অ্যামোনিয়া গ্যাসে আক্রান্তরা সুস্থ, বাড়ি ফেরার অপেক্ষায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অ্যামোনিয়া গ্যাসে আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন। গতকাল বুধবার পর্যন্ত ৩৪ জন চিকিৎসাধীন থাকলেও তাঁরা সবাই সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকেরা। হাসপাতাল ছাড়া সময়ের ব্যাপার মাত্র।

গত সোমবার রাত ৯টা ৫৫ মিনিটে আনোয়ারা উপজেলার রাঙাদিয়া গ্রামে ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার কারখানার ১ নম্বর ইউনিটে তরল অ্যামোনিয়া গ্যাসের একটি ট্যাংক বিকট শব্দে ফেটে যায়। তখন কারখানাটির উৎপাদন বন্ধ ছিল। কারখানার কর্মকর্তারা জানান, প্রায় ৫০০ টন ধারণক্ষমতার ট্যাংকটিতে দুর্ঘটনার সময় প্রায় ২৫০ টন অ্যামোনিয়া গ্যাস ছিল। কারখানার আশপাশ ছাড়াও নগরের বন্দর, পতেঙ্গা ও হালিশহর এলাকায় গ্যাসের ঝাঁজালো গন্ধ পাওয়া যায়। গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়া ৫২ জনকে সোমবার রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার সকালে আরও একজনকে ভর্তি করা হয়।

আক্রান্তদের মধ্যে ১৯ জনকে গত মঙ্গলবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফেরেন। বর্তমানে চিকিৎসাধীন ৩৪ জনই এখন সুস্থ বলে জানান হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন। গতকাল দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, তাঁদের এখন শ্বাসকষ্ট নেই। আজ (বুধবার) সন্ধ্যায় শিল্পমন্ত্রী আসবেন। তাঁদের দেখবেন, কথা বলবেন। এরপর আস্তে আস্তে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে।

চিকিৎসকেরা জানান, অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হওয়ার পর আক্রান্তদের চোখ জ্বালাপোড়া, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট দেখা দেয়। এসব উপসর্গ নিয়ে তাঁরা হাসপাতালে ভর্তি হন।

নগরের বিমানবন্দর থেকে চিকিৎসা নিতে আসা আনসার সদস্য মো. ইসমাইল বলেন, রাতে কর্তব্যরত অবস্থায় হঠাৎ করে বাতাসে গন্ধ পেলাম। এর কিছুক্ষণ পর চোখ জ্বালাপোড়া শুরু হয়। পরে শ্বাসকষ্ট দেখা দিচ্ছিল। এরপর হাসপাতালে নিয়ে আসা হয়।

রাঙাদিয়া থেকে আসা মোস্তফা কামাল নামে অন্য এক আনসার সদস্য বলেন, ‘ঘটনাস্থলের অনেক দূরে আমরা কয়েকজন ছিলাম। গ্যাসে নিজেকে অসুস্থ বোধ করছিলাম। চলার শক্তিও হারিয়ে ফেলি। পরে এখানে নিয়ে আসা হয়। এখন সুস্থ আছি।’

চমেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডের মেডিসিন বিভাগে এসব রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার চন্দন সাহা বলেন, শ্বাসকষ্ট, বমি বমি ভাব ও চোখ জ্বালাপোড়া নিয়ে এসব রোগী ভর্তি হন। অ্যামোনিয়া গ্যাসে এ রকম হয়েছিল। তবে এখন সবাই সুস্থ। তাঁদের বেশির ভাগই বাসায় ফেরার মতো অবস্থায় রয়েছেন।