপর দীর্ঘ ৫০ বছর শুধুই খেলা দেখিয়েছে সে। এখন অবসর যাপনের পালা। বয়স ও স্বাস্থ্য সমস্যা বিবেচনা করে লংলেটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ সময় অ্যানিকে একা থাকতে দেওয়াই ভালো হবে।
মারুফ ইসলাম, সূত্র: ডেইলি মেইল