অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিয়ানা হাফিংটন
আরিয়ানা হাফিংটন

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম দ্য হাফিংটন পোস্ট–এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সম্পাদক আরিয়ানা হাফিংটন। ফোর্বস সাময়িকীর করা তালিকা অনুযায়ী, তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী। ২২ মে যুক্তরাষ্ট্রের কলবি কলেজের সমাবর্তন অনুষ্ঠানে বক্তা ছিলেন এই কলাম লেখক ও ব্যবসায়ী

আজকের দিনটা অদ্ভুত বৈপরীত্যের। দুটো জীবনের আলো আজ তোমাদের গায়ে এসে পড়ছে। একটা জীবন শেষ হচ্ছে, আরেকটার আজ শুরু। যে জীবনটা তোমরা এখানে ছেড়ে যাচ্ছ, সেটার একটা নির্দিষ্ট লক্ষ্য ছিল, এটা ছিল সাজানো। এই জীবনের মূল কথা—জ্ঞান হলো মনের আলো।
কিন্তু যে জীবনে তোমরা প্রবেশ করছ, সেটা একেবারেই অন্য রকম—বিশৃঙ্খল, বিভ্রান্তিতে ভরপুর; অসংখ্য তথ্যের মধ্যে ডুবতে বসা একটা পৃথিবী। জ্ঞান যদি হয় মনের আলো, তাহলে আমার মতে, সত্য সব সময় কুয়াশায় ঢাকা। তোমাদের সামনে চ্যালেঞ্জ এখন এটাই—কুয়াশা সরিয়ে সঠিক পথটা খুঁজে বের করা। আর তার চেয়ে বড় চ্যালেঞ্জটাও জেনে রাখো। তোমার কাজ শুধু পৃথিবী জয় করা নয়, পৃথিবী বদলানো! এমন একটা পৃথিবীতে তোমরা প্রবেশ করছ, যেখানে সাফল্যের জন্য তোমাকে যথেষ্ট মূল্য দিতে হবে। হতাশা, মানসিক চাপের সঙ্গে লড়াই করে যথেষ্ট ঘাম ঝরানোর পর মিলবে বিজয়ের দেখা।
আমি বিশ্বাস করি, যুগ যুগ ধরে তৈরি হওয়া বিভ্রান্তি একটা প্রজন্মই দূর করতে পারে। মাঝেমধ্যে আমরা এমন একটা বিশ্বাস নিয়ে বেড়ে উঠি, যেটা একেবারেই মিথ্যে। যেমন একটা সময় মনে করা হতো ধূমপান করা এক রকম ‘স্মার্টনেস’, আভিজাত্যের চিহ্ন! এমনকি অ্যাপ্রোন পরা ডাক্তারেরা ল্যাবে দাঁড়িয়ে সিগারেটের সুফল বলছেন, ষাটের দশকের শেষের দিকেও এমন বিজ্ঞাপন প্রচারিত হতো। ধূমপানের ক্ষতিকর দিকগুলো জানতে আমাদের সময় লেগেছে।

আমার মনে হয়, এখন তোমাদের ‘কম ঘুমানোর’ ক্ষতিকর দিকগুলো জানার সময় এসেছে। ধূমপানের কুফল বুঝতে আমাদের প্রজন্মের সময় লেগেছিল। কিন্তু আমার বিশ্বাস, ঘুমের প্রয়োজনীয়তা বুঝতে তোমরা আর দেরি করবে না।

কলেজজীবনে কম ঘুমাতে হবে, এটাই তোমরা রীতিমতো অবধারিত বলে ধরে নিয়েছ। এমন একটা স্লোগানও প্রচলিত আছে: ঘুম, গ্রেড, সামাজিক জীবন—যেকোনো দুইটা বেছে নাও! আমেরিকার অনেক ক্যাম্পাসেই এ ধরনের কথা শোনা যায়। ব্যাপারটা এমন, যেন কলেজপড়ুয়াদের ঘুম আর জীবন, দুটো থেকে যেকোনো একটা বেছে নিতে হবে। আর তাই ‘হাফপোস্ট স্লিপ রেভ্যুলিউশন ট্যুর’–এ আমরা দেশের ৩০০ কলেজে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য, মানুষকে ঘুমের গুরুত্ব বোঝানো। অনেক অফিসে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা কাজ করাকে বাহবা দেওয়া হয়। অথচ ব্যাপারটা মদ্যপ হয়ে অফিস করাকে স্বাগত জানানোর মতো!

