চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, যেকোনো শুদ্ধি অভিযানে সাংবাদিকতা পেশার জোরালো ভূমিকা রয়েছে। দেশ-জাতির কল্যাণে তাই সাংবাদিকদের দায়িত্ব অনেক।
বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং নবগঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ১৮ মার্চ দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আবুল কালাম আজাদ। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহমেদ ও প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।
সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব দীপের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক আতিকুর রহমান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিমুল নজরুল, সহসভাপতি আতাউল গণি, সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ প্রমুখ।
সভার শুরুতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নবগঠিত কমিটির সদস্যদের উপাচার্যকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে বিশ্ববিদ্যালয় উপাচার্য, ডিন ও প্রক্টরকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।