অ্যাসিড সহিংসতা কমেছে

অ্যাসিড সন্ত্রাসের কথা উঠলে এর শিকার হিসেবে প্রথমেই আসে নারীর নাম। বেশির ভাগ ক্ষেত্রে এ ধরনের সহিংসতার শিকার নারী। আশার কথা হচ্ছে, বাংলাদেশে অ্যাসিড সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রায় দেড় দশকের মধ্যে গত বছর তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) ওয়েবসাইটে থাকা পরিসংখ্যান বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। অ্যাসিড সহিংসতার বিরুদ্ধে কাজ করা সংগঠনটি ১৯৯৯ সাল থেকে এ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ করেছে।
এ বিষয়ে জানতে চাইলে এএসএফের চেয়ারপারসন ইফতেখারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘এই সাফল্যে আমরা পুরোপুরি সন্তুষ্ট না। তবে অ্যাসিড সন্ত্রাসের মতো একটি জঘন্য অপরাধ যে নিয়ন্ত্রণ করা সম্ভব, সে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। এই প্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার সহযোগিতা ও উদ্যোগে অ্যাসিড সহিংসতা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে আমরা আশাবাদী।’
এএসএফের ভাষ্য, সংবাদপত্র, স্থানীয় এনজিও, সাংবাদিক, ব্যক্তিবর্গ, অ্যাসিড মামলা মনিটরিং সেল এবং তাদের কাছে আসা ভুক্তভোগীদের কাছ থেকে পাওয়া তথ্যের আলোকে তারা তাদের পরিসংখ্যান দাঁড় করিয়েছে।
এএসএফের তথ্যমতে, ১৯৯৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ৩ হাজার ২৪০টি অ্যাসিড সহিংসতার ঘটনা ঘটেছে। এতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৮২ জন। সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে ২০০২ সালে। ওই বছর ৪৯৪টি অ্যাসিড হামলা হয়। এতে আক্রান্ত হয় ৪৯৬ জন।

বিগত ১৬ বছরের মধ্যে সবচেয়ে কম অ্যাসিড সহিংসতার ঘটনা ঘটেছে ২০১৪ সালে। গত বছর ৫৬টি অ্যাসিড সহিংসতার ঘটনা ঘটে। এতে আক্রান্ত হয় ৭০ জন।
অ্যাসিড সহিংসতার প্রবণতা বিশ্লেষণে দেখা যায়, ১৯৯৯ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত হামলার ঘটনা বেড়েছে। এরপর যতই বছর গড়িয়েছে, হামলার সংখ্যা কমেছে।
এএসএফের চেয়ারপারসন ইফতেখারুজ্জামান মনে করেন, এই সাফল্যের পেছনে কয়েকটি বিষয় সমন্বিতভাবে কাজ করেছে। এর মধ্যে ব্যাপক জনসচেতনতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের মধ্যকার ত্রিমুখী উদ্যোগ, কঠোর শাস্তির বিধানযুক্ত আইন অন্যতম।
‘অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল’ এর সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল বলেন, ‘অ্যাসিড সন্ত্রাসের ঘটনা কমে এসেছে ঠিকই, কিন্তু একেবারে বন্ধ হয়নি। পুরুষদের সচেতনতা, প্রচার, অ্যাসিড সন্ত্রাসবিরোধী দুটি আইন, অ্যাসিড নিক্ষেপের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড প্রভৃতি কারণে হয়তো এই সন্ত্রাস কমে এসেছে।’
প্রথম আলো ট্রাস্টের অধীনে ২০০০ সালের ১৯ এপ্রিল গঠিত হয় ‘অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল’। ‘আর একটি মুখও যেন অ্যাসিডে ঝলসে না যায়’ এই অঙ্গীকার নিয়ে অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার চালিয়ে যাচ্ছে প্রথম আলো।
দেশে অ্যাসিড সহিংসতার সবচেয়ে বড় শিকার নারী ও মেয়েরা। এএসএফের ওয়েবসাইটে থাকা ২০১৩ ও ২০১৪ সালের অ্যাসিড সহিংসতার জেন্ডারভিত্তিক তুলনামূলক পরিসংখ্যানেও এমন চিত্র উঠে এসেছে।
২০১৩ সালে ৬৯টি অ্যাসিড হামলায় ৮৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে নারী ও মেয়ে শিশু ৫৬ জন। পুরুষ ও ছেলে শিশু ২৯ জন। ২০১৪ সালে ৫৬টি হামলায় ৭০ জন আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৭ জন নারী ও মেয়ে শিশু। বাকি ২৩ জন পুরুষ ও ছেলে শিশু।
এই প্রবণতা প্রসঙ্গে ‘অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল’ এর সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল বলেন, অ্যাসিডের সহজলভ্যতায় বর্তমানে শুধু নারীরাই এই সন্ত্রাসের শিকার হচ্ছে না, পুরুষ এমনকি ছোট শিশুও আক্রান্ত হচ্ছে। নারীদের ওপর অ্যাসিড-সন্ত্রাসের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, আক্রান্তরা বেশির ভাগই অপরাধীর পূর্বপরিচিত, স্বামী, প্রেমিক বা আত্মীয়। আর নারীদের ওপর অ্যাসিড নিক্ষেপকারী সবাই পুরুষ।
অ্যাসিড সহিংসতার কারণ সম্পর্কে ফেরদৌস ফয়সাল বলেন, প্রেম-সংক্রান্ত কারণ ছাড়িয়ে এখন শারীরিক সম্পর্ক স্থাপনে বাধা দেওয়া, যৌতুক, জমি নিয়ে বিরোধ অথবা রাজনৈতিক কোন্দলের অস্ত্র হিসেবেও ব্যবহৃত হচ্ছে অ্যাসিড। আবার অ্যাসিড-সন্ত্রাসের ধরনও পাল্টেছে।
এএসএফের তথ্য ধরে গত বছর সংঘটিত অ্যাসিড সহিংসতার কারণ বিশ্লেষণ করলে দেখা যায়, বেশির ভাগ ক্ষেত্রেই জমিজমা, সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধের জেরে হামলা হয়েছে। অন্য কারণগুলোর মধ্যে যৌতুক, পারিবারিক বিরোধ, বিবাহ-সংক্রান্ত বিরোধ, প্রেম-বিয়ে ও যৌন সম্পর্কের প্রস্তাব প্রত্যাখ্যান অন্যতম।
এএসএফের তথ্যমতে, ২০০২ সাল থেকে ২০১৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত অ্যাসিড সহিংসতার ঘটনায় মামলা হয়েছে ১ হাজার ৯৩৯টি। এর মধ্যে মাত্র ১৭৭টি মামলায় সাজা ঘোষণা করা হয়েছে। সাজা পাওয়া ৩০৫ জনের মধ্যে ১৩ জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডাদেশ। ১১৬ জনের যাবজ্জীবন। বাকি ১৭৬ জনের বিভিন্ন ধরনের সাজা হয়েছে।
এএসএফের চেয়ারপারসন ইফতেখারুজ্জামান বলেন, অ্যাসিড সহিংসতার অনেক মামলা ঝুলে আছে। এ জন্য আইনি কাঠামোর দীর্ঘসূত্রতা দূর করা দরকার।