২০০৩ সালের এপ্রিল মাসে ব্লু জন ক্যানিয়ন পাহাড়ের দিকে যাত্রা করেন অ্যারন লি রালসটন। বড় একটা পাথর এসে পড়ে তাঁর ডান হাতের ওপর। সেই আটকে পড়া হাত আর কিছুতেই বের করতে পারেন না অ্যারন। শুরু হয় জনমানবশূন্য পাথুরে পাহাড়ি এলাকায় তাঁর একাকী সংগ্রাম।দুপুরের ঠিক পরপরই তাড়াহুড়ো করে বদলে যায় সূর্যের রং। মিষ্টি হয়ে ওঠে রোদ। লালচে একটা আভা খেলা করে ব্লু জন ক্যানিয়নের পাহাড়গুলোর গায়ে। দূর থেকে এসব দেখে পাহাড়ে ওঠার নেশাটা মাথা চাড়া দিয়ে ওঠে অ্যারন লি রালসটনের। পাহাড়ের মাতাল করা সৌন্দর্য তাঁকে টানে। এ সৌন্দর্যের ডাকে সাড়া না দিয়ে পারা যায় না। অ্যারন তাই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একদিন ঠিক ঠিক বেরিয়ে পড়েন পাহাড়ের দিকে। ২.২০০৩ সালের এপ্রিল মাস। ব্লু জন ক্যানিয়ন পাহাড়ের পথে যাত্রা করেন অ্যারন রালসটন। রক্তে তাঁর পাহাড়ে চড়ার নেশা। পাহাড়ে চড়ার কারণে নিজের চাকরিটাও ছেড়েছেন প্রকৌশলী অ্যারন। কাউকে না জানিয়েই রোমাঞ্চকর এক অভিযানের লোভে বের হন ইন্ডিয়ানায় জন্মগ্রহণকারী এই মার্কিন পর্বতারোহী। সামান্য পরিমাণ পানি আর পাহাড়ে ওঠার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে পথ চলতে থাকেন। শুরুতেই দুর্ঘটনা। যাত্রাপথের অসতর্ক মুহূর্তে বড় একটা পাথর এসে পড়ে ডান হাতের ওপর। সঙ্গে নেই যোগাযোগের জন্য কোনো মুঠোফোন। নিজের গাড়িটাও রাখা আট মাইল দূরে। দিনমান চিৎকার করলেও জনমানবহীন এ জায়গায় তাঁর ডাকে সাড়া দেবে না কেউ। কোনো মানুষের একার পক্ষে এত বড় পাথর সরানো সম্ভব নয়। অ্যারন বুঝে যান বাঁচার কোনো আশা নেই। প্রায় পাঁচ দিন কাটিয়ে দেওয়া হয় শুধু পানি খেয়ে। একটা সময় শেষ হয়ে যায় পানি। তখন ক্ষুধার্ত আর ক্লান্ত শরীর নিয়ে নিজের সঙ্গে আনা ভিডিও ক্যামেরায় ধারণ করেন কষ্টের কথাগুলো। মা আর বাবাকে জানান শেষ বিদায়। খুব বেশিক্ষণ আর বাঁচবেন না মনে করে অক্ষত হাত দিয়ে পাহাড়ের ওপর নিজের জন্মতারিখ আর সেই সঙ্গে মৃত্যুর তারিখটাও লিখে ফেলেন অ্যারন। মৃত্যু হানা দেবে যেকোনো সময়। বড্ড বাঁচতে ইচ্ছে করে অ্যারনের। ফিরতে ইচ্ছে করে নিজের পরিবারের কাছে। কিন্তু বাঁচার কোনো উপায় ঠাওর করতে পারেন না কিছুতেই।৩.অ্যারনের গানের গলা খুব ভালো। শুনতে ভালোবাসেন রক গান। রক ব্যান্ডের কোনো কনসার্ট হলেই ছুটে যান সেখানে। মৃত্যুর আগে এসব কথা মনে পড়ছিল বারবার। মনে পড়ছিল নিজের বাড়ি আর বুড়ো মা-বাবার কথা। এ সুন্দর পৃথিবীটা ছাড়তে রাজি নন কিছুতেই আ্যাারন। বেঁচে থাকার প্রবল আকুতি বুকের ভেতরে। আচমকা অন্য রকম এক সাহস ভর করে তাঁর ওপর। পাহাড়ে ওঠার যন্ত্রপাতির ভেতর থেকে বের করেন ছুরিটা। বাঁ হাতে ছুরিটা নিয়ে কাটতে থাকেন ডান হাত। রক্তে ভেসে যায় চারপাশ। হাতের যতটুকু পাথরের নিচে চাপা পড়ে আছে ততটুকু বাদ দিয়ে কাটতে থাকেন তিনি। মাংসের ভেতর ছুরি গেঁথে গেলেও হাড় কাটাটা ছিল ভয়ংকর যন্ত্রণার। সামান্য ছুরিটা দিয়ে সময় নিয়ে একপর্যায়ে হাড় কাটতে সক্ষম হন অ্যারন। মুক্তি পান তিনি। পাথরের নিচে পড়ে থাকে তাঁর হাতের বাকি অংশ। এরপর এক হাত নিয়ে প্রায় ৬৫ ফুট ওপরে উঠে আট মাইল দূরে রাখা নিজের গাড়ির দিকে যান অ্যারন। মাথার ওপর তখন চড়া রোদ্দুর। বন্ধ হয়নি কাটা জায়গার রক্তপাত। এমন সময় ভাগ্যক্রমে দেখা পান এক দম্পতির। তাঁরাই পানি তুলে দেন অ্যারনের মুখে। ফোনে চাওয়া হয় তাঁর জন্য সাহায্য। অল্পক্ষণের মধ্যেই চলে আসে হেলিকপ্টার। অ্যারনের চোখে রাজ্যের ঘুম। ক্লান্তিতে শরীর অবশ হওয়ার জোগাড়। হাতের যন্ত্রণায় জ্ঞান হারানোর আগে বুঝতে পারেন বেঁচে গেলেন তিনি। অতঃপর জীবনের কাছে হেরে গেল মৃত্যু।অ্যারনের বয়স এখন ৩৫। পত্রপত্রিকা আর টিভি চ্যানেলের কল্যাণে তিনি সবার কাছে পরিচিত মুখ। খ্যাতিমান চলচ্চিত্রকার ড্যানি বোয়েলের ছবি ওয়ান টুয়েন্টি সেভেন আওয়ারস-এর কারণে এ জনপ্রিয়তা বেড়েছে আরও কয়েক গুণ। অ্যারনের জীবনের এ ঘটনা নিয়েই বানানো হয়েছে ছবিটা। অভিনেতা জেমস ফ্রাংকো অভিনয় করেছেন অ্যারনের ভূমিকায়। খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসার মধ্যেই কেটে যায় আজকাল অ্যারনের দিনগুলো।—ওয়েবসাইট অবলম্বনে কিঙ্কর আহ্সান