বিজ্ঞান বলছে, কর্মক্ষেত্রে ভালো পারফরম্যান্সের জন্য যা কিছু লাগে—সৃষ্টিশীলতা, কার্যক্ষমতা, সমস্যা সমাধান বা মানসিক চাপ সামলানোর ক্ষমতা, সবার সঙ্গে মিলে কাজ করার ও শেখার দক্ষতা; ঘুম এর সবগুলোকে প্রভাবিত করে। ভালো ঘুম হলে এসব বাড়বে, ভালো ঘুম না হলে কমবে। নিজেকে ‘আনপ্লাগ’ করা এবং ‘রিচার্জ’ করার মতো নিয়মানুবর্তিতা মানুষের মধ্যে থাকতে হবে। যে মানুষ নিজেকে সারা দিন ই-মেইলের ইনবক্সের সঙ্গে বেঁধে রাখে, তাকে নয়; বরং যে আনন্দ নিয়ে কাজ করে, যাঁর মধ্যে কল্পনাশক্তি আর উদ্যম আছে, তাকেই কর্মক্ষেত্রে পদোন্নতি দেওয়া উচিত।

যিনি দম্ভ করে বলেন, আমি দিনে মাত্র চার ঘণ্টা ঘুমাই, তাঁর ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। বিশেষ করে, তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে থাকেন! যেমন রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন পাওয়া লোকটি তাঁর চার ঘণ্টা ঘুমানোর অভ্যাস নিয়ে গর্ব করেন। আমরা একটু ভেবে দেখি, এই চার ঘণ্টায় তিনি যদি তাঁর মোবাইল ফোনটা পাশে নিয়ে ঘুমানোর চেষ্টা করেন, তাহলে তাঁর মানসিকতায় কী কী প্রভাব পড়তে পারে—তথ্য যাচাইয়ে অক্ষমতা, মানসিক অস্থিরতা, যখন-তখন রেগে যাওয়া, স্মৃতি দ্বারা প্রতারিত হওয়া, আবেগ নিয়ন্ত্রণ করতে না পারা, বিবাদ করার প্রবণতা তৈরি হওয়া...ইত্যাদি। এর সবই কম ঘুমের ফল।

অতএব প্রেসিডেন্ট হওয়া অথবা একটা সাধারণ চাকরিতে যোগ দেওয়া—যে দৌড়েই তুমি থাকো না কেন, ঘুম তোমার কর্মক্ষমতা বাড়ানোর ওষুধ। এবং এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে শুরু করলে কেমন হয়? আমি বলি কি—অ্যালার্ম ছাড়া ঘুম থেকে ওঠার অভ্যাস করো। সতর্কতা হিসেবে তুমি অ্যালার্ম দিয়ে রাখতে পারো। কিন্তু একটা পুরো রাত ঘুমানোর পর আসলে স্বাভাবিকভাবেই তোমার ঘুম ভাঙা উচিত। জিনগত পরিবর্তনের মাধ্যমেই মানুষ সাত থেকে নয় ঘণ্টা ঘুমের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে।

ভেবে দেখ, ‘অ্যালার্ম’ শব্দটার মানে কী? হঠাৎ কোনো বিপদ বা দুর্ঘটনার সময় একটা সংকেত, যেটা কোনো দুঃসংবাদের আভাস দেয়। অর্থাৎ ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে আমাদের দেহে একটা মানসিক চাপের হরমোন তৈরি হয় আর অ্যাড্রেনালিন হ্রাস হতে থাকে। কারণ, অ্যালার্মের শব্দ পেয়েই বিপদের জন্য শরীর আমাদের তৈরি করে ফেলে।

আবার উল্টো দিক থেকে ভেবে দেখো। অ্যালার্ম ছাড়া ঘুম ভাঙলে প্রক্রিয়াটা এতই মসৃণ হয় যে আমাদের ঘুমের ঘোরে দেখা স্বপ্নগুলোও মনে থাকে। যুগে যুগে এই স্বপ্ন থেকেই তো নতুন ভাবনা, আবিষ্কার, শিল্প এমনকি বৈজ্ঞানিক বিপ্লব এসেছে। রসায়নের পর্যায় সারণি, বিটলসের গান ‘লেট ইট বি’ কিংবা আজকের গুগলের ভাবনা, এর সবই স্বপ্ন থেকে পাওয়া। গুগলের অন্যতম প্রতিষ্ঠাতা ল্যারি পেজ যেমন বলেন, ‘ঘুমের ঘোরেও যদি একটা দারুণ স্বপ্ন দেখো, সেটা আঁকড়ে ধরো!’ স্বপ্ন হলো জগতের রহস্যময়তা উদ্‌ঘাটনের একটা পথ। যে পথ আমাদের দেখায় প্রতিদিনের গৎবাঁধা দিনলিপি, সংগ্রাম, সাফল্য আর ব্যর্থতার বাইরেও একটা জীবন আছে। (সংক্ষেপিত)

ইংরেজি থেকে অনুবাদ:

মো. সাইফুল্লাহ

সূত্র: কলবি কলেজের অফিশিয়াল ওয়েবসাইট