আ ব্রিফ স্টোরি অব আ ফার্মার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস সিক্সে ওঠার পর আমাদের কৃষি শিক্ষা পড়া শুরু। ভোলানাথ স্যার আমাদের কৃষি শিক্ষা পড়াতেন। আমি মুগ্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে পড়ার প্রতি পূর্ণ মনোযোগ দিতাম। শাকসবজি চাষ, কলা চাষ, মাছ চাষ, গবাদিপশু পালন—কী সুন্দর লাগত তখন! অর্থনৈতিক গুরুত্বও ছিল অনেক। হিসাব করে দেখতাম, নাইলোটিকা চাষে কত লাভ হয়, স্যারের ক্লাসে বসেই মনে মনে প্রতিজ্ঞা করতাম, কৃষক হব।এখন তো প্রতিটি কাজেই কিছু না কিছু এক্সপেরিয়েন্স লাগে। এক্সপেরিয়েন্সের জন্য ছাত্রজীবনই উত্তম। শুরু করে দিলাম কৃষিকাজ। আমাদের ঘরের পাশে সামান্য খালি জায়গা ছিল। সেখানকার দূর্বাঘাসের জঙ্গল পরিষ্কার করে আমি কোদাল নিয়ে নেমে পড়তাম। বিষ্যুদবারে হাট থেকে এক টাকার লালশাকের বীজ এনে শুক্রবার জুম্মার নামাজ পড়ে এসে আমার খেতে ছিটিয়ে দিলাম। তারপর প্রতিদিন পানি ছিটাতে লাগলাম। লালশাক চাষের কারণ হলো, লালশাকের ঝোলভাত লাল করে, যা আমার ভারি ভালো লাগত। কয়েক দিন পর সেখানে চারা গজাতে শুরু করল। আমার উৎসাহ সীমাহীন রকমে বাড়তে লাগল। দু-তিন দিনের মাথায় চারাগুলো দুটি করে পাতা নিয়ে এক ইঞ্চি পরিমাণ ঠেলা দিল। সে সময় একদিন স্কুল থেকে এসে দেখি সাবাড়! মানে আমাদের মুরগি কচি শাক খেতে পছন্দ করে কিনা। যাই-হোক, আমি দমে যাওয়ার পাত্র নই। এবার চারপাশে কাঁটার বেড়া দিয়ে দিলাম। তারপর সেবাযত্ন দ্বিতীয় মেয়াদে শুরু। মাসখানেক পর সবার জিহ্বায় যখন লালশাক পানসে হয়ে উঠল, তখন আমার শাক একটু ডাঙর হলো। উপযুক্ত বলে ঘরেও তুলে আনা হলো। পুরো খেতের শাক সব মিলিয়ে যা তুললাম, তা কিন্তু আধা কেজির কম হবে না। এই শাক কি একা খাওয়া যায়! বিকেলে শাক রান্না হবে দুপুর বেলা আমি চলে গেলাম নানাবাড়ি। নানাজান বাইরে থেকে এলেন আর আমি তাঁর ডান হাতের কনিষ্ঠ আঙুলে আমার হাত ভর্তি করে সোজা আমাদের বাড়িতে নিয়ে এলাম। এর আগে নানাজান আমাদের বাড়ি যাওয়ার কারণ শুনতে চাইলেন। আমি আমার নিজ হাতে চাষ করা শাক রান্নার দাওয়াত দিই। তিনি খুব খুশি হয়ে আমাকে নিয়ে রওনা হলেন। আমার অল্প শাক দেখে নানাজান অন্য সবার মতো বেজার হননি, আমাকে তিরস্কারও করেননি। তিনি আমাকে সওয়াব বোঝালেন। যে শাক আমরা মানবজাতি খেয়েছি, তার জন্য তো সওয়াব আছে, উপরন্তু মুরগি আর পোকামাকড় যা খেয়েছে, তার জন্যও বিশাল সওয়াবের ব্যবস্থা খোদা করে রেখেছেন। আমি খুশি, মহাখুশি।এরপর ধরলাম গলদা চিংড়ি চাষ। বর্ষা মৌসুমে পিস আট আনা করে শ দুয়েক চিংড়ি পুকুরে ছেড়ে দিলাম। ভোলানাথ স্যারের হিসাবে তিন মাস পর প্রতি পিস ৫০ টাকা করে শখানেক চিংড়ি বিক্রি করতে পারলে নিট লাভ দাঁড়াবে চার হাজার ৯০০ টাকা। নানাজানের উৎসাহ এখানেও আছে অঢেল সওয়াব, প্রাণিকুলের লালন-পালনের জন্য। সমস্যা বেশি কিছু ছিল না। মাসখানেক পর একদিন বিকেলে স্কুল থেকে এসে দেখি, আমাদের পুকুরে হাঁসগুলো ডুব দিচ্ছে আর উঠছে। ভারি চমৎকার দৃশ্য! আরও চমৎকার হয়েছে, যখন দেখি হাঁসগুলো ডুব দিয়ে ওঠার সময় একটা করে চিংড়ি মুখে নিয়ে উঠছে আর পেটে চালান করছে।তারপর হিসাব-নিকাশ করে দেখলাম, সবচেয়ে কম পরিশ্রম এবং লাভ বেশি হবে খেসারির ডাল চাষে। ধান কাটার কিছুদিন আগে জমিতে কাদা থাকা অবস্থায় যদি কেজি দশেক ডাল ছিটিয়ে দেওয়া যায়, আর ধান কাটার কিছুদিন পর ডালগাছের উঠতি বয়সে সামান্য সার দেওয়া যায়, তবে কম হলেও পাক্কা পাঁচ মণ ডাল ঘরে ওঠানো সম্ভব। যেই ভাবা সেই কর্ম সমাধা। নানাজান শুনে খুশি, এবার তাঁর নাতি ঠিকই ফসল ঘরে তুলবে। ধান কাটার কয়েক দিন পর তিনি দেখতে গেলেন। হায়, মুশকিল আমার ডাল গজায়নি। সেই বার ধানখেতে প্রচুর শেওলা জন্মেছিল। ডালগুলো শেওলার ওপর পড়াতে এগুলো পায়ের তলায় মাটি খুঁজে পেল না। তবে যারা একবার মাটি স্পর্শ করেছিল, তারা বীরবিক্রমে মাথা উঁচু করে ঊর্ধ্বাকাশে রওনা হয়ে গেল। খেত থেকে দুই কেজি ডাল ঘরে তোলা গেল। আমি দমে যাওয়ার পাত্র নই, নানাজানের পরামর্শে, উৎসাহে পরের বার আবার ডাল চাষ করলাম। চমৎকার ডাল হয়েছে। আমার কী যে খুশি লাগছিল! একদিন রাতে হঠাৎ শোনা গেল, দরবারি নানাদের দুটো মোষ হারিয়ে গেছে। এই দুঃখ নিয়ে আমি রাতে ঘুমাতে গেলাম। সকালে ঘুম থেকে উঠেই খুশির সংবাদ যেটা পাই, তা আমাকে যা আহত করেছে, তার চেয়েও বেশি মর্মাহত করেছে। সংবাদটা হলো ভোররাতে দরবারি নানার মহিষগুলো আমার ডালখেতে ভরাপেটে পাওয়া গেছে!সব চাষে তো দণ্ড দিলাম। তাই চিন্তা করলাম, এবার এমন কিছু একটা চাষ করব, যা দিয়ে অতীতের সব লোকসান লাভসহ ফিরে আসবে। বাজারে গেলাম, দেখলাম একজন তরমুজওয়ালা সাইনবোর্ড টানিয়েছে। একটি বাক্যই লেখা ‘পরানের তরমুজ লাল’। আমার মাথায় তরমুজ চাষের চিন্তা চলে এল। আমাদের গ্রামের অনেক কৃষকের তরমুজ চাষের পর দাদন দেওয়ার পরও কপাল খুলেছে। পাকাঘরের সংখ্যা বেড়ে গেছে। তবে খরচ ও পরিশ্রম অনেক বেশি। আমি ২০০ গ্রাম বীজ নগদ এক হাজার ২০০ টাকা দিয়ে কিনলাম, সার ও কীটনাশক বাবদ দুলাভাইয়ের দোকানে আট হাজার ৬৩ টাকা বাকি, আকবরদের ট্রাক্টরে ৫০০ নগদ, দুই হাজার টাকা বাকি, মজুরি নগদ ছয় হাজার ৩০০ টাকা ইত্যাদি। নগদ ও বাকি মিলে খরচ পড়ল ২১ হাজার ৩৫৮ টাকা। তরমুজ ভাইটাল ফসল সামান্য এদিক-সেদিক হওয়া যাবে না। তাই আমার বন্ধু ইউসুফ সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে কথা কইয়ে দিল। আমার খালাতো ভাই অভিজ্ঞ কৃষক, তিনি নিজে দেখাশোনা করতে লাগলেন। তরমুজ চাষকে কেন্দ্র করে আমি একটা কৃষি বিপ্লব ঘটিয়ে দিচ্ছিলাম। আশপাশের জমির মালিকদের বলে তাদের জমি আবাদের ব্যবস্থা করালাম, যাতে পশু দ্বারা চারপাশের মানুষের খেত নষ্ট হলেও আমার মাঝখানের তরমুজখেতটা রক্ষা পাবে। তরমুজ খেতের ত্রিসীমানায় কাউকে আসতে দেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। কিন্তু ফকির মিস্ত্রি কাকাদের বাড়ি থেকে কিছু ছাগল ষড়যন্ত্র্র করে আমার শখানেক চারা খেয়ে ফেলল। কী আর করা, তাদের ষড়যন্ত্র নস্যাৎ করতে আমাকে খেতের চারপাশে মজবুত বেড়া দিতে হলো। এর কিছুদিন পর শুরু হলো অকাল বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টিতে চারদিকের উঁচু জমির পানি আমার নিচু খেত ডুবিয়ে দিল। আমিও বসে থাকিনি, চারদিকে বাঁধ দিয়ে পানি সেচতে শুরু করলাম। রাতে আবার বৃষ্টি, সকালে আমি পানি সরানোতে ব্যস্ত। এভাবে কয়েক দিন করার পর প্রকৃতি আমার চারের তিন ভাগ ফসল নষ্ট করে ক্ষান্ত দিল। আমি দমবার পাত্র নই, আগেই বললাম। অনেক পরিশ্রম করে তরমুজ ফলিয়েছি। বাড়ির সবাই খেয়েছি প্রচুর। আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশী সবাইকে অল্পস্বল্প বিলিয়ে বাকি তরমুজ বিক্রি করে দিলাম। বিক্রয়ের সব টাকা একত্র করে গুনে দেখলাম, ১৫৩ টাকা মাত্র!সর্বশেষ ধান চাষ করেছিলাম। চালের কেজি চল্লিশে পৌঁছার কারণে আমার আগ্রহ বেড়ে গিয়েছিল। ধান চাষ প্রসঙ্গ এলেই আমার শ্রদ্ধেয় শিক্ষক মরহুম মোস্তফা স্যারের হূদয়বিদারক গানটির কথা মনে পড়ে। তিন গাইতেন, ‘সত্তর সনের বইন্যার কতা কইতাম গেলে চোকের পানি বাধা মানে না...।’ বন্যায় আমার ধান নিয়ে গেছে, যা ছিল তার দামও কমে গিয়েছিল। সত্তরের বন্যাও নাকি আমাদের চরাঞ্চলকে বিনাশ করেছিল।মন কিছুটা ভাঙলেও আমি একেবারে মুষড়ে পড়িনি। ভাবছি, পড়ালেখাটা শেষ করে নিই। তারপর সত্যিকারের কৃষক হয়ে নবজন্ম লাভ করব।