
আলোকচিত্র সময়কে ধরে রাখে। সিডি, ডিভিডি, পেনড্রাইভের মতো ছবি রাখার ডিজিটাল যন্ত্র এখন সহজলভ্য। তারপরও একটি ছাপা ছবির আবেদন অন্য রকম। আর সেই ছবিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখা যায় অ্যালবামে।
বিয়ের অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ওয়েডিং ডায়েরির নির্বাহী পরিচালক প্রীত রেজা বললেন, ‘অ্যালবামের আবেদন সমসময়ের—তা হয়তো কখনোই হারানোর নয়। অ্যালবাম মানুষের রুচিবোধ তুলে ধরে। বিশেষ দিন বা উৎসবের ছবি সংরক্ষণে নানা ধরনের কাগজের অ্যালবাম পাওয়া যায় আজকাল৷ অনেকে আবার ফটোফ্রেমেও ছবি রাখেন।’
উপহার হিসেবে অ্যালবাম
কোনো বিশেষ দিন বা উৎসবে প্রিয়জনকে উপহার হিসেবে অ্যালবাম দেওয়া যেতে পারে। এ ক্ষেত্রে অ্যালবাম কেনার সময় যাঁকে দিচ্ছেন, তাঁর পছন্দ ও রুচির বিষয়টি মাথায় রাখা ভালো। শিশুদের জন্য লাল, গোলাপি, হলুদ, কমলাসহ হালকা রঙের অ্যালবাম নেওয়া যেতে পারে। বন্ধুর জন্য হতে পারে বেগুনি, নীল, সবুজ, সাদার মতো রং। নানা ধরনের নকশা করে ছবির অ্যালবাম তৈরি করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান৷ সেখানে ফরমায়েশ দিয়ে তৈরি করে নিতে পারেন ইচ্ছেমতো৷ অ্যালবামের মলাটে ফুল, পাখির নকশা করেও নেওয়া যায়৷
রাজধানীর গুলশানের ডিসিসি মার্কেটের রাফাত ট্রেডার্সের রুবেল হোসেন জানালেন, বাজারে বিভিন্ন ধরনের অ্যালবাম পাওয়া যায়৷ তবে ‘পকেট’ ও ‘পেস্টিং’ অ্যালবাম বেশি বিক্রি হয়। এগুলোর মলাট কাঠ, মোটা কাগজ, চামড়াসহ নানা উপকরণের হয়ে থাকে।

অ্যালবামের যত্ন
অ্যালবাম দীর্ঘদিন ভালো রাখতে বেশ কিছু পরামর্শ দিলেন আলোকচিত্রী প্রীত রেজা। তিনি বলেন, সতর্ক হতে হবে অ্যালবাম কেনার সময় থেকেই। ভালো মানের প্লাস্টিক না হলে ছবি নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়। খেয়াল রাখতে হবে ছবি প্রিন্ট করার বিষয়টিও। তিনি জানালেন, পেস্টিং অ্যালবামে ছবি রাখার সময় খেয়াল রাখতে হবে, কোনোভাবেই যেন বাতাস না ঢোকে। অ্যালবাম নষ্ট হওয়ার বড় একটি বিষয় বাতাসের আর্দ্রতা। অ্যালবাম শুষ্ক স্থানে রাখতে হবে, যেখানে পিঁপড়া, তেলাপোকাসহ অন্যান্য পোকামাকড় অ্যালবামের ক্ষতি করতে না পারে। মাসে অন্তত দু-একবার বের করে পাতাগুলো নাড়াচাড়া করা যেতে পারে। মাঝেমধ্যে রোদে ও বাতাসে রাখা উচিত। এতে ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা পাবে।
যেখানে পাবেন
কাছের স্টুডিওর নিজস্ব অ্যালবাম ছাড়াও আপনি নানা ধরনের অ্যালবাম পাবেন বিভিন্ন গিফট শপ ও স্টেশনারি দোকানে। রাজধানীর নিউমার্কেট, গুলশানের ডিসিসি মার্কেট, আড়ং, আর্চিজসহ বিভিন্ন শপিং মলে খুঁজলেই পেয়ে যাবেন পছন্দের অ্যালবাম।
কৃতজ্ঞতা: স্টুডিও পদ্মা

দরদাম
অ্যালবামের দাম নির্ভর করে এর কভার, ভেতরের নকশা, আকার ও পৃষ্ঠাসংখ্যার ওপর। বিভিন্ন উপহারসামগ্রী বিক্রির দোকান ঘুরে দেখা গেল, ২০ পাতার ছোট পেস্টিং অ্যালবাম ৪০০-৫০০ টাকা, মাঝারি ৬৫০-১৫০০ এবং বড় ২০০০-৪০০০ টাকায় পাওয়া যায়। পকেট অ্যালবামের বিষয়টি নির্ভর করে ছবি আকারের ওপর। ‘থ্রিআর’ থেকে ‘সেভেনআর’ আকারের পকেট অ্যালবাম পাওয়া যায়। দাম শুরু ১২০ টাকা থেকে। মাঝারি আকারের অ্যালবাম পাওয়া যায় ৪৫০-৬৫০ এবং বড় আকারের ক্ষেত্রে খরচ করতে হবে ১০০০-৩০০০ টাকা। উৎসবের ছবি তোলে এমন প্রতিষ্ঠানগুলো বিভিন্ন প্যাকেজে অ্যালবাম তৈরি করে থাকে। যেগুলোর দাম ছবিসহ ১০ হাজার থেকে ১ লাখ টাকার মধ্যে পড়বে।