অ্যাসিড-সন্ত্রাস: লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বামীর ঢেলে দেওয়া অ্যাসিডে দগ্ধ ফরিদা খাতুন
স্বামীর ঢেলে দেওয়া অ্যাসিডে দগ্ধ ফরিদা খাতুন

কৃষক বাবার সন্তান সীমা (১৭)। অভাবের সংসারে অর্থ উপার্জনের জন্য কিশোরগঞ্জ থেকে ১৪ বছর বয়সেই নরসিংদী পাড়ি জমায় সীমা। যোগ দেয় একটি পোশাক রং করার কারখানায়। নির্বিঘ্নে কাটে আড়াই বছর। পরিবারও বাড়তি কিছু অর্থের জোগানে খুশি। কিন্তু সীমার সব খুশিতে অ্যাসিড ঢেলে দেয় অন্য একটি রং কারখানার এক কর্মচারী। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি কাজ শেষে বাসায় ফেরার পথে মুহূর্তে ওই কর্মচারীর ছোড়া অ্যাসিডে পুড়ে যায় সীমার মাথা, মুখমণ্ডলসহ শরীরের ঊর্ধ্বাংশ। দোষ, প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়া।

ময়মনসিংহের শেরপুরের ফরিদা খাতুন (২৩)। দিনমজুর বাবার ঘরের তৃতীয় কন্যাসন্তান। বাবা-মা দেখেশুনে বিয়ে দিলেন এলাকার সুলতান হোসেনের সঙ্গে। হোটেলে কাজ করেন, আয়ও ভালো। কিন্তু বিয়ের পর জানা গেল, সুলতানের সঙ্গে তাঁর আপন বড় ভাবির প্রেম। বড় ভাইও বিষয়টি জানতেন। কিন্তু ফরিদার পরিবার জানত না। ফরিদার বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বড় ভাবিকে বিয়ের সিদ্ধান্ত নেন সুলতান। বাধা হয়ে দাঁড়ায় ফরিদার অসম্মতি। পারিবারিকভাবে ফরিদার ওপর নির্যাতন চলে। কিন্তু টলেননি ফরিদা। এক রাতে ভাবি ফরিদাকে ধরে রাখেন, সুলতান তাঁর গায়ে অ্যাসিড ঢেলে দেন। পিঠ, গলা, বুক পুড়ে যায় ফরিদার।

ফরিদা, সীমা দুজনই এখন রাজধানীর বনানীতে অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনে (এএসএফ) চিকিৎসাধীন। সময়ের সঙ্গে শরীরের ক্ষত শুকালেও মনের ভেতরে প্রতিনিয়ত পুড়ছেন তাঁরা।

অ্যাসিড নিক্ষেপের মধ্য দিয়ে দেশে মানবাধিকারের চরম লঙ্ঘন হচ্ছে। পুরুষ ও নারী যাঁরাই অ্যাসিড-সন্ত্রাসের শিকার হচ্ছেন, তাঁদের শরীরের ক্ষত সারাজীবন থেকে যায়। সেই সাথে কেউ কেউ বধিরত্ব ও অন্ধত্বের শিকার হন। আক্রান্ত ব্যক্তিদের খুব কমই স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।

এএসএফ’র পরিসংখ্যানে দেখা যায়, ২০০২ সালে অ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটে ৪৯৪টি, ২০০৩ সালে ৪১৭টি, ২০০৪ সালে ৩২৬টি, ২০০৫ সালে ২২২টি, ২০০৬ সালে ১৮৩টি, ২০০৭ সালে ১৬২টি, ২০০৮ সালে ১৪২টি, ২০০৯ সালে ১২৯টি, ২০১০ সালে ১২২টি, ২০১১ সালে ৯২টি এবং ২০১২ সালে ৭১টি। আর চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত সারা দেশে ৬৩টি অ্যাসিড সন্ত্রাসের ঘটনা ঘটেছে ।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বলছে, ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ১০ বছরে অ্যাসিড সন্ত্রাসের ঘটনায় সারা দেশে মামলা হয়েছে এক হাজার ৭১৬টি। অভিযোগ প্রমাণিত হয়নি দাবি করে ৬৭২টি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। ৪৭৯টি মামলায় আসামিরা খালাস পেয়েছে। আর সাজাপ্রাপ্ত মামলার সংখ্যা মাত্র ১৬৭ টি। বর্তমানে তদন্ত চলছে ৫৫টি মামলার। বাকি ৩৪৩টি মামলা মুলতবি আছে।্র্র

এছাড়া গত ১০ বছরে অ্যাসিড সন্ত্রাসের মামলায় ১৩ জন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যদিও এখনও কোনো মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ১০২ জনের।

এএসএফ’র নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ প্রথম আলোকে বলেন, অ্যাসিড সন্ত্রাস দমনের জন্য কঠিন আইন থাকলেও তাঁর প্রয়োগ খুব একটা নেই। কারণ আইনের ফাঁক গলে কিংবা প্রভাব খাটিয়ে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, ভিকটিমকে ভয় দেখিয়ে মামলা করা থেকে বিরত রাখা হচ্ছে। অনেক ক্ষেত্রে মামলা হলেও বিচার প্রক্রিয়া হচ্ছে বিলম্বিত। অথচ অ্যাসিড অপরাধ দমন আইন অনুযায়ী ৯০ কার্য দিবসের মধ্যে এ মামলা নিষ্পত্তি করার কথা।


সেলিনা জানান, অ্যাসিড সহিংসতায় সবচেয়ে বেশি আক্রান্ত হয় নারীরা আর অ্যাসিড আক্রমণকারীর সিংহভাগ হলো পুরুষ। অ্যাসিড সন্ত্রাসের ভয়াবহতা, আইনগত শাস্তি, পারিবারিক ও সামাজিক বিপর্যয়ের কথা যদি একজন পুরুষ কিশোর বয়সেই জানতে পারে, তাহলে বড় হয়ে অ্যাসিড সন্ত্রাসী দানবে পরিণত হবার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এএসএফ’র এক পরিসংখ্যান অনুযায়ী, ১৯৯৯ থেকে এ পর্যন্ত ৬৮ দশমিক ৬০ শতাংশ নারী ও ৩১ দশমিক ৪০ শতাংশ পুরুষ অ্যাসিডের শিকার হয়েছেন। অ্যাসিড নিক্ষেপের শিকার কারণ বিশেষণ করে এএসএফ বলেছে, ১৯৯৯ থেকে এ পর্যন্ত ৩৮ শতাংশ জমিজমা বা সম্পদ বা আর্থিক সংক্রান্ত কারণে অ্যাসিড হামলার শিকার হন। প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান, বিয়েতে অমত ও যৌন সম্পর্কে অরাজি হওয়ার কারণে ১৮ শতাংশ অ্যাসিডের শিকার হন। পাঁচ শতাংশ যৌতুকের কারণে, সাত শতাংশ পারিবারিক সহিংসতা, নয় শতাংশ বিবাহ বহির্ভূত সম্পর্কের জের বা বিবাহ সম্পর্কিত কারণে অ্যাসিড সন্ত্রাসের শিকার হন। এছাড়া ১২ শতাংশ অজানা ও ১১ শতাংশ অন্যান্য কারণে অ্যাসিড হামলার শিকার হয়।

সেলিনা আহমেদ বলেন, অ্যাসিড আক্রান্তদের শরীরের পাশাপাশি মনের ক্ষতি হয় অনেক। তাদের প্রয়োজন মানসিক স্বাস্থ্য সেবা। পরিবার পরিজনদের আদর-সম্মান। যাতে অ্যাসিড সন্ত্রাসের শিকার নারী-পুরুষ-শিশু আবারও মাথা তুলে হাঁটতে পারেন।


বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, কাজীর গরু যেমন কেতাবে থাকে, তেমনি অ্যাসিড আইনেরও কোনো প্রয়োগ চোখে পড়ে না। অধিকাংশ ক্ষেত্রেই অপরাধী ধরা পড়ছে না, ধরা পড়লেও আইনের ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। বিচারের সময় সঠিক প্রমাণাদি পাওয়া যায় না। এমনকি অ্যাসিড সন্ত্রাসকে অনেক সময় ‘আগুনে পোড়া’ বলেও চালিয়ে দেওয়া হয় বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, মাত্র ১০ শতাংশ অ্যাসিড সন্ত্রাসের বিচার আইনের আওতায় হয়ে থাকে, বাকি ৯০ শতাংশ নানা টালবাহানার শিকারে পরিণত হয়ে লোকচক্ষুর অন্তরালে রয়ে যায়।