অ্যান্টার্কটিকা ছাড়ছে ঢাকার চার গুণ বরফখণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা জেলার আয়তন ৫৬৫ বর্গমাইল। এই হিসাবটা এ কারণেই দেওয়া হলো যে এই জেলার প্রায় চার গুণ আয়তনের একটি বরফখণ্ডের অ্যান্টার্কটিকা ত্যাগ করার উপক্রম হয়েছে। বরফখণ্ডটা ওয়েডেল সাগরের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অংশ থেকে অ্যান্টার্কটিকার পূর্ব উপকূল পর্যন্ত বিস্তৃত বিশাল হিমশৈল লারসেন সি-এর একটি অংশ।

বিজ্ঞানীরা বলছেন, সাম্প্রতিক মাসগুলোয় লারসেন সি থেকে বরফখণ্ডটির আলাদা হওয়ার বিষয় আরও প্রকট হয়েছে। কারণ এ কয় মাসে ১০০ মাইল দৈর্ঘ্যের ফাটল তৈরি হয়েছে হিমশৈলটিতে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের কাছ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, জন্ম নিতে থাকা নতুন হিমশৈলটির সঙ্গে লারসেন সি-এর মধ্যে মাত্র তিন মাইল দৈর্ঘ্যের সংযোগ অবশিষ্ট আছে। বরফখণ্ডটি আলাদা হওয়ার পর দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত ছুঁয়ে ওয়েডেল সাগর ধরে আগানো শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

তবে বিজ্ঞানীরা আশ্বস্ত করেছেন, সাগরের বৈশ্বিক উচ্চতায় এই বিচ্ছেদ কোনো প্রভাব ফেলবে না। কারণ যে খণ্ডটি আলাদা হচ্ছে, তা ভাসমান অবস্থায়ই রয়েছে। তবে কয়েকজন বিজ্ঞানী আশঙ্কা করছেন, নতুন বরফখণ্ডটি হয়তো লারসেন সি হিমশৈলে আরও ফাটলের কারণ হতে পারে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার বিশ্লেষণ মতে, বরফখণ্ডটি ৬০০ ফুট পুরু হবে এবং এতে প্রায় ১ ট্রিলিয়ন টন বরফ থাকবে। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক নোয়েল গোরমেলেনও একই ধারণা পোষণ করছেন।

তবে বরফখণ্ডটি কেন আলাদা হয়ে যাচ্ছে, তা নিয়ে দ্বিমত রয়েছে বিজ্ঞানী মহলে। একাংশ মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় এমনটা হচ্ছে। এ দলে রয়েছেন নাসা ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ রিগনট। তবে বাকিরা এতে দ্বিমত পোষণ করে মনে করছেন, এটা স্বাভাবিক নিয়মেই হচ্ছে। ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশেনোগ্রাফির অ্যান্টার্কটিকাবিষয়ক বিজ্ঞানী হেলেন আমানা ফ্রিকার বলেন, হিমশৈল এর আগেও ভেঙেছে। এ জন্য উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।