অ্যাপ নিয়ে যাই এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তির দুনিয়ায় এখন একটা বড় ভূমিকা রাখছে মোবাইল ফোন অ্যাপ্লিকেশন বা অ্যাপ। বাংলাদেশি অ্যাপ নির্মাতা তরুণেরাও এগিয়ে যাচ্ছেন। স্বপ্ন দেখছেন, দেখাচ্ছেন।
.
.

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ছাত্র জুবায়ের হাসান ও বুয়েট পড়ুয়া আসিফ কামারের তৈরি অ্যাপের মূল ভাবনা ছিল খুব সহজ, সাধারণ। নাগরিক হিসেবে আপনি সরকারকে যে পরিমাণ ভ্যাট দিচ্ছেন তা ঠিকমতো সরকারি কোষাগারে যাচ্ছে কি না, সেটাই বলে দেবে তাঁদের তৈরি অ্যাপ ‘ভ্যাট চেকার’। সাধারণ মানুষ আর সরকারের উপকারে আসে—এমন একটা মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ বানানোই ছিল দুই শিক্ষার্থীর লক্ষ্য। কাজের স্বীকৃতিও তাঁরা পেয়েছেন। জুবায়ের বলেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড আমাদের সংবর্ধনা দিয়েছে। এ ছাড়া ২০১৫ সালের নভেম্বরে “ভ্যাট চেকার” অ্যাপকে আনুষ্ঠানিকভাবে সরকার থেকে স্বীকৃতিও দেওয়া হয়েছে। এখন আইসিটি বিভাগ সরাসরি আমাদের পৃষ্ঠপোষকতা করছে।’

মিডডে ড্রিমস দলের সদস্যরা
মিডডে ড্রিমস দলের সদস্যরা

শুধু তা-ই নয়। আগামী জুলাই মাসে দিল্লিতে অনুষ্ঠেয় ‘এমবিলিয়ন্থ অ্যাওয়ার্ডের’ জন্য মনোনয়নও পেয়েছেন অ্যাপটির দুই তরুণ নির্মাতা। মোবাইল যোগাযোগ প্রযুক্তিতে সার্কভুক্ত দেশগুলোর উদ্যোগুলোকে উৎসাহ দিতে ২০১০ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। জুবায়েরদের অ্যাপ জায়গা করে নিয়েছে ‘গভর্নমেন্ট অ্যান্ড সিটিজেন এনগেজমেন্ট’ বিভাগে। তাঁদের সঙ্গে প্রতিযোগিতায় আছে শ্রীলঙ্কার পার্লামেন্টকে ঘিরে নেওয়া আইটি উদ্যোগ এবং হায়দরাবাদে সিটি পুলিশের নেওয়া একটি প্রকল্প।
শেষ পর্যন্ত প্রতিযোগিতার ফলাফল যা-ই হোক, স্নাতক না পেরোনো দুই বাংলাদেশি ছাত্রের তৈরি অ্যাপ যে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা করছে, সেটাই বা কম কিসে? গত কয়েক বছর ধরে বড় পরিসরে নিজেদের উপস্থিতি জানান দিতে শুরু করেছেন বাংলাদেশি অ্যাপ নির্মাতারা। বাংলাদেশি প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের তৈরি অ্যাপ ‘সিম রেজিস্ট্রেশন বাংলাদেশ’ গত বছর গুগল প্লেস্টোরে শীর্ষ অ্যাপের তালিকায় ৮ নম্বরে জায়গা করে নিয়েছিল।
প্রতিবছর ‘ইএটিএল–প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা’ কিংবা ‘হ্যাকাথন’ এর মতো নিয়মিত কিছু আয়োজন নিঃসন্দেহে অ্যাপ নির্মাতাদের আগ্রহের পালে যোগ করেছে বাড়তি হাওয়া।
সম্প্রতি হয়ে যাওয়া নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের কথাই ধরুন। এই প্রতিযোগিতায় বাংলাদেশ পর্বের আয়োজনে নির্বাচিত একটি অ্যাপ ছিল ‘মার্শিয়ান ওয়েসিস’। দেশীয় পর্বে সেরা পাঁচে তো ছিলই, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতা করেও ‘পিপলস চয়েস অ্যাওয়ার্ড’-এর সেরা পাঁচে জায়গা করে নেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশলে পড়া চার সদস্যের দল ‘মিডডে ড্রিমস’-এর তৈরি এই অ্যাপ। দর্শকের ভোটপর্ব শেষে ‘মিডডে ড্রিমস’ যে দ্বিতীয় স্থান অধিকার করে নিল, সেটা কিন্তু ‘ভরদুপুরের স্বপ্ন’ নয়, সত্যি!

ভ্যাট চেকার অ্যাপের দুই নির্মাতা জুবায়ের ও আসিফ
ভ্যাট চেকার অ্যাপের দুই নির্মাতা জুবায়ের ও আসিফ

এই দলের সদস্যরা হলেন মোহাম্মদ সাখাওয়াত হোসেন, এনামুল কবির, মাইকেল দাশ ও মো. আরিফুজ্জামান। কী ছিল তাঁদের এই অ্যাপে? এনামুল কবির বলেন, ‘আমাদের অ্যাপটির বিষয় ছিল মঙ্গল গ্রহে ভবিষ্যতে মানুষের বসবাস উপযোগী কলোনি স্থাপনবিষয়ক একটি সিমুলেশন গেম তৈরি করা। গেমের শুরুতে গেমার স্পেস শিপে চড়ে মঙ্গলে পৌঁছাবে। সেখানে মঙ্গলের রসদ ব্যবহার করে জীবনধারণের চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে। এভাবেই এগোবে গেমটি।’ বোঝাই গেল, এই অভিনব ভাবনাই তাঁদের এত দূর নিয়ে গেছে।
গেম বানাতে প্রোগ্রামিংয়ের পাশাপাশি আইডিয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই দলের সদস্যরা। তাঁদের মতে, ‘ভালো অ্যাপ বানানোর জন্য অ্যাপের বিষয়ের ওপর স্বচ্ছ ধারণা, সঠিক প্ল্যানিং প্রয়োজন। অনেকের ধারণা, পুরোপুরি দক্ষ না হলে অ্যাপ বানানো যায় না। কিন্তু আমাদের মনে হয়, ছোটখাটো অ্যাপ তৈরি শুরু করলে স্কিল ডেভেলপ করা যায়। যা পরে বড় অ্যাপ তৈরিতে কাজে আসে।’
অ্যাপের বাজারে গেমের গুরুত্ব কিন্তু কম নয়। তাই তো ‘রিকশা রেসিং’ নামে একটি ভিন্নধর্মী গেম তৈরি করে গত বছর ইএটিএল–প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের চার তরুণের দল ‘অ্যাসগার্ডিয়ান’। পুরস্কার হিসেবে তাঁরা জিতে নিয়েছেন ১০ লাখ টাকা। গেম প্রসঙ্গে ‘হিরোস অব ৭১’-এর কথাও বলতে হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তৈরি এই অ্যাপ। এটি তৈরির পেছনে

গত বছর ‘রিকশা রেসিং’ নামে একটি মোবাইল গেম তৈরি করে ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল চার তরুণ
গত বছর ‘রিকশা রেসিং’ নামে একটি মোবাইল গেম তৈরি করে ইএটিএল প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল চার তরুণ

পেশাদারদের সঙ্গে কোডিংয়ের একটা অংশ নিয়ে নিয়মিত কাজ করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের দুই শিক্ষার্থী জাওয়াদ ইফাজ ও অভিক শর্মা চৌধুরী। স্নাতক পেরোনোর আগেই মুক্তিযুদ্ধভিত্তিক একটা গেম নির্মাণের সঙ্গে থাকতে পারার আনন্দটাই তাঁদের কাছে বড়। বলছিলেন, ‘কিছু দিকনির্দেশনা পেলে আরও অনেক তরুণ অ্যাপ নির্মাণে এগিয়ে আসবেন।’
তরুণেরা কেন অ্যাপ নির্মাণে আগ্রহী হবেন? ক্যারিয়ার, আয় নাকি পুরস্কার—লক্ষ্যটা কী হওয়া উচিত? মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতাপ্রতিষ্ঠান এমসিসির প্রধান নির্বাহী আশ্রাফ আবির মনে করেন, প্রথম লক্ষ্য হওয়া উচিত কোনো একটা সমস্যার সমাধান করা। বলছিলেন, ‘সবার হাতে হাতে স্মার্টফোন আছে। এটা একটা বিরাট সুযোগ। আমি কোনো একটা সুবিধা সবার হাতে হাতে পৌঁছে দিতে পারি। ভাবতে হবে, এই সুযোগ কাজে লাগিয়ে আমি কোন সমস্যাটা সমাধান করতে চাই। আয় করার ভাবনাটাকে আমরা উৎসাহ দিই না। ধারণা যদি চমকপ্রদ হয়, টাকা-পুরস্কার-ক্যারিয়ার সব এমনিতেই আসবে।’
প্রতিবছর বাড়ছে অ্যাপবিষয়ক প্রতিযোগিতা আর প্রতিযোগীর সংখ্যা। এ বছরও শুরু হয়ে গেছে ইএটিএল–প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৬ (বিস্তারিত: www.eatlapps.com/contest2016)। অর্জনের তালিকা শুধু প্রতিযোগিতা আর পুরস্কারেই থেমে থাকবে না। বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশি তরুণদের তৈরি অ্যাপ সফলতা পাবে, সেই স্বপ্ন আমরা নিশ্চয়ই দেখতে পারি।