অ্যারিজোনায় প্রতিবাদের ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গভর্নর অভিবাসন নিয়ে নতুন কঠোর আইনে সই করার পর থেকে দেশজুড়ে প্রতিবাদের ঝড় বইছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হচ্ছে একের পর এক। আইনটিকে চ্যালেঞ্জ করে আদালতে মামলার প্রস্তুতিও চলছে। প্রেসিডেন্ট বারাক ওবামাও এ আইনকে ‘অবিবেচনাপ্রসূত’ আখ্যা দিয়ে এর সমালোচনা করেছেন। সবচেয়ে বড় কথা, গভীর উদ্বেগ ও উত্কণ্ঠার মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা।অ্যারিজোনার নতুন আইনটি কার্যকর হবে আগামী আগস্ট থেকে। এতে রাজ্য পুলিশকে অবৈধ অভিবাসী ঠেকাতে চরম ক্ষমতা দেওয়া হয়েছে। পুলিশ সন্দেহ হলে যেকোনো ব্যক্তিকে তল্লাশি করতে পারবে। যে কারও গ্রিনকার্ড পরীক্ষা করতে পারবে। গ্রিনকার্ড দেখাতে না পারলে গ্রেপ্তার এমনকি দেশ থেকে বহিষ্কারের ক্ষমতাও দেওয়া হয়েছে রাজ্য পুলিশকে। অভিবাসনের বৈধতা নিশ্চিত না হওয়া পর্যন্ত যে কাউকে আটকেও রাখতে পারবে তারা। এর অর্থ হচ্ছে, বৈধ অভিবাসীদের সার্বক্ষণিক গ্রিনকার্ড সঙ্গে রাখতে হবে।যুক্তরাষ্ট্রের যাবতীয় অভিবাসন আইনের মধ্যে সবচেয়ে কঠিনগুলোর একটি বলা হচ্ছে একে। অন্য কোনো অঙ্গরাজ্যে এমন আইন নেই। যুক্তরাষ্ট্রে কেউ বড় ধরনের অপরাধ না করলে রাজ্য পুলিশ তার বৈধতা নিয়ে ঘাঁটাঘাঁটি করে না। অভিবাসীদের বৈধতা নিরূপণ বা দেশ থেকে বিতাড়নের কাজটি করে অভিবাসন বিভাগ।যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অবৈধ অভিবাসী ভয় পাচ্ছে যে অন্য অঙ্গরাজ্যও এমন আইন করতে পারে। অ্যারিজোনার ফিনিক্সে গত রোববার বিশাল প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। ডেমোক্রেটিক দলের কংগ্রেসম্যান এবং বিশিষ্ট মানবাধিকার সংগঠক রাউল গ্রিজালতা সমাবেশে বলেন, ‘বৈষম্যমূলক অভিবাসন আইনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব।’ তিনি অভিবাসনবিরোধী এ আইনটি বাতিলের জন্য প্রেসিডেন্ট ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন। এ ছাড়া নিউইয়র্ক, ফ্লোরিডা ও নিউজার্সিসহ বেশ কিছু অঙ্গরাজ্যে অভিবাসীরা বিক্ষোভ-সমাবেশ করেছে। কানেটিকাট থেকে নির্বাচিত ডেমোক্রেটিক দলের প্রভাবশালী কংগ্রেসম্যান ক্রিস্টোফার ডড বলেছেন, অভিবাসন সংস্কার নিয়ে কেন্দ্রীয় আইন প্রণেতাদের দ্রুত সক্রিয় হতে হবে। অন্যথায় অন্যান্য অঙ্গরাজ্যেও অভিবাসনবিরোধী আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হতে পারে। কেন্দ্রীয় উদ্যোগের অভাবেই রাজ্য সরকারগুলো নিজেদের মতো করে আইন প্রণয়নের সুযোগ নিচ্ছে বলে তাঁর ধারণা।অ্যারিজোনার পাশের অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর ডেমোক্রেটিক দলীয় গভর্নর বিল রিচার্ডসন বলেছেন, ‘অ্যারিজোনায় প্রণীত আইনটি ভয়ংকর। আইনটি আমেরিকার গণতান্ত্রিক ভাবধারার পরিপন্থী।’তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামাও। তিনি বলেছেন, ‘এটি আমেরিকার মূল ভাবধারার পরিপন্থী। এ আইনের ফলে বিভিন্ন এলাকায় পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হবে, যা জাতীয় নিরাপত্তার জন্য সমস্যা তৈরি করবে।’ওবামাও বলেন, কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ না করার ফলেই অন্যদের ‘দায়িত্বহীন আচরণের’ সুযোগ সৃষ্টি হয়েছে।স্বাস্থ্য বিমা আইনসহ অভ্যন্তরীণ অন্যান্য সংস্কার পদক্ষেপ নিয়ে প্রেসিডেন্ট ওবামা ইতিমধ্যে তীব্র বিরোধিতার মুখে আছেন। অভিবাসনের মতো স্পর্শকাতর বিষয়ে নিজের দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রণেতারাও একমত্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছেন। অ্যারিজোনা অঙ্গরাজ্যে অভিবাসনবিরোধী এ আইন প্রণয়নের পর রক্ষণশীল রিপাবলিকানদের অবস্থানও এখন সম্পূর্ণ ভিন্ন মেরুতে। রিপাবলিকান দলের উল্লেখযোগ্য সমর্থন ছাড়া কেন্দ্রীয়ভাবে অভিবাসন সংস্কার আইন প্রণয়ন করা ওবামার জন্য কঠিন হবে।কংগ্রেসে রিপাবলিকান পার্টির নেতা সিনেটর মিচ ম্যাককনেল বলেছেন, অভিবাসন নিয়ে কথা বলার উপযুক্ত সময় এখন নয়। দেশে বেকারত্বের হার ১০ শতাংশ। এখন অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়কে আমাদের অগ্রাধিকার দিতে হবে।আরেক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রেহাম হুমকি দিয়েছেন, অভিবাসন সংস্কার নিয়ে কংগ্রেস তড়িঘড়ি শুরু করলে তিনি ডেমোক্র্যাট আইন প্রণেতাদের সঙ্গে সমঝোতা থেকে সরে আসবেন।অ্যারিজোনা: কিছু তথ্যরাজধানী: ফিনিক্সরাজ্যের ডাক নাম: গ্র্যান্ড ক্যানিয়ন স্টেটতিনটি বড় নগর: ফিনিক্স, টুসন, মেসা।আয়তন: এক লাখ ১৩ হাজার ৬৩৫ বর্গমাইল।স্থায়ী জনসংখ্যা: ৫৯ লাখ ৩৯ হাজার ২৯২শ্বেতাঙ্গ: ৭৫.৫ শতাংশ, কৃষ্ণাঙ্গ ৩.১ শতাংশ, আদিবাসী আমেরিকান ইন্ডিয়ান ৫.০ শতাংশ, এশীয় ১.৮ শতাংশ, হিস্পানিক/ল্যাটিনো ২৫.৩ শতাংশ।পর্যটন আকর্ষণ: গ্র্যান্ড ক্যানিয়ন, পাথুরে বন, হুভার বাঁধ, লেক মিড, ফোর্ট অ্যাপাচে, লন্ডন ব্রিজ।সূত্র: সিএনএন ও বিবিসি অনলাইন।