অ্যাপ্লিক ও প্যাচওয়ার্কে নজরকাড়া নকশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্ষা ও শরতের সন্ধিক্ষণে এবারের ঈদ। দিনের বেলা গরম থাকলেও রাতে একটু ঠান্ডাই থাকবে। ঈদের দিন সবাই একটু সতেজভাবে উপস্থিত হতে চান প্রিয়জন বা বন্ধুবান্ধবদের কাছে। আর এসব বিষয় মাথায় রেখেই আমরা পোশাক রাখি।’ কথাগুলো বলছিলেন ডলস হাউসের ফ্যাশন ডিজাইনার আইভি হাসান। এখানে দেখা যায় তরুণী ও টিনএজারদের জন্য রয়েছে পাইরেট প্যান্ট, টপস, কুর্তি ও এ লাইন কাট লং কামিজের সঙ্গে চুড়িদার বা প্যান্ট কাট সালোয়ার। ফ্যাব্রিক্সে ব্যবহার করা হয়েছে সুতি, ভয়েল, খাদি, সিল্ক ও অ্যান্ডি। সালোয়ার কামিজে রয়েছে নিচের দিকে পাড়ের কাজ। অবশ্য ইয়োকলাইনেও পাড়ের কাজ প্রাধান্য পেয়েছে। এসব পাড়ে আদিবাসী কাপড় কেটে বা লেইস দিয়ে নকশা এবং এর সঙ্গে সমন্বয় করে থাকছে হাতের কাজ বা এমব্রয়ডারি। টপস ও কুর্তিতে দেখা যায় বিভিন্ন ফ্যাশনেবল কাট। সালোয়ার কামিজের দাম পড়বে এক হাজার ৫০০ থেকে দুই হাজার টাকা। শাড়িতে প্রাধান্য পেয়েছে আঁচল ও পাড়ে কাজ। শাড়ির মধ্যে রয়েছে অ্যান্ডি, জয়শ্রী ও হ্যান্ডলুম সিল্ক ও মসলিন তাঁত। এগুলোতে আদিবাসী কাপড় ও বিভিন্ন মাধ্যমে কাজ করা হয়েছে। থাকছে প্যাচওয়ার্কের কাজও। এ ছাড়াও রয়েছে তাঁতের ও খাদির কাপড়ে রবীন্দ্রনাথের বিভিন্ন ড্রয়িঙের স্ক্রিন প্রিন্টের কাপড় কেটে তৈরি করা অ্যাপ্লিক; যেগুলো দেখলে মনে হয় ফ্রেমে বাঁধা কোনো শিল্পকর্ম। শাড়ির দাম পড়বে এক হাজর ২০০ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। পাঞ্জাবিতেও দেখা যায় স্ক্রিনপ্রিন্টের বিভিন্ন ড্রয়িং কেটে অ্যাপ্লিক ও প্যাচওয়ার্কের কাজ করা হয়েছে। পাঞ্জাবির দাম পড়বে ৮০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত।আইভি হাসান বলেন, ‘সকাল বেলা পরার জন্য তরুণী ও গৃহিণীদের জন্য হালকা কাজের সালোয়ার কামিজ ও শাড়িতে নকশা করেছি। সকালে সাদা, ওফ হোয়াইট, ব্লু ভালো লাগবে। এজন্য সুতির শাড়িগুলোতে আঁচলে একটু অ্যান্ডির মিশ্রণে হালকা ব্লক ও হাতের কাজ করা কিছু কাপড় কেটে নকশায় আভিজাত্য আনা হয়েছে। মূলত প্যাচওয়ার্কটা কে এবার প্রাধান্য দিয়েছি। আবার বিকেল অতিথি আপ্যায়ন ও রাতের পার্টি পোশাকে ব্যবহার করেছি একটু গাঢ় ও দামি কাপড়। কাজেও এসেছে জমকালোভাব।’ ডলস হাউসের ঈদের বিশেষ পোশাক নিয়ে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত একটি প্রদর্শনীর আয়োজন করেছে। ডলস হাউসের ঠিকানা: বাড়ি নম্বর-১৬, সড়ক নম্বর-২, ব্লক-এ, চান্দগাঁও আবাসিক। এদিকে অন্য বুটিক হাউসগুলোও ঈদ উপলক্ষে বাহারি নকশার পোশাক এনেছে। এনএস ক্রিয়েশনসের নুরশাদ ইসলাম জানান, প্রথম রোজা থেকে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। তাঁর এখানে ঈদের বিশেষ সালোয়ার কামিজ। দাম পড়বে এক হাজার থেকে ২০ হাজার টাকা। শাড়িতে শফিন, মসলিন, সুপুরার ওপর মখমলের কাজ করেছেন। শাড়ি পাওয়া যাবে দুই হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে। পাঞ্জাবি রয়েছে এক থেকে তিন হাজারের মধ্যে। ঠিকানা: আফমি প্লাজা, ১৪৪-দ্বিতীয় তলা। লিয়েন্ড্রা বুটিকসের ফ্রানসিসকা রিবোরো জানান, তাঁর এখানে শাড়ি দু হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে, সালোয়ার কামিজ-তিন থেকে সাত হাজার টাকা। দেড় বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের পোশাক রয়েছে পাঁচ শ থেকে দু হাজার টাকার মধ্যে। পাঞ্জাবি দুই থেকে পাঁচ হাজার টাকার মধ্যে। ঠিকানা: ৪২ লাব্বাইক শপিং কমপ্লেক্স। সিডিত্র মার্কেট।ফ্যাশন ম্যাক্সের মুনি আক্তার জানান, তাঁদের এখানে সালোয়ার কামিজ এক হাজার থেকে ১০ হাজার, শাড়ি ৬০০ থেকে এক হাজার, ফতুয়া ৫০০ থেকে দুই হাজার, পাঞ্জাবি এক হাজার থেকে তিন হাজার টাকায় পাওয়া যাবে। ঠিকানা: ২৯ কাতালগঞ্জ, দ্বিতীয় তলা, পাঁচলাইশ